স্পেসএক্স-এর ‘চন্দ্রবিহারে’ কে-পপ র্যাপার, ডিজে, ইউটিউবার
আগামী বছরের সম্ভাব্য এই মহাকাশ যাত্রা ১৯৭২ সালের পর প্রথম মানববাহী চন্দ্রাভিযান হবে, যদিও চন্দ্রপৃষ্ঠে এদের কেউ নামবেন না।
স্পেসএক্সের ব্যবস্থাপনায় ‘চাঁদের ওপর দিয়ে বাণিজ্যিক যাত্রায়’ একজন ‘ডিস্ক জকি (ডিজে)’, কে-পপ র্যাপার ও মহাকাশ বিষয়ক ইউটিউবার’সহ সৃজনশীল জগতের আটজন ব্যক্তিকে বাছাই করেছেন জাপানের এক ধনকুবের।
গত বছর বিশ্বব্যাপী বিভিন্ন সৃজনশীল ব্যক্তি খোঁজার পর, শুক্রবার নিজস্ব দলের চূড়ান্ত তালিকার ঘোষণা দেন ইউসাকু মাইজাওয়া নামের ওই ধনকুবের।
বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে সবচেয়ে হাই-প্রোফাইল বাছাই হলেন মার্কিন ডিজে স্টিভ এওকি ও কোরিয়ার পপস্টার ‘টপ’।
আগামী বছরের সম্ভাব্য এই মহাকাশ যাত্রা ১৯৭২ সালের পর প্রথম মানববাহী চন্দ্রাভিযান হবে।
প্রস্তাবিত এই অভিযানে, চন্দ্রপৃষ্ঠের দুইশ কিলোমিটার ওপর দিয়ে পরিক্রমণ করতে দেখা যাবে স্পেসএক্সের এক মহাকাশযানকে। উৎক্ষেপণের পর ভূপৃষ্ঠে ফিরে আসতে আট দিন সময় নেবে এটি।
পরিকল্পনা অনুযায়ী, মাস্ক মালিকানাধীন স্পেসএক্সের স্টারশিপ রকেটে যাবেন এইসব তারকা। তবে, এখনও এই চন্দ্রাভিযান পরিচালনার অনুমোদন দেননি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকরা।
এমনকি পৃথিবীর কক্ষপথ পরিক্রমণের অনুমোদনও মেলেনি মহাকাশযানটির। ২০২১ সালের মে মাসে উৎক্ষেপণের একটি পরীক্ষা শেষ করার পর, গত ১৮ মাস যাবৎ টেক্সাস অঙ্গরাজ্যেই অপেক্ষায় আছে এটি।
এই মিশনের ক্রু তালিকা প্রকাশ করা ভিডিওতে এই বিলম্ব সম্পর্কে কিছুই বলেননি মাইজাওয়া। তবে, অভিযানটিকে ‘ডিয়ারমুন’ নাম দিয়েছেন তিনি।
ভিডিও’র শুরুর দৃশ্যে দেখা যায়, জাপানের এক বাগানে ওপরে চাঁদের দিকে তাকিয়ে আছেন মাইজাওয়া। পরবর্তীতে, মিশনের প্রথম ক্রু সদস্য ডিজে এওকি’র এক অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয় এতে।
“আমি এ সুযোগ হাতছাড়া করতে পারি না। আমার মন এটাই চায়।” --ভিডিওতে বলেন এওকি।
পরবর্তীতে দেখা যায় ইউটিউবার টিম ডড’কে। অনলাইন জগতে তিনি ‘এভরিডে অ্যাস্ট্রনট’ নামে পরিচিত। মহাকাশ যাত্রা ও জ্যোতির্পদার্থবিদ্যা বিষয়ক বিভিন্ন শিক্ষামূলক তৈরির কারণে অনলাইনে তার ফলোয়ার সংখ্যা ১৪ লাখ।
শুক্রবার প্রকাশিত আরেক ভিডিওতে এই ভ্লগার বলেন, তার বিশ্বাস হচ্ছিল না, তাকে বাছাই করা হয়েছে।
তিনি আরও যোগ করেন, ২০১৭ সালে স্পেসএক্সের চাঁদে একজন অসামরিক নাগরিক পাঠানোর ঘোষণা থেকে অনুপ্রাণিত হয়েই ইউটিউবে ভিডিও বানানো শুরু করেন তিনি।
ডিয়ারমুন মিশনের জন্য ঘোষিত অন্যান্য সদস্য হলেন:
‘টপ’ (চই সিউং হিউন), একজন কে-পপ র্যাপার ও দক্ষিণ কোরিয়ার বয়ব্যান্ড ‘বিগ ব্যাং’-এর সাবেক প্রধান।
চেক প্রজাতন্ত্রের নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইয়েমি এ.ডি।
আয়ারল্যান্ডের আলোকচিত্রী রিয়ানন অ্যাডাম।
ব্রিটিশ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার কারিম ইলিয়া।
মার্কিন চলচ্চিত্র নির্মাতা ব্রেন্ডন হল।
ভারতীয় অভিনয়শিল্পী ডেভ জোশি।
এদিকে, মিশনের ‘ব্যাক আপ’ সদস্য হিসেবে তালিকায় নাম আছে মার্কিন অলিম্পিক স্নোবোর্ডার কেইটলিন ফারিংটন ও জাপানের নৃত্যশিল্পী মিউ’র।
“আমি আশা করি পৃথিবী ছেড়ে, চাঁদে ভ্রমণ করে ফিরে আসার সঙ্গে যে দায়িত্ব এসে পড়ে সে সম্পর্কে সবাই অবগত।” --বলেন মাইজাওয়া।
“তারা এটি থেকে ব্যাপক অভিজ্ঞতা নিতে পারবেন এবং পৃথিবী ও মনুষ্যত্বের উদ্দেশ্যে তা কাজে লাগাতে পারবেন।”
অনলাইন ফ্যাশন সামগ্রী বিক্রেতা ‘জোজো’ তৈরির মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করা মাইজাওয়া বেশ কিছু সময় ধরেই বাণিজ্যিক মহাকাশ যাত্রার সঙ্গে জড়িত। গত বছর, রাশিয়ার এক রকেটের সহায়তায় ১২ দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করেন তিনি।
২০১৮ সালে, স্পেসএক্সের মাধ্যমে চাঁদে পাঠানো প্রথম অসামরিক যাত্রী হিসেবে তার নাম উঠে এসেছিল। সে সময়, এই যাত্রায় অন্য আট যাত্রীর খরচ বহনের ঘোষণাও দেন তিনি।
মাইজাওয়ারের মহাকাশ যাত্রার টিকিটের দাম প্রকাশিত না হলেও মাস্কের ভাষ্যমতে, এই অর্থের পরিমাণ ‘ব্যাপক’।
২০২০ সালে, এই চন্দ্রাভিযানের উদ্দেশ্যে নতুন নারী সঙ্গী খুঁজলেও ‘মিশ্র প্রতিক্রিয়া’র মধ্যেই ওই পরিকল্পনা বাতিল করেন তিনি।
