২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামের সঙ্গে ঘনিষ্টতা বাড়াচ্ছে এনভিডিয়া

সেমিকন্ডাক্টারবিষয়ক যৌথ চুক্তি নিয়ে আলোচনার উদ্দেশ্যে সোমবার ভিয়েতনামের কর্তৃপক্ষ ও বিভিন্ন প্রযুক্তি কোম্পানির সঙ্গে বৈঠক করবে এনভিডিয়া।

ভিয়েতনামের সঙ্গে ঘনিষ্টতা বাড়াচ্ছে এনভিডিয়া

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2023, 03:10 PM

Updated : 11 Dec 2023, 03:10 PM

ভিয়েতনামের কৃত্রিম বুদ্ধিমত্ত্বা ও ডিজিটাল অবকাঠামো উন্নত করার লক্ষ্যে দেশটির শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি বাড়ানোর ও সেখানকার প্রতিভাবান কর্মীদের এআই প্রশিক্ষণে সমর্থন জানানোর ঘোষণা দিয়েছেন এনভিডিয়া’র সিইও জেনসেন হুয়াং।

সেপ্টেম্বরে ওয়াশিংটন ও ভিয়েতনামের কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে হোয়াইট হাউজের প্রকাশিত নথি অনুসারে, দেশটিতে এরইমধ্যে ২৫ কোটি ডলার বিনিয়োগ করেছে মার্কিন এই চিপ নির্মাতা কোম্পানি। এর পাশাপাশি, বিভিন্ন ক্লাউড, অটোমেটিভ ও স্বাস্থ্য সেবায় এআই প্রযুক্তি স্থাপনের উদ্দেশ্যে ভিয়েতনামের শীর্ষ কোম্পানিগুলোর সঙ্গেও চুক্তি করেছে এই চিপ জায়ান্ট।

“ভিয়েতনাম এরইমধ্যে আমাদের সহযাত্রী, কারণ, এখানে আমাদের লাখ লাখ গ্রাহক রয়েছে” --ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে নিজের প্রথম সফরের এক আয়োজনে বলেন হুয়াং।

“এ সম্পর্ক আরও গভীর হতে যাচ্ছে, যেখানে ভিয়েটেল, এফটিপি, ভিনগ্রুপ ও ভিএনজি’র মতো কোম্পানিগুলোর সঙ্গে পার্টনারশিপ বাড়ানোর লক্ষ্য নিয়েছে এনভিডিয়া।”

শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে রয়টার্স লিখেছে, সেমিকন্ডাক্টারবিষয়ক যৌথ চুক্তি নিয়ে আলোচনার উদ্দেশ্যে সোমবার ভিয়েতনামের কর্তৃপক্ষ ও বিভিন্ন প্রযুক্তি কোম্পানির সঙ্গে বৈঠক করবে এনভিডিয়া।

নভেম্বরে কোম্পানির আয়ের হিসাবে এনভিডিয়া সতর্কবার্তা দিয়েছিল, নতুন মার্কিন নিষেধাজ্ঞার কারণে চতুর্থ প্রান্তিকে চীনে কোম্পানির পণ্য বিক্রিতে বড় পতনের আশঙ্কা রয়েছে।