স্থায়ী নিষিদ্ধের নীতিমালা পর্যালোচনায় টুইটার
প্ল্যাটফর্মের নিয়ম লঙ্ঘনের সবচেয়ে কঠোর শাস্তি, অর্থাৎ স্থায়ী নিষেধাজ্ঞার বিকল্প কোনো কনটেন্ট মডারেশন টুল আছে কি না, সেটি খুঁজে দেখছে টুইটার।
ব্যবহাকারীকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা সম্পর্কিত বিভিন্ন নিয়ম পর্যালোচনা করে দেখছে সামাজিক মাধ্যম টুইটার।
ব্রিটিশ সংবাদপত্র ‘ফাইন্যানশিয়াল টাইমস (এফটি)’র প্রতিবেদনে উঠে আসে, সম্ভবত, নতুন মালিক ইলন মাস্কের অবস্থানের সঙ্গে মিল রেখেই সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মটি নিজেদের কনটেন্ট মডারেশন টুলে পরিবর্তন আনার বিষয়গুলো বিবেচনা করছে।
একাধিক ব্যক্তির উদ্ধৃতি দিয়ে বুধবারের ওই প্রতিবেদনে টাইমস উল্লেখ করেছে, - প্ল্যাটফর্মের নিয়ম লঙ্ঘনের সবচেয়ে কঠোর শাস্তি, অর্থাৎ স্থায়ী নিষেধাজ্ঞার বিকল্প কোনো কনটেন্ট মডারেশন টুল আছে কি না, সেটি খুঁজে দেখছে টুইটার।
মে মাসে, চার হাজার চারশ কোটি ডলারে টুইটার কেনার চুক্তিতে রাজি হওয়ার পরপরই সামাজিক প্ল্যাটফর্মটির কনটেন্ট মডারেশন ব্যবস্থা পাল্টানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মাস্ক।
নিজেকে বাক স্বাধীনতার চ্যাম্পিয়ন দাবি করা মাস্ক এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের টুইটার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে তার অবস্থান প্রকাশ করেছেন।
টাইমসের প্রতিবেদন বলছে, নীতিমালায় কোনো পরিবর্তন এলেও টুইটারে ট্রাম্পের ফেরার সম্ভাবনা কম। কারণ, সহিংসতা উস্কে দেয় এমন নিয়ম ভঙ্গের বিপরীতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনায় রাখছে না প্ল্যাটফর্মটি।
প্রতিবেদনে উঠে এসেছে, প্ল্যাটফর্মটির কর্মীরা এমন উদাহরণ খুঁজছেন, যেখানে তাদের বিবেচনায় টুইটার হয়তো ‘ভুল তথ্য’ ছড়ানোর মতো তুলনামূলক কম ঝুঁকির অপরাধে বড় নিষেধাজ্ঞা দিয়েছে ব্যবহারকারীকে।
“আমাদের মূল নীতি — পছন্দ ও নিয়ন্ত্রণ, স্বচ্ছতা, বৈধতা এবং ন্যায্যতা — বেশ কয়েক বছর ধরে আমাদের কাজের বাতিঘর হিসেবে আছে।” --রয়টার্সকে বলেছেন কোম্পানির মুখপাত্র।
“আর জনসাধারণের কথোপকথন যতো বিকশিত হতে থাকবে, আমাদের পদ্ধতিও সেভাবেই বিকশিত হবে।”
এ সপ্তাহেই মার্কিন র্যাপার কানিয়ে ওয়েস্টের অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে টুইটার। এর কারণ হিসেবে তারা বলছে, তার বিভিন্ন পোস্ট ইহুদিবিদ্বেষী হিসেবে সমালোচিত হওয়ায় সেগুলো সরিয়ে ফেলে তারা।
এই প্রসঙ্গে ডনাল্ড ট্রাম্পের মুখপাত্রদের কোনো মন্তব্য রয়টার্স সংগ্রহ করতে পারেনি।
