৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে সড়কের পাশে পড়েছিল যুবকের লাশ, বুকে ধারাল অস্ত্রের আঘাত

আগের দিন রাতে বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি বলে জানান স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Sep 2026, 06:30 PM

Updated : 30 Sep 2026, 07:05 PM

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সড়কের পাশে এক যুবকের মৃতদেহ পড়ে ছিল; যার বুকে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এশিয়ান হাইওয়ের (ঢাকা বাইপাস) পাশে চেঙ্গাইন এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক।

নিহত হাবিবুল্লাহ শেখ ওরফে নাসিম (২৩) নারায়ণগঞ্জ সদরের দেওভোগ এলাকার মোশারফ হোসেনের ছেলে। তিনি মঙ্গলবার রাতে বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি বলে জানান স্বজনরা।

সোনারগাঁয়ের তালতলা তদন্ত কেন্দ্রের এসআই সেলিম হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। নিহতের বুকের ডান পাশে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ জানায়, মৃতদেহের পকেটে পাওয়া পরিচয়পত্রের মাধ্যমে হাবিবুল্লাহর পরিচয় শনাক্ত করা হয়। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তার ছোট বোন মিলি আক্তার লাশ শনাক্ত করেন।

হাবিবুল্লাহর ভাগনে সিফাত বলেন, হাবিবুল্লাহ দেওভোগ এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। প্রায় দেড় বছর আগে পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গে ইলেকট্রিশিয়ানের কাজ শুরু করেন। মঙ্গলবার রাতে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি।

ওসি আব্দুল বারিক বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।