২০২৬ সালেও মহাকাশ খাতে বড় বিনিয়োগের হাতছানি
২০২৫ সালে এ খাতে বিনিয়োগের পরিমাণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। গেল বছর বেসরকারি বিনিয়োগ ৪৮ শতাংশ বেড়ে ১ হাজার ২৪০ কোটি ডলারে দাঁড়িয়েছে।
২০২৫ সালে মহাকাশ প্রযুক্তিতে বিনিয়োগের রেকর্ড ভেঙে যাওয়ার পর ২০২৬ সালেও এই খাতে বড় ধরনের প্রবৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে বিশ্লেষক প্রতিষ্ঠান।
সোমবার বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘সেবাফিম স্পেস’ বলেছে, প্রতিরক্ষা কাজে ব্যবহৃত স্যাটেলাইট তৈরিতে বিভিন্ন দেশের সরকার অনেক অর্থ ব্যয় করছে। পাশাপাশি বেসরকারি বিভিন্ন কোম্পানিও মহাকাশে রকেট পাঠানোর সক্ষমতা বাড়ানোর জন্য বিনিয়োগ করছে। এ দুই কারণে ২০২৬ সালে মহাকাশ প্রযুক্তিতে বিনিয়োগের আকার আরও বাড়বে।
মহাকাশ অবকাঠামোকে এখন এক কৌশলগত জাতীয় অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। ভূ-রাজনৈতিক সুবিধা বা বিশ্ব রাজনীতিতে নিজেদের প্রভাব বজায় রাখতে বিভিন্ন দেশ এখন এ খাতে বিনিয়োগ পাওয়ার জন্য একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
সেরাফিম স্পেস বলেছে, বিনিয়োগের এই ধারা মূলত তিনটি প্রধান কারণে অব্যাহত থাকবে। জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে বিভিন্ন দেশের নিজস্ব স্যাটেলাইট ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির পেছনে ব্যয়, মহাকাশ গবেষণার যন্ত্রপাতি ও তথ্য বিশ্লেষণে এআইয়ের ব্যবহার এবং ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের শেয়ার বাজারে আসার যে সম্ভাবনা তৈরি হয়েছে তা নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।
সেরাফিম স্পেস-এর বিনিয়োগ বিশ্লেষক লুকাস বিশপ বলেছেন, “স্পেসএক্সের সম্ভাব্য শেয়ার বাজারে আসা এই খাতের জন্য শক্তিশালী এক অনুঘটক হিসেবে কাজ করতে পারে, যা মহাকাশ প্রযুক্তিকে মূলধারার এক সম্পদ হিসাবে প্রতিষ্ঠিত করবে এবং এই খাতের অন্যান্য পরিণত কোম্পানির জন্যও শেয়ার বাজারে প্রবেশের পথ সহজ করে দেবে।”
বিনিয়োগকারী প্রতিষ্ঠানটির তথ্য অনুসারে, ২০২৫ সালে মহাকাশ খাতে বিনিয়োগের পরিমাণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। গেল বছর বেসরকারি বিনিয়োগ ৪৮ শতাংশ বেড়ে ১ হাজার ২৪০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যার মধ্যে শেষ তিন মাস বা চতুর্থ প্রান্তিকে বিনিয়োগ হয়েছে ৩৮০ কোটি ডলার।
মহাকাশ খাতে বিনিয়োগের পরিমাণ ২০২১ সালের আগের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল। ২০২২ সালে এ খাতে যে মন্দা বা ধীরগতি দেখা দিয়েছিল তা কাটিয়ে এখন তা পূর্ণ গতিতে ফিরে এসেছে। সাধারণ ভেঞ্চার ক্যাপিটাল মার্কেট বা অন্যান্য ব্যবসায়িক বিনিয়োগের তুলনায় এই খাতের সক্ষমতা অনেক ভালো ছিল।
গত বছর মহাকাশ খাতের বিনিয়োগে যুক্তরাষ্ট্রের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। বিশ্বজুড়ে মোট বিনিয়োগের প্রায় ৬০ শতাংশ বা ৭৩০ কোটি ডলার একাই করেছে দেশটি। রকেট উৎক্ষেপণ সেবা ও পেন্টাগনের ‘গোল্ডেন ডোম’ উদ্যোগের মতো প্রতিরক্ষা-সংক্রান্ত কর্মসূচিতে বিপুল ব্যয়ের কারণে বিনিয়োগের অংক এত বড় হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ডিসেম্বরে ‘এনশিওরিং আমেরিকান স্পেস সুপিরিওরিটি’ নামের এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যেখানে মহাকাশকে দেশের নিরাপত্তা ও অর্থনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে দেশটি।
বিনিয়োগকারীদের আশা, এ সিদ্ধান্তের ফলে মহাকাশ খাতে অর্থায়নের পরিমাণও বাড়বে।
এদিকে, ইউরোপের বিভিন্ন দেশে এ খাতে বিনিয়োগের প্রবৃদ্ধি কিছুটা ধীর হলেও এশিয়ার চিত্র ছিল ভিন্ন।
এশিয়ায় বিনিয়োগের পরিমাণ বেশ উঁচুতে অবস্থান করছে, যেখানে চীন একাই প্রায় ২০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। নিজেদের তৈরি রকেট উৎক্ষেপণ ও স্যাটেলাইট উৎপাদন শিল্পকে দ্রুত শক্তিশালী করতেই এ বিপুল অর্থ ব্যয় করছে চীন।
