২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইক্লাউড ব্যাকআপে এনক্রিপশন আনল অ্যাপল

‘অ্যাডভান্সড ডেটা প্রোটেকশন’ ফিচার চালু করার পর ব্যবহারকারী যদি পাসওয়ার্ড ভুলে যান, তবে ডেটা পুনরুদ্ধার করে দেওয়ার সক্ষমতা অ্যাপলেরও নেই।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2022, 08:15 PM

Updated : 10 Dec 2022, 12:32 PM

ছবি ও নোটসহ ডিভাইসের সম্পূর্ক ব্যাকআপ আইক্লাউড সার্ভারে এনক্রিপ্ট করে সংরক্ষণের সেবা চালু করার ঘোষণা দিয়েছে অ্যাপল; এনক্রিপ্ট করে রাখা ডেটায় খোদ আইফোন নির্মাতারও প্রবেশাধিকার থাকবে না। 

অ্যাপল ‘অ্যাডভান্সড ডেটা প্রটেকশন’ ফিচারের ঘোষণা দিয়েছে বুধবার। ডেটা এনক্রিপ্ট থাকায় ব্যবহারকারীর গোপন ডেটায় কেবল অ্যাপল প্রবেশাধিকার হারাবে না; আইন-শৃঙ্খলা বাহিনী চাইলেও তাদের ওই ডেটা সরবরাহ করতে পারবে না কোম্পানিটি। 

সেবাটি সবার জন্য স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে– এমন নয়। অ্যাপলের সেবাগ্রাহকরা নিজেদের প্রয়োজন মতো সেবাটি চালু করে নিতে পারবেন। চলতি বছর শেষ হওয়ার আগেই প্রথমে যুক্তরাষ্ট্রের বাজারে চালু হবে ফিচারটি। 

অ্যাপলের এই পদক্ষেপে সাইবার নিরাপত্তা নিয়ে মুখর অধিকারকর্মী ও সাধারণ ব্যবহারকারীরা বেশি খুশি হবেন বলে মন্তব্য করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি। আইক্লাউড ব্যাকআপে ডেটা এনক্রিপ্ট না করে রাখার বিষয়টিকে অ্যাপলের গোপনতা নীতিমালার দুর্বলতা হিসেবে সমালোচনা করতেন অনেকেই। 

ডেটা এনক্রিপ্ট না করে সংরক্ষণ করায়, অ্যাপলের নিজস্ব সার্ভারে হ্যাকিংয়ের মাধ্যমে সাধারণ ব্যবহারকারীর স্পর্শকাতর ডেটা বেহাত হওয়ার শঙ্কাও ছিল।

তবে, অ্যাপলের সাম্প্রতিক পদক্ষেপ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পছন্দ না হওয়ার সম্ভাবনাই বেশি। আইমেসেজ সেবা এবং ডিভাইসে এনক্রিপ্ট করার সুযোগ থাকলেও– ডিভাইসের ব্যাকঅ্যাপ এনক্রিপ্ট করার ফিচার না থাকায় এর সুযোগ নিয়ে তদন্তের তথ্য-উপাত্ত সংগ্রহ করতে পারত মার্কিন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। 

বুধবারেই অ্যাপলের নতুন ফিচারের সমালোচনা করে বিবৃতি দিয়েছে এফবিআই। ওয়াল স্ট্রিট জার্নালের কাছে সংস্থাটি দাবি করেছে,  এতে ‘যুক্তরাষ্ট্রের নাগরিকদের অপরাধী কর্মকাণ্ড থেকে রক্ষ করার সক্ষমতা বাধাগ্রস্ত হবে’। 

এফবিআই স্যান বার্নাডিনোর এক উগ্রপন্থীর এনক্রিপ্ট করা আইফোন আনলক করানোর জন্য আদালতের মাধ্যমে অ্যাপলের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করে আলোচনার জন্ম দিয়েছিল। সে সময় অ্যাপল বলেছিল, নিজস্ব সার্ভারে থাকা আইক্লাউড ব্যাকআপের মাধ্যমে একই ডেটা হাতে পাওয়া সম্ভব। 

সাধারণত ব্যক্তিগত ডিভাইস ও যোগাযোগে ডেটা এনক্রিপশন প্রযুক্তি ব্যবহারের বিরোধীতা করেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এ প্রযুক্তির মাধ্যমে তদন্তের জন্য গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত লুকিয়ে ফেলার সুযোগ তৈরি হয় অপরাধীদের জন্য।

আইক্লাউড ব্যাকআপের ক্ষেত্রে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ প্রযুক্তি প্রয়োগের বিড়ম্বনার দিকটি ২০১৮ সালেই ব্যাখ্যা করে বলেছিলেন অ্যাপল প্রধান টিম কুক। 

ব্যবহারকারীদের অনেকেই প্রত্যাশা করেন, এনক্রিপ্টেড ডেটা খোয়া গেলে তা পুনরুদ্ধারে তাদের সহযোগিতা করতে পারবে অ্যাপল। কিন্তু বাস্তবতা হচ্ছে, ‘অ্যাডভান্সড ডেটা প্রোটেকশন’ ফিচার চালু করার পর ব্যবহারকারী যদি পাসওয়ার্ড ভুলে যান, তবে তার এনক্রিপ্টেড ডেটা পুনরুদ্ধার করে দেওয়ার সক্ষমতা অ্যাপলেরও নেই।

গত বছর ডেটা এনক্রিপশন ফিচার চালু রেখে শিশু নিপীড়নের ছবি চিহ্নিত করার ফিচার চালু করার চেষ্টা করেছিল অ্যাপল। সিএনবিসি লিখেছে, ওই ফিচারটি দিয়ে কার্যত আইন-শৃঙ্খলা বাহিনীকে সন্তুষ্ট করার চেষ্টা করছিল আইফোন নির্মাতা। 

কিন্তু অ্যাপলের ফিচারটির বিরোধীতা করেছিলেন সাইবার গোপনতা অধিকারকর্মীরা। তাদের অভিযোগ ছিল, ফিচারটি অ্যাপলকে ব্যবহারকারীর হার্ডড্রাইভ স্ক্যান করার সুযোগ করে দেবে। 

অ্যাপল ওই ফিচারটির নির্মাণ ও উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।