এক্সএআইতে শত কোটি ডলার বিনিয়োগের খবর উড়িয়ে দিলেন মাস্ক
সামাজিক মাধ্যম ‘এক্স’-এ ওই নিবন্ধ নিয়ে পোস্ট করেছিলেন এক ব্যবহারকারী, যার জবাবে মাস্ক বলেন, বিষয়টি “একেবারেই সত্য নয়।”
নিজের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ‘এক্সএআই’তে শত কোটি ডলারের বিনিয়োগ চান ইলন মাস্ক। আর এরইমধ্যে ৫০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছেন তিনি-- সম্প্রতি এমন এক খবর চাউর হলেও তা নাকচ করে দিয়েছেন মাস্ক নিজেই।
সামাজিক মাধ্যম ‘এক্স’-এ ওই নিবন্ধ নিয়ে পোস্ট করেছিলেন এক ব্যবহারকারী, যার জবাবে মাস্ক বলেন, বিষয়টি “একেবারেই সত্য নয়।”
এদিকে, মাস্কের এআই স্টার্টআপ কোম্পানিটি নিজস্ব বাজারমূল্য দেড় থেকে দুই হাজার কোটি ডলারের মধ্যে রাখা নিয়ে আলোচনা করছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ। তবে, এর বিভিন্ন শর্ত আসন্ন সপ্তাহগুলোয় পরিবর্তিতও হতে পারে।
এ প্রসঙ্গে রয়টার্স এক্সএআইয়ের মন্তব্য জানতে চাইলেও কোম্পানিটির সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হয়নি।
তবে ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যে মাস্ক ও বিনিয়োগকারীদের মধ্যে বিভিন্ন শর্ত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, কয়েকটি পক্ষ মূল্যায়ন করে দেখছে যে, কোম্পানিটির মালিকানার পরিবর্তে এক্সএআইয়ের কম্পিউটিং সক্ষমতা নেওয়া যায় কি না।
গেল ডিসেম্বরে এক ইক্যুইটি অফারে একশ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ তুলতে মার্কিন নিরাপত্তা নিয়ন্ত্রকের কাছে নথি দাখিল করেছিল কোম্পানিটি। তবে এর একদিন পর মাস্ক বলেন, এক্সএআই কোনো তহবিল সংগ্রহ করছে না।
শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর এআই খাতে আর্থিক বিনিয়োগের জবাবে গত বছরের জুলাইয়ে এক্সএআই চালু করেছিলেন মাস্ক। তবে, এর আগে অতিরিক্ত সেন্সরশিপ ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবকে কারণ দেখিয়ে এ উদীয়মান প্রযুক্তির ব্যাপক সমালোচনাও করেছিলেন মার্কিন এ ধনকুবের।
