লগইন ছাড়া ‘টুইট দেখাচ্ছে না’ টুইটার
তবে, এই পদক্ষেপে কাউকে সাইন আপ করার অনুরোধ জানাবে না টুইটার। এখন থেকে টুইটের লিংকের বদলে কেবল স্ক্রিনশট শেয়ার করা যাবে। ফলে, সেবাটির বাইরে থাকা ব্যবহারকারীর এতে যোগ দেওয়ার সম্ভাবনাও কমে এলো।
বিভিন্ন অদ্ভুত কারণে প্রায় প্রতিদিনই জনপ্রিয়তা ধরে রাখতে চ্যালেঞ্জের মুখে পড়ছে সামাজিক মাধ্যম টুইটার। সেই তালিকায় নিজেদের সর্বশেষ পদক্ষেপ হিসেবে বিভিন্ন টুইট দেখতে এবার ব্যবহারকারীকে সাইন ইন করার শর্ত জুড়ে দিয়েছে সেবাটি।
এখন পর্যন্ত প্ল্যাটফর্মটিতে লগড ইন অবস্থায় না থাকা ব্যক্তিরাও বিভিন্ন টুইট দেখার সুযোগ পেতেন। তাই, এখন থেকে মাস্কের বিভিন্ন ‘মিম’ দেখার জন্য তাদের হয় সাইন আপ অথবা নিজেদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। বিষয়টি সর্বপ্রথম চিহ্নিত করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। আর একাধিক ব্রাউজার ও ডিভাইসে পরীক্ষা করে এই তথ্য নিশ্চিত করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
এটা প্রযুক্তিগত ত্রুটি বা পরিকল্পিত সিদ্ধান্ত কি না, তা নিশ্চিত করেনি টুইটার। আর মাস্কের অধিগ্রহণের পর কোম্পানির যোগাযোগ দলটিও নিশ্চিহ্ন হয়ে গেছে। এ ছাড়া, লগড আউট অবস্থায় থাকা ব্যবহারকারীরা এপ্রিল থেকেই টুইটারের সার্চ ফাংশন ব্যবহার করতে পারছেন না।
টুইটারের এপিআই পরিবর্তন ও এই ধরনের পদক্ষেপ গুগলের মতো বিভিন্ন সার্চ ইঞ্জিনে কী ধরনের প্রভাব ফেলতে পারে, সেটি এখনও পরিষ্কার নয়। পাশাপাশি, টুইটারের মতো বিভিন্ন সর্বজনীন প্ল্যাটফর্ম থেকে ডেটা সংগ্রহ করা সেবাগুলোর জন্যেও বাধা সৃষ্টি করবে এটি।
তবে, এই পদক্ষেপে কাউকে সাইন আপ করার অনুরোধ জানাবে না টুইটার। এখন থেকে টুইটের লিংকের বদলে কেবল স্ক্রিনশট শেয়ার করা যাবে। ফলে, সেবাটির বাইরে থাকা ব্যবহারকারীর এতে যোগ দেওয়ার সম্ভাবনাও কমে এলো।
গবেষকরা অনুসন্ধান করে দেখেছেন, মাস্কের টুইটার কেনার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ প্রাপ্তবয়স্ক ব্যক্তি সেবাটিতে কম সময় কাটাচ্ছেন।
অনেকের ধারণা, টুইটার এমন করছে প্ল্যাটফর্মের বিভিন্ন টুইট ও বিজ্ঞাপনকে তুলনামূলক বেশি নজরে আনতে। এর সম্ভাব্য কারণ কোম্পানির বিজ্ঞাপনী আয় কমে আসা। এর মধ্যে সম্ভাবনাময় নতুন ব্যবহারকারী ও কনটেন্টে এমন বাধা তৈরি করা সবচেয়ে ‘বুদ্ধিদীপ্ত উপায় নয়’ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।
