০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বায়োমেট্রিক তথ্য, চাকরির তথ্য সংগ্রহ করবে এক্স

“আপনি সম্মতি দিলে সুরক্ষা, নিরাপত্তা এবং পরিচয় যাচাইয়ের স্বার্থে আমরা আপনার বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করতে পারি।” বলা হয়েছে প্রাইভেসি নীতিমালায়।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2023, 10:36 AM

Updated : 01 Sep 2023, 10:36 AM

গ্রাহকদের থেকে সংগ্রহ করা তথ্যের পরিমাণ বাড়াচ্ছে এক্স। তাদের আপডেট করা প্রাইভেসি নীতিমালায় এবার যুক্ত হয়েছে গ্রাহকের “বায়োমেট্রিক তথ্য” এবং “কর্মজীবনের বৃত্তান্ত।”

“আপনার সম্মতি পেলে সুরক্ষা, নিরাপত্তা এবং পরিচয় যাচাইয়ের স্বার্থে আমরা আপনার বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করতে পারি।” বলা হয়েছে প্রাইভেসি নীতিমালায়। সাধারণ বায়োমেট্রিক তথ্যের মধ্যে থাকে আঙুলের ছাপ, আইরিসের গঠন এবং মুখের আকার। তবে এক্স প্ল্যাটফর্ম কোন কোন বায়োমেট্রিক তথ্য কোন কোন প্রক্রিয়ায় সংগ্রহ করবে বিস্তারিত কিছু জানায়নি।

এক্স কর্পোরেশন ইলিনয় অঙ্গরাজ্যের বায়োমেট্রিক তথ্য প্রাইভেসি আইনকে লঙঘন করেছে বলে অভিযোগ করা হয় গত জুলাইয়ে করা একটি ক্লাস অ্যাকশন মামলায়। সেখানে অভিযোগ ছিল, প্ল্যাটফর্মটিতে আপলোড করা “প্রতিটি ছবি চেহারা থেকে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ” করার বিষয়ে “গ্রাহকদের যথাযথভাবে জানায়নি কোম্পানিটি।”

বায়োমেট্রিক ডেটার একটি সম্ভাব্য ব্যবহার হতে পারে পাসওয়ার্ডবিহীন সাইন-ইন– এমনটাই মনে করেন অ্যাপ ডেভেলপার স্টিভ মোজার। এক্স সম্ভবত ডিভাইসের ফিঙ্গারপ্রিন্ট, ফেইশল রিকগনিশনকে পাসকি হিসাবে পিন কোডভিত্তিক লগইনের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারে।

“ব্যবহারকারীর কর্মজীবনের বৃত্তান্ত, শিক্ষাজীবনের বৃত্তান্ত, পছন্দের চাকরি, দক্ষতা, সক্ষমতা, তাদের করা জব সার্চ এবং বিভিন্ন রকম সম্পৃক্ততা” সংগ্রহ করতে পারে এক্স, বলা হয়েছে প্রাইভেসি পলিসিটিতে। তা সম্ভবত ইলন মাস্কের ঘোষণা দেওয়া জব সার্চ ফিচারের কোনো যোগ সূত্র রয়েছে – মন্তব্য দ্যা ভার্জের। বিভিন্ন কোম্পানির নিয়োগে সাহায্য করতেও একটি ফিচারের বেটা সংস্করণ চালু করেছে এক্স। সেইসঙ্গে “কোনো ফোন নাম্বার ছাড়াই” অডিও এবং ভিডিও কলের ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন পলিসিটি আগামী ২৯ সেপ্টেম্বরে আগ পর্যন্ত কর্যকর হবে না।