গোপন তথ্য চুরি, সাবেক কর্মীর বিরুদ্ধে মামলায় মাস্কের কোম্পানি
এক্সএআইয়ের উন্নতমানের এমন এআই প্রযুক্তি চুরি করেছেন ওই সাবেক কর্মী, যা চ্যাটজিপিটি ও অন্যান্য প্রতিযোগিতামূলক পণ্যের থেকে অনেক বেশি উন্নত বলে কোম্পানিটির।
গ্রক নিয়ে ব্যাবসায়িক গোপন তথ্য চুরির অভিযোগে সাবেক একজন কর্মীর বিরুদ্ধে মামলা করেছে ইলন মাস্কের এআই স্টার্টআপ এক্সএআই।
কোম্পানিটি চায় না তাদের চ্যাটবট গ্রক তৈরির গোপন পদ্ধতি ফাঁস হয়ে যাক। আর সে কারণেই কোম্পানিটি এখন আইনি ব্যবস্থা নিল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
এ সপ্তাহের শুরুর দিকে দায়ের করা এক মামলায় এক্সএআই অভিযোগ করেছে, কোম্পানিটি ছাড়ার আগে এক্সএআইয়ের গোপন তথ্য ও ব্যবসায়িক রহস্য সরিয়েছেন সাবেক কর্মী জুয়েচেন লি। এরপরই কোম্পানিটি ছেড়ে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইতে যোগ দিয়েছেন তিনি।
মাস্কের এআই স্টার্টআপটি অভিযোগ করেছে, তাদের কোম্পানির ল্যাপটপ থেকে নথি ব্যক্তিগত ডিভাইসে কপি করেছেন লি। কোম্পানিটির উন্নতমানের এমন এআই প্রযুক্তি চুরি করেছেন লি, যা চ্যাটজিপিটি ও অন্যান্য প্রতিযোগিতামূলক পণ্যের চেয়ে অনেক বেশি উন্নত। ফলে তাদের এ গোপন তথ্য ব্যবহার করলে প্রতিযোগী বিভিন্ন কোম্পানি এআই বাজারে বড় সুবিধা পেতে পারে।
এক্সএআই দাবি করেছে, এ তথ্য ওপেনএআই ও অন্যান্য প্রতিযোগীদের গবেষণা ও উন্নয়নে কোটি কোটি ডলার মূল্যের অর্থ ও অনেক বছর সময় বাঁচিয়ে দিতে পারে। লি নিজের এ কাজ লুকানোর জন্যও ব্যবস্থা নিয়েছিলেন। যেমন– ফাইলের নাম পরিবর্তন করা, বিভিন্ন ফাইল কম্প্রেস বা ছোট করে ব্যক্তিগত ডিভাইসে আপলোড করা ও ব্রাউজারের ইতিহাস মুছে ফেলার মতো কাজ।
মামলায় আরও বলা হয়েছে, ওপেনএআইতে যোগদানের জন্য কোম্পানি ছেড়ে যাওয়ার আগে নিজের কাজের পারিশ্রমিক হিসেবে এক্সএআইয়ের দেওয়া প্রায় ৭০ লাখ ডলারের বিভিন্ন শেয়ার কোম্পানিকে ফেরত কিনে নিতে বলেছিলেন লি।
এক্সএআই আদালতে আবেদন করেছে, অস্থায়ী এক নিষেধাজ্ঞা জারি করা হোক যাতে লি কোম্পানির গোপন তথ্য ব্যবহার করতে না পারে ও তা ফিরিয়ে দেন এবং ওপেনএআইতে বা অন্য প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কাজ না করতে পারেন যতক্ষণ না এক্সএআই তাদের গোপন তথ্য উদ্ধার করতে পারে।
এক্সএআইয়ের এ মামলাটি এমন এক সময়ে এল যখন শীর্ষস্থানীয় বিভিন্ন এআই কোম্পানির মধ্যে উচ্চ পর্যায়ের গবেষকদের দলে ভেড়ানো নিয়ে তীব্র প্রতিযোগিতা চলছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
বর্তমানে এআই গবেষকরা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন যে, তাদের আগের চাকরি থেকে টানতে ২৫ কোটি ডলার পর্যন্ত বেতন প্যাকেজ অফার করছে বিভিন্ন কোম্পানি।
এ মামলার বাইরেও সম্প্রতি আইফোন নির্মাতা মার্কিন কোম্পানি অ্যাপল এবং ওপেনএআইয়ের বিরুদ্ধেও মামলা করেছে মাস্ক ও তার কোম্পানি এক্সএআই।
কোম্পানি দুটির বিরুদ্ধে এক্সএআইয়ের অভিযোগ, এ দুই কোম্পানি অর্থাৎ ওপেনএআই ও অ্যাপল মিলে এআই বাজারে একচেটিয়া আধিপত্য ধরে রাখার চেষ্টা করছে।
