ক্যালিফোর্নিয়ায় সোশাল মিডিয়াতেও ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ’?
কেউ যদি একটানা তিন ঘণ্টার বেশি সময় অ্যাপটি ব্যবহার করে সেক্ষেত্রে আবার ৩০ সেকেন্ডের জন্য সতর্কবার্তাটি স্ক্রিনে ভেসে উঠবে।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তামাকজাত পণ্যের মতো স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল বাধ্যতামূলক করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য।
সম্প্রতি নতুন একটি বিল পাস করেছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্যাটির আইনপ্রণেতারা। যাতে উল্লেখ রয়েছে, জনপ্রিয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপে ‘সতর্কীকরণ লেবেল’ যোগ করবে তারা, বিশেষ করে যেগুলো শিশু ও টিনএজাররা ব্যবহার করে।
সিদ্ধান্তটি এমন সময়ে এল যখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে কিশোর- তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
‘এবি ৫৬’ নামে ক্যালিফোর্নিয়ার নতুন বিলে উল্লেখ রয়েছে, অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারী বা শিশু ও টিনএজাররা যখন টিকটক, স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রামের মতো বিভিন্ন প্লাটফর্ম ব্যবহার করবে তখন তাদেরকে এমন এক সতর্কবার্তা দেখাতে হবে, যেটি সম্পর্কে ২০২৩ সালের এক সরকারি প্রতিবেদনে উল্লেখ রয়েছে। ওই প্রতিবেদন অনুসারে, সামাজিক যোগাযোগ মাধ্যম ‘শিশু ও টিনএজারদের মানসিক স্বাস্থ্যের জন্য গভীর ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে’।
এ বার্তাটি এখন বাধ্যতামূলকভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিকে দেখাতে হবে, যেন শিশু ও টিনএজাররা সচেতন থাকে। বিষয়টি ঠিক যেমন সিগারেটের প্যাকেটে স্বাস্থ্যঝুঁকির সতর্কবার্তা থাকে, তেমনই।
তামাকজাত পণ্যের সতর্কবার্তার মতো এ সতর্কবার্তাটি এমনভাবে কাজ করবে, যেখানে ব্যবহারকারী যখন প্রথম অ্যাপে লগ ইন করবে তখন ১০ সেকেন্ডের জন্য সতর্কবার্তাটি দেখানো হবে। এরপর, কেউ যদি একটানা তিন ঘণ্টার বেশি সময় অ্যাপটি ব্যবহার করে সেক্ষেত্রে আবার ৩০ সেকেন্ডের জন্য সতর্কবার্তাটি স্ক্রিনে ভেসে উঠবে।
বিলটি অনুমোদন বা এতে স্বাক্ষর বা বাতিলের জন্য ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের হাতে সময় আছে ১৩ অক্টোবর পর্যন্ত। তিনিই সিদ্ধান্ত নেবেন, এ নতুন সতর্কবার্তার নিয়ম আইন হিসেবে কার্যকর হবে কি না।
এ বিষয়ে ইন্ডিপেনডেন্টের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ক্যালিফোর্নিয়ার গভর্নরের দপ্তর।
এ বিলটি প্রস্তাব করেছেন ডেমোক্র্যাটিক দলের স্যান ফ্রান্সিসকো বে এরিয়ার সদস্য রেবেকা বাওয়ার-কাহান ও ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোনটা।
রেবেকা বাওয়ার-কাহান প্রস্তাবিত এ আইন নিয়ে বলেছেন, “আমরা বৈশ্বিক এক মানসিক স্বাস্থ্য সংকটে অবস্থানে রয়েছি। আর এ সংকট বাস্তব, জরুরি এবং দিন দিন আরও খারাপ হচ্ছে।”
মিনেসোটা যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য যারা এ ধরনের সতর্কবার্তা সংক্রান্ত আইন পাস করেছে গত জুলাইয়ে। তবে মিনেসোটা’র আইনটি কেবল শিশু ও টিনএজারদের জন্য নয়, বরং সব ব্যবহারকারীর জন্যই প্রযোজ্য।
এ ছাড়াও, নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুলও একই রকম একটি বিল বিবেচনা করছেন, মানে ভবিষ্যতে নিউ ইয়র্কেও এমন সতর্কবার্তা চালু হতে পারে।
যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল ড. বিভেক মার্থি সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে এক প্রবন্ধ প্রকাশের পরই তার এ ধারণাটিকে সমর্থন জানান যুক্তরাষ্ট্রের ৪২টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল।
তবে ক্যালিফোর্নিয়ার এ আইনটির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে পারে অনেক দিন ধরেই রাজ্য রাজনীতিতে প্রভাবশালী শক্তি হিসেবে পরিচিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি।
