২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বছরের প্রথম সপ্তাহেই ‘বড় বাজারে’ আইফোন বিক্রিতে ধস

২০২৩ সাল জুড়েই অ্যাপলের তৃতীয় বৃহত্তম বাজার চীনে আইফোন বিক্রি কমেছে তিন শতাংশ করে। আর সেটিই ত্বরান্বিত হয়ে ৩০ শতাংশ ধসের রূপ নিয়েছে।

বছরের প্রথম সপ্তাহেই ‘বড় বাজারে’ আইফোন বিক্রিতে ধস

ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2024, 08:54 PM

Updated : 08 Jan 2024, 08:55 PM

২০২৪ সালের প্রথম সপ্তাহে চীনে আইফোনের বিক্রি কমেছে ৩০ শতাংশ।

বিনিয়োগ কোম্পানি জেফ্রিস-এর বিশ্লেষকরা বলছেন, হুয়াওয়ের মতো স্থানীয় কোম্পানির দিক থেকে চাপ বেড়ে যাওয়ার কারণেই এমনটি ঘটেছে আইফোনের কপালে।

সাম্প্রতিক সময়ে চীনে অ্যাপলের বিক্রি কমে আসার ধারাবাহিকতাই এই ধসের প্রাথমিক কারণ বলে রোববার উঠে এসেছে কোম্পানিটির প্রকাশিত বিশ্লেষণে। সে তুলনায় এ অর্থবছরে হুয়াওয়ে ও অন্যান্য অ্যান্ড্রয়েড ব্র্যান্ডের পণ্য বিক্রির গতি মোটামুটি স্থিতিশীল ছিল।

গবেষণার তথ্য অনুসারে, চীনের বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে একাধিক আইফোন মডেলে বড় মূল্যছাড় দেওয়ার পরও বিক্রি কমেছে অ্যাপলের। উদাহরণ হিসেবে ধরা যায়, বছরের প্রথম সপ্তাহে চীনা ই-কমার্স সাইট পিনডুয়োডুয়ো’তে আইফোন ১৫ ও এর প্রো ম্যাক্স মডেলের দাম কমানো হয়েছে ১৬ শতাংশ।

জেফ্রিস বলছে, ২০২৩ সাল জুড়েই অ্যাপলের তৃতীয় বৃহত্তম বাজার চীনে আইফোন বিক্রি কমেছে তিন শতাংশ করে। আর সেটিই ত্বরান্বিত হয়ে ৩০ শতাংশ ধসের রূপ নিয়েছে। ২০২৩ সালে চীনা বাজারে আইফোন বিক্রি তিন শতাংশ কমে এলেও অ্যাপলের সামগ্রিক বাজারের হিসাবে এ সংখ্যা কেবল শূন্য দশমিক চার শতাংশ।

জেফ্রিসের বিশ্লেষকরা বলছেন, অ্যাপলের বিক্রিতে এমন ধস নামার পেছনে মূল ভূমিকা ছিল চীনা কোম্পানিগুলোর প্রতিযোগিতামূলক চাপ, বিশেষ করে হুয়াওয়ে’র তরফ থেকে, যারা ‘মেট ৬০’ সিরিজের স্মার্টফোন বাজারে এনেছে গত বছরের অগাস্টে।

এ প্রসঙ্গে রয়টার্স অ্যাপল ও হুয়াওয়ের মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।

মেট ৬০ সিরিজের স্মার্টফোনগুলোকে দেখা হয় ‘হাই-এন্ড’ স্মার্টফোনের বাজারে হুয়াওয়ের প্রত্যাবর্তন হিসেবে। এর কয়েক বছর আগে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়ে কোম্পানির অগ্রগতিতে বড় ব্যাঘাত সৃষ্টি হয়েছিল।

গবেষণার তথ্য অনুসারে, ২০২৩ সালের শেষ প্রান্তিকে চীনা স্মার্টফোন বাজারে হুয়াওয়ে’র বিক্রি বেড়েছে প্রায় ছয় শতাংশ।

জেফ্রিসের বিশ্লেষকদের মতে, গোটা ২০২৪ সালজুড়েই চীনের বিভিন্ন স্থানীয় কোম্পানির কাছ থেকে প্রতিযোগিতার মুখে পড়তে পারে অ্যাপল। তাদের অনুমান বলছে, ২০২৪ সালে অ্যাপলের বিক্রি কমে আসার মাত্রা দুই অঙ্কের ঘরে থাকার সম্ভাবনাই বেশি। আর বাজারে আধিপত্য বাড়তে পারে হুয়াওয়ের।

২০২৪ সালে গোটা বিশ্বে হুয়াওয়ের স্মার্টফোন সরবরাহ বেড়ে গিয়ে ঠেকতে পারে ছয় কোটি ৪০ লাখে, যা গত বছর বিশ্লেষকদের অনুমান করা সাড়ে তিন কোটির চেয়ে অনেক বেশি।

বিশ্লেষকদের অনুমান বলছে, প্রায় বছর খানেকের খরা কাটিয়ে এ বছর ঘুরে দাঁড়াতে পারে চীনের স্মার্টফোন বাজার। গবেষণা কোম্পানি আইডিসি বলছে, এ বছরের চতুর্থ প্রান্তিকে স্মার্টফোন শিপমেন্টে প্রথমবার অগ্রগতি দেখা যেতে পারে, যা টানা ১০ প্রান্তিক ধরে কেবল কমছেই।