এআইয়ের ৩ গুরুত্বপূর্ণ উপাদান সত্য, সৌন্দর্য ও কৌতূহল: মাস্ক
এআইকে কেবল তথ্যভিত্তিক না করে, কিছুটা সৌন্দর্য বোঝার সক্ষমতা দেওয়াও জরুরি। কেবল সত্য বললেই হবে না, সুন্দর বিষয়ও চিনতে পারা দরকার।
আবারও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ঝুঁকি নিয়ে সতর্ক করে তিনটি উপাদানের কথা উল্লেখ করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক, যা এই প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ।
রোববার ভারতের বিলিয়নেয়ার ও রিটেইল স্টকব্রোকার ‘জেরোধা’ সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথের সঙ্গে এক পডকাস্টে এ নিয়ে কথা বলেছেন মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি নির্মাতা টেসলা, মহাকাশ কোম্পানি স্পেসএক্স, এআই স্টার্টআপ এক্সএআই, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও বোরিং কোম্পানির এই সিইও।
মাস্ক বলেছেন, “বিষয়টি কিন্তু নিশ্চিত নয় যে, এআইয়ের সঙ্গে আমাদের ভবিষ্যত স্বাভাবিকভাবেই সুখকর হবে। আপনি যখন এমন এক শক্তিশালী প্রযুক্তি তৈরি করছেন তখন তার কিছুটা ঝুঁকিও থাকে। কারণ এ শক্তিশালী প্রযুক্তি ধ্বংসাত্মকও হতে পারে।”
স্যাম অল্টম্যানের সঙ্গে ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন মাস্ক। তবে ২০১৮ সালে কোম্পানিটির বোর্ড ছেড়ে দেন তিনি। এরপর ২০২২ সালে চ্যাটজিপিটি চালুর পর প্রকাশ্যে কোম্পানিটির সমালোচনা করেছেন মাস্ক।
মাস্কের ধারণা, কোম্পানিটির মূল স্বার্থ বা নিরাপদভাবে এআই বিকাশের জন্য অলাভজনক এক প্রতিষ্ঠান হিসেবে থাকার জায়গা থেকে সরে গিয়েছে ওপেনএআই। এরপর ২০২৩ সালে নিজস্ব চ্যাটবট গ্রক তৈরি করে মাস্কের স্টার্টআপ এক্সএআই।
এর আগে মাস্ক আগে সতর্ক করে বলেছিলেন, ‘সভ্যতার ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় ঝুঁকির একটি হচ্ছে এআই’। তিনি জোর দিয়ে বলেছেন, দ্রুত অগ্রগতির কারণে এআইয়ের সম্ভাব্য ভুল ব্যবহার এখন সমাজের জন্য এমন এক বড় ঝুঁকি হয়ে উঠছে, যা গাড়ি, প্লেন বা ওষুধের ভুল ব্যবহারের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ।
পডকাস্টে এ প্রযুক্তি বিলিয়নেয়ার জোর দিয়ে বলেছেন, এআইকে সত্যি অনুসরণ করতে হবে, ভুল তথ্য বারবার পুনরাবৃত্তি করা থেকে দূরে থাকতে হবে। কারণ ‘বিষয়টি খুবই বিপজ্জনক হতে পারে’।
“সত্য, সৌন্দর্য ও কৌতূহল, অর্থাৎ সত্যের প্রতি আগ্রহী, সুন্দর জিনিস বোঝার সক্ষমতা ও নতুন কিছু জানার কৌতূহল ধরে রাখে– এ তিনটি গুণ এআইয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার ধারণা।”
তিনি বলেছেন, এআই যদি সত্যের প্রতি কঠোরভাবে নিবদ্ধ না থাকে তবে তা অনলাইন উৎস থেকে তথ্য শিখবে, যেখানে “অনেক মিথ্যাকে গ্রহণের পর যুক্তি দেওয়ার সময় সমস্যায় পড়বে এআই। কারণ এসব মিথ্যা বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
“আপনি এআইকে এমন কিছু বিশ্বাস করাতে বাধ্য করতে পারেন, যা সত্য নয়। ফলে এআই এমন সিদ্ধান্তে পৌঁছাতে পারে, যা ক্ষতিকর, বিশেষ করে হ্যালুসিনেশন বা বিভ্রান্তি।
“হ্যালুসিনেশন এআইয়ের সামনে বড় এক চ্যালেঞ্জ। বছরের শুরুতে অ্যাপল তাদের আইফোনে এআই ফিচার চালু করেছিল, যা ওই সময় সংবাদ সংশ্লিষ্ট এক ভুয়া সতর্কতা জারি করেছিল।
“সৌন্দর্যের প্রতি কিছুটা প্রশংসা থাকা গুরুত্বপূর্ণ। এআইকে কেবল তথ্যভিত্তিক না করে, কিছুটা সৌন্দর্য বোঝার সক্ষমতা দেওয়াও জরুরি। কেবল সত্য বললেই হবে না, সুন্দর বিষয়ও চিনতে পারা দরকার।
মাস্কের দাবি, “কেবল যান্ত্রিক বা প্রযুক্তিগত তথ্য শিখে থাকা নয়, বরং মানুষের জীবন, অনুভূতি, ভাবনা ও বাস্তবতার প্রকৃতি সম্পর্কে জানার চেষ্টা শেখানো উচিত এআইকে। কারণ মানুষের জটিলতা ও বৈচিত্র্য যন্ত্রের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
“মানবজাতিকে ধ্বংসের চেয়ে, মানবজাতির অস্তিত্ব ও তার চলমান প্রক্রিয়া পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ।”
