অ্যাপল ওয়াচ প্রোতে আগের স্ট্র্যাপ ব্যবহারের দিন ফুরালো?
সাত বছরে অ্যাপল স্মার্টওয়াচের আকার সর্বমোট বেড়েছে মাত্র তিন মিলিমিটার। ফলে ঘড়ির আকার না বদলালে নতুন স্ট্র্যাপ কেনার প্রয়োজন বোধ করতেন না ব্যবহারকারী।
বিগত বছরগুলোতে ‘অ্যাপল ওয়াচ’-এর আকার বাড়লেও এতে পুরনো স্ট্র্যাপ ব্যবহার করতে পারতেন ব্যবহারকারী। তবে, শীঘ্রই চলে যেতে পারে এই সুবিধা।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাকরিউমার্সের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের আসন্ন স্মার্টওয়াচ হয়ত বর্তমান মডেলের বিদ্যমান স্ট্র্যাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না।
এখন পর্যন্ত খুব কমই বদলেছে অ্যাপল ওয়াচের নকশা। প্রতিটি অ্যাপল ওয়াচ মডেলই দুটি ভিন্ন আকারে বাজারে আসে, যার একটি হচ্ছে ঘড়ির তুলনামূলক আকারে ছোট সংস্করণ এবং অন্যটি এর চেয়ে চার মিলিমিটার বড় আকারের।
উদাহরণ হিসেবে, ‘সিরিজ ৩’ সংস্করণের ঘড়ি বিক্রি হয়েছে ৩৮ মিলিমিটার ও ৪২ মিলিমিটার আকারে। তবে, ‘সিরিজ ৪’ সংস্করণে এটি বদলে ঘড়ির আকার যথাক্রমে ৪০ মিলিমিটার এবং ৪৪ মিলিমিটারে নিয়ে যায় অ্যাপল।
‘সিরিজ ৭’-এ আরেকবার আকার বদলায় অ্যাপল। এই সংস্করণের ঘড়ির আকার যথাক্রমে ৪১ মিলিমিটার ও ৪৫ মিলিমিটার। এর মানে, গত সাত বছরে অ্যাপল স্মার্টওয়াচের আকার সর্বমোট বেড়েছে মাত্র তিন মিলিমিটার।
এই কারণে ঘড়িটির তুলনামূলক ছোট বা বড় আকারের সংস্করণে না গেলে নতুন স্ট্র্যাপ কেনার প্রয়োজন বোধ করতেন না ব্যবহারকারী।
ব্লুমবার্গের বিশ্লেষক মার্ক গারম্যান বলেছেন, গতানুগতিক অ্যাপল ওয়াচের তুলনায় আকারে ভালোই বড় হবে ‘প্রো’ ও কেবল নির্দিষ্ট একটি গ্রাহক শ্রেণিকে আকৃষ্ট করবে এটি।
খবর রটেছে যে ‘প্রো’ স্মার্টওয়াচের ৪৭ মিলিমিটারের কেইসে থাকবে দুই ইঞ্চি মোটা ডিসপ্লে। এই খবর সত্য হলে পুরনো স্ট্র্যাপ ব্যবহার না করতে পারার জন্য দায়ী করা যেতে পারে নতুন এই ডিসপ্লেকে।
৩৮ মিলিমিটার, ৪০ মিলিমিটার এবং ৪১ মিলিমিটার আকারের ঘড়ির জন্য অ্যাপলের নতুন স্ট্র্যাপ তৈরির সম্ভাবনা কম কারণ বর্তমানে ৪৭ মিলিমিটার আকারের ঘড়ি নিয়ে কাজ করছে অ্যাপল, যা আগের সংস্করণগুলোর চেয়ে আকারে বেড়েছে ছয় থেকে নয় মিলিমিটার।
ঘড়িতে পুরনো স্ট্র্যাপ ব্যবহার করতে পারার কারণ হতে পারে এর নকশা। ‘প্রো’ ঘড়িতে নতুন চেহারা আনতে পারে অ্যাপল। একে বর্তমান আয়তাকৃতির ডিসপ্লে’র ‘বিবর্তন’ হিসেবে আখ্যা দিয়েছেন গারম্যান।
এই বিবর্তনের মানে কেইসের সঙ্গে স্ট্র্যাপগুলো কীভাবে আরও নিরাপদ উপায়ে জোড়া লাগানো যায় বা টেকশই করা যায়, তা হয়ত নতুন করে নকশা করেছে অ্যাপল।
‘প্রো’ স্মার্টওয়াচে আপগ্রেড করা সকল গ্রাহকেরই নতুন স্ট্র্যাপ লাগবে কি না, সেটিও এখনও পরিষ্কার নয়। সম্ভাবনা রয়েছে, যেসব গ্রাহক ছোট সংস্করণ থেকে ‘প্রো’ মডেলে যেতে চান, কেবল তাদেরই হয়ত প্রয়োজন পড়বে নতুন স্ট্র্যাপের।
উদাহরণ হিসেবে, কোনো ব্যবহারকারীর কাছে যদি ৪২ থেকে ৪৫ মিলিমিটার আকারের অ্যাপল ওয়াচ থাকে তাহলে কেইসের আকার বাড়বে কেবল দুই থেকে পাঁচ মিলিমিটার, যা আগের আকার বৃদ্ধির চেয়ে তেমন বেশি নয়।
গারম্যানের ভাষ্যমতে, ঘড়িটি হয়ত অতটা ভালো দেখাবে না এবং গ্রাহকের হাতেও ঠিকমতো বসবে না এটি।
ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল যদি ‘প্রো’ মডেলের আগে আসা ঘড়িগুলোর উৎপাদন বন্ধ করে দেয়, সেটিও অস্বাভাবিক কিছু হবে না।
অ্যাপলের আসন্ন স্মার্টওয়াচ সম্পর্কিত বিভিন্ন গুঞ্জন বলছে, নিজস্ব ঘড়ির লাইনআপে বেশ কিছু নাটকীয় পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। আগামী সপ্তাহের ‘ফার আউট’ আয়োজনে এই সব পরিবর্তন সম্পর্কে গ্রাহকরা জানতে পারবেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।
