মহাকাশে এআই ডেটা সেন্টার বসানোর পরিকল্পনা এনভিডিয়ার
মাটির নিচের কেবলের চেয়ে মহাকাশে থাকা বিভিন্ন হাবের মধ্যে লেজার লিংকের মাধ্যমে ডেটা দ্রুত গোটা বিশ্বে পৌঁছে দেওয়া সম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার আর পৃথিবীতেই সীমিত থাকছে না। এবার এআই প্রযুক্তিকে মহাকাশে নিয়ে যাচ্ছে এনভিডিয়া। তাদের নতুন মডিউল ব্যবহার করে পৃথিবীর কক্ষপথেই তৈরি হবে শক্তিশালী ডেটা সেন্টার।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, শীর্ষস্থানীয় এআই চিপ নির্মাতা কোম্পানিটি মহাকাশে এআই ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে।
ক্যালিফোর্নিয়াভিত্তিক এ কোম্পানিটি বলেছে, তাদের নতুন ‘স্পেস-১ ভেরা রুবিন মডিউল’ ব্যবহার করে পার্টনাররা কক্ষপথে ডেটা সেন্টার বসাবে এবং স্যাটেলাইট নেটওয়ার্কের জন্য এআই বিশ্লেষণ পরিষেবা দেবে।
এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং বলেছেন, এ উদ্যোগটি মহাকাশভিত্তিক এআই অবকাঠামোর মাধ্যমে “এআইকে এমন জায়গায় নিয়ে যাবে, যেখানে এটি আগে কখনও পৌঁছায়নি।
“স্পেস কম্পিউটিং বা মহাকাশে কম্পিউটিংয়ের চূড়ান্ত সীমা এখন আমাদের হাতের নাগালে। আমরা যখন মহাকাশে একের পর এক স্যাটেলাইট পাঠাচ্ছি ও মহাকাশের আরও গভীরে অনুসন্ধান চালাচ্ছি তখন এআই ঠিক সেখানেই থাকবে, যেখানে ডেটা তৈরি হচ্ছে।
“মহাকাশ ও ভূপৃষ্ঠের বিভিন্ন সিস্টেমের মধ্যে এআই প্রসেসিং থাকলে সরাসরি রিয়াল টাইমে কোনো কিছু শনাক্ত করা, সিদ্ধান্ত নেওয়া ও স্বয়ংক্রিয়ভাবে কাজ করা সম্ভব। বিষয়টি কক্ষপথের বিভিন্ন ডেটা সেন্টারকে নতুন কিছু উদ্ভাবনের যন্ত্রে ও নানা মহাকাশযান একা পথ চলতে পারে এমন সিস্টেমে রূপান্তর করবে।”
মহাকাশ গবেষণার দৌড়ে এখন ‘অরবিটাল ডেটা সেন্টার’ বা কক্ষপথের বিভিন্ন ডেটা সেন্টার এক নতুন ক্ষেত্র হয়ে উঠেছে। এনভিডিয়া ছাড়াও স্পেসএক্স ও মাইক্রোসফট পৃথিবীর নিম্ন কক্ষপথে তাদের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে।
মহাকাশে ডেটা সেন্টার বসানোর বড় সুবিধা হচ্ছে, যেখানে অনেক বিনামূল্যেই প্রচুর শক্তি বা বিদ্যুৎ মেলে। পৃথিবীর তুলনায় মহাকাশে সৌর প্যানেলগুলো প্রায় আট গুণ কার্যকরী।
এ ছাড়া, এতে তথ্যের আদান-প্রদানও দ্রুত হবে। মাটির নিচের কেবলের চেয়ে মহাকাশে থাকা বিভিন্ন হাবের মধ্যে লেজার লিংকের মাধ্যমে ডেটা দ্রুত গোটা বিশ্বে পৌঁছে দেওয়া সম্ভব।
এনভিডিয়ার সঙ্গে পার্টনারশিপ করা কোম্পানি ‘এথারফ্লাক্স’-এর প্রতিষ্ঠাতা ও সিইও বাইজু ভাট বলেছেন, “এনভিডিয়ার স্পেস-১ ভেরা রুবিন মডিউল সৌরশক্তি ব্যবহার করে কক্ষপথে উচ্চ সক্ষমতাওয়ালা ও সাশ্রয়ী এআই সেবা দেবে।
“এমন পদক্ষেপ বিভিন্ন মহাকাশযানের স্বয়ংক্রিয় কার্যক্রম ও গুরুত্বপূর্ণ নানা পরিষেবাকে আরও শক্তিশালী করবে ও পৃথিবীর বাইরে এআই অবকাঠামো গড়ে তোলার পথ খুলে দেবে।”
স্যান হোসেতে এনভিডিয়ার বার্ষিক জিটিসি কনফারেন্সে হুয়াং বলেছেন, এ কক্ষপথের ডেটা সেন্টারগুলোকে বাস্তবে রূপ দেওয়ার আগে এখনও বেশ কিছু প্রযুক্তিগত বাধা পেরোনো বাকি।
“মহাকাশের পরিবেশে এসব সিস্টেমকে কীভাবে ঠান্ডা রাখা যায় তা আমাদের খুঁজে বের করতে হবে। তবে আমাদের অনেক দক্ষ প্রকৌশলী বর্তমানে এ নিয়ে কাজ করছেন।”
অন্যান্য চ্যালেঞ্জের মধ্যে অন্যতম হচ্ছে পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা বিকিরণ বা রেডিয়েশন থেকে কম্পিউটার সার্ভারগুলোকে সুরক্ষিত রাখা।
এনভিডিয়ার অন্যতম পার্টনার ‘স্টারক্লাউড’ এসব সমস্যা সমাধানের কাজ করছে। তারা বিশেষভাবে ডিজাইন করা ‘অরবিটাল ডেটা সেন্টার’ তৈরি করছে, যা সরাসরি মহাকাশ থেকে ক্লাউড ও এআই অবকাঠামো সেবা দেবে।
স্টারক্লাউড-এর সিইও ফিলিপ জনস্টন বলেছেন, “এনভিডিয়ার সঙ্গে মিলে আমরা মহাকাশে প্রকৃত হাইপারস্কেল ক্লাস এআই কম্পিউটিং নিয়ে আসতে পারব। এর ফলে তথ্য যেখানে তৈরি হচ্ছে সেখানেই তা প্রসেস করা সম্ভব হবে।
“এতে পৃথিবীতে ডেটা পাঠানোর ওপর নির্ভরশীলতা কমবে ও গ্রাহকরা প্রথমবারের মতো মহাকাশেই এআই ট্রেনিংয়ের কাজ করতে পারবেন।
“মহাকাশকে বিশ্বজুড়ে ক্লাউড সেবার অবিচ্ছেদ্য এক অংশ হিসেবে গড়ে তোলার পথে এমনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
