অ্যাপ স্টোর ফি: শত কোটি ডলারের মামলায় অ্যাপল
“এই আর্থিক ফি সত্যিই অন্যায্য। এতে অনেক বেশি আর্থিক ফি কেটে নেওয়া হচ্ছে। এটি অ্যাপ নির্মাতাদের পাশাপাশি ক্রেতাদেরও ক্ষতির মুখে ফেলছে।”
অ্যাপ স্টোরের আর্থিক ফি নিয়ে যুক্তরাজ্যে একশ কোটি ডলারের মামলার মুখে পড়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আর এই ক্লাস অ্যাকশন মামলা দায়ের করেছেন দেশটির দেড় হাজারের বেশি অ্যাপ নির্মাতা।
অ্যাপলের বিভিন্ন সেবাভিত্তিক ব্যবসার একটি হল অ্যাপ স্টোর। সাম্প্রতিক বছরগুলোয় এই খাত থেকে কোম্পানিটি প্রতি প্রান্তিকে প্রায় দুই হাজার কোটি ডলার পর্যন্ত আয় করেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
তবে, অ্যাপে অর্থ পরিশোধ ব্যবস্থা ব্যবহারকে কারণ দেখিয়ে কয়েকজন অ্যাপ নির্মাতার কাছ থেকে ১৫-৩০ শতাংশ পর্যন্ত কমিশন কেটে রাখছে অ্যাপল। এর আগে কোম্পানির এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন অ্যাপ নির্মাতারা। আর বিভিন্ন দেশের অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রকদেরও লক্ষ্যবস্তুতে পরিণত হয় কোম্পানিটি।
এর আগে অ্যাপল বলেছে, অ্যাপ স্টোরের ৮৫ শতাংশ ডেভেলপার এই কমিশন পরিশোধের আওতাধীন নয়। আর এই ব্যবস্থা বিশ্বের ১৭৫টি দেশের বাজার ও গ্রাহক ধরতে সহায়তা দিয়ে থাকে ইউরোপীয় ডেভেলপারদের।
এক হাজার পাঁচশ ৬৬ জন অ্যাপ নির্মাতার পক্ষে যুক্তরাজ্যের ‘কম্পিটিশন আপিল ট্রাইবুনাল’-এ মামলাটি দায়ের করেছেন ‘ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়া’র ‘সেন্টার ফর কম্পিটিশন পলিসি’ বিভাগের অধ্যাপক ও আন্তর্জাতিক সংস্থা ‘অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)’র সাবেক অর্থনীতিবিদ শন এনিস।
মামলায় তার পরামর্শক হিসেবে কাজ করেছে আইন বিষয়ক কোম্পানি ‘জেরাডিন পার্টনার্স’।
“অ্যাপ নির্মাতাদের জন্য অ্যাপলের নির্ধারিত আর্থিক ফি মাত্রাতিরিক্ত। আর এটি সম্ভব হয়েছে কেবল আইফোন ও আইপ্যাডে বিভিন্ন অ্যাপ সরবরাহের বেলায় কোম্পানির একচেটিয়া আধিপত্যের কারণে।” --এক বিবৃতিতে বলেন এনিস।
“এই আর্থিক ফি সত্যিই অন্যায্য। এতে অনেক বেশি আর্থিক ফি কেটে নেওয়া হচ্ছে। এটি অ্যাপ নির্মাতাদের পাশাপাশি ক্রেতাদেরও ক্ষতির মুখে ফেলছে।”
