২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ক্যামেরা বাটন আসছে নতুন আইফোনে?

‘ডেডিকেটেড ক্যামেরা বাটন’ যোগ করা প্রথম স্মার্টফোন নির্মাতা অ্যাপল, বিষয়টি এমন নয়। বেশ কয়েক বছর ধরেই নিজস্ব ‘এক্সপেরিয়া’ সিরিজের স্মার্টফোনে এ সুবিধা দিচ্ছে সনি।

ক্যামেরা বাটন আসছে নতুন আইফোনে?

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2024, 04:06 PM

Updated : 21 Jan 2024, 04:05 PM

আইফোনপ্রেমীদের জন্য সম্ভবত বড় চমক নিয়ে আসছে অ্যাপল। আসন্ন আইফোন ১৬ সিরিজের ফোনে তুলনামূলক কম সময়ে ছবি তোলার সুবিধা দিতে এতে প্রথমবারের মতো যোগ হতে পারে ‘ক্যামেরা বাটন’।

এ বছর যে আইফোন বাজারে আসবে, তার জন্য নতুন একটি ‘ক্যামেরা-ফোকাসড বাটন’ পরীক্ষা করছে অ্যাপল। আর সুবিধাটি সম্ভবত আইফোন ১৬ সিরিজের ফোনে আসবে বলে ইঙ্গিত মিলেছে বিভিন্ন প্রতিবেদনে।

বাটনটির সম্ভাব্য অবস্থান আইফোনের ডান পাশে নিচের দিকে। এতে করে ‘ল্যান্ডস্কেপ’ মোডে  ছবি বা ভিডিও তোলার সময় বাটনটি ব্যবহারকারীর তর্জনীর ঠিক নিচে থাকবে বলে প্রতিবেদনে লিখেছে মার্কিন প্রযুক্তি সাইট ইনফরমেশন।

আইফোনে নতুন ক্যামেরা বাটন যোগ করার বিষয়ে গত বছরের সেপ্টেম্বর থেকেই গুঞ্জন শুরু হয়েছে। এর আগে সম্ভাব্য ফিচারটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল অ্যাপলবিষয়ক সাইট  ‘ম্যাক রিউমার্স’।

সে সময় সাইটটি বলেছিল, নতুন এ ক্যামেরা বাটনে ‘ক্যাপাসিটিভ’ (উন্নত সেন্সরযুক্ত) টাচ স্ক্রিন সুবিধা থাকতে পারে। ফলে আইফোনের স্ক্রিনে আঙ্গুলের চাপের মাত্রার  মাধ্যমে মিলবে বাটনটি নিয়ন্ত্রণের সুযোগ। এর মানে, ওই বাটনে আলতো করে চাপ দিয়ে সম্ভবত ক্যামেরার ‘ফোকাস অ্যাডজাস্ট’ করা যাবে। আর জোরে চাপ দিলে বাটনটি কাজ করবে ক্যামেরার ‘শাটার’ হিসাবে।

নতুন বাটনটি আইফোনের পুরোনো বাটনের মতো কাজ করবে। তবে ‘ক্যাপাসিটিভ’ ফিচারটির সহায়তায় নতুন ক্যামেরা বাটনের নির্দিষ্ট ফিচারে দ্রুতই প্রবেশ করার সুযোগ মিলবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ। 

এ ছাড়া, নতুন বাটনে ক্যামেরার জুম ফাংশন নিয়ন্ত্রণের জন্য ব্যবহারকারী বাম বা ডানদিকে সোয়াইপ করতে পারেন। আর ছবি ও ভিডিও তোলার সময় কোনো বস্তুর ওপর ফোকাসের জন্য ফোনের স্ক্রিনে হালকা করে চাপ দিলেই হবে।

ইনফরমেশন ও ম্যাকরিউমার্স উভয় সাইটের প্রতিবেদনে উল্লেখ রয়েছে, নতুন ক্যামেরা বাটনটি  আইফোন ১৬ সিরিজের গতানুগতিক ও প্রো উভয় মডেলেই পরীক্ষা করা হচ্ছে। এ ছাড়া, পরবর্তী আইফোনে নতুন এ ক্যামেরা বাটন আসার সম্ভাবনার কথা জানিয়েছেন ব্লুমবার্গের অ্যাপল বিশ্লেষক মার্ক গারম্যানও।

বাটনটি যদি সত্যিই বাজারে এলে তা আইফোনে নতুন বাটন চালুর দ্বিতীয় ঘটনা হবে। আর এর একেবারে প্রথম বাটনটি এসেছিল বেশ কয়েক বছর আগে। এদিকে, গত বছর আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্স মডেলেও নতুন ‘অ্যাকশন বাটন’ যোগ করেছিল অ্যাপল। তবে সেটি জায়গা নিয়েছিল আইফোনের বাম পাশে থাকা ‘মিউট সুইচ’ বাটনের। 

এর পাশাপাশি, নতুন ক্যামেরা বাটনটিকে একটি ‘শর্টকাট বাটন’ হিসাবে চালু করে ছবি তোলার উদ্দেশ্যেও ব্যবহার করা যেতে পারে। তবে, সেক্ষেত্রে ফোনের রিংগার সেটিং বদলাতে হবে, যা ডিফল্টরূপেই থেকে থাকে।

ম্যাকরিউমার্সের প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে, আইফোন ১৫’র ‘অ্যাকশন’ বাটনটি বদলে এ বছর থেকে তাতে ‘ক্যাপাসিটিভ’ সুবিধা চালু করবে অ্যাপল।

নিজস্ব ফোনে ‘ডেডিকেটেড ক্যামেরা বাটন’ যোগ করা প্রথম স্মার্টফোন নির্মাতা অ্যাপল, বিষয়টি এমন নয়। বেশ কয়েক বছর ধরেই নিজস্ব ‘এক্সপেরিয়া’ সিরিজের স্মার্টফোনে এ সুবিধা দিচ্ছে সনি।

তবে বর্তমানের বিক্রি হওয়া জনপ্রিয় কিছু স্মার্টফোনের কথা বিবেচনায় নিলে, এটি একটি উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি হবে। এদিকে, গত বছর প্রথমবারের মতো বৈশ্বিক স্মার্টফোন শিপমেন্টে স্যামসাংয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে অ্যাপল।

ভার্জ বলছে, এ মুহুর্তে অ্যাপল নতুন ক্যামেরা বাটনের ফিচারটি পরীক্ষা করলেও আসন্ন সেপ্টেম্বরে আইফোন ১৬ সিরিজের ঘোষণা আসার আগে এই পরিকল্পনা বদলেও যেতে পারে।

গত বছর বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছিল, আইফোনের ‘মেকানিক্যাল পাওয়ার’ ও ‘ভলিউম’ বাটন (পাশাপাশি সে সময় গুঞ্জন ওঠা ‘অ্যাকশন’ বাটন)’ পরিবর্তন করে ক্যাপাসিটিভ সুবিধা চালুর কথা বিবেচনা করছে অ্যাপল। তবে, এর বিভিন্ন ফিচার কোম্পানির নিজস্ব মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় পরিকল্পনাটি বাতিল হয়ে যায়।