২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘সেলফ-হিলিং’ স্ক্রিনওয়ালা ফোল্ডএবল আইফোন বানাচ্ছে অ্যাপল?

২০২৬ সাল নাগাদ পাতলা পর্দাওয়ালা একটি ফোল্ডএবল আইফোন বাজারে আনতে পারে অ্যাপল।

‘সেলফ-হিলিং’ স্ক্রিনওয়ালা ফোল্ডএবল আইফোন বানাচ্ছে অ্যাপল?
ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2024, 02:16 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল সম্ভবত এমন এক ‘ফোল্ডএবল’ বা ভাঁজযোগ্য আইফোন বানাচ্ছে, যার পর্দায় একটি ‘সেলফ-হিলিং’ স্তর যুক্ত আছে।

এ স্তর দিয়ে স্ক্রিনের টোল পড়া অবস্থা ও স্ক্র্যাচ বা দাগ দূর করার কথা উঠে এসেছে কোম্পানির সাম্প্রতিক এক পেটেন্টে।

অ্যাপলের শীর্ষ প্রতিদ্বন্দ্বী স্যামসাং, গুগল ও ওয়ানপ্লাস এরইমধ্যে নিজস্ব ফোল্ডএবল স্মার্টফোন বাজারে এনেছে। এমনকি তারা শুরুর দিকে বানানো বিভিন্ন ফোল্ডএবল ফোনের নকশাও পরিমার্জিত করতে চাইছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

উদাহরণ হিসেবে ধরা যায়, স্যামসাংয়ের ‘গ্যালাক্সি ফ্লিপ’ ও ‘ফোল্ড ৫’ ফোনে পাতলা স্ক্রিন রাখার বিষয়টিকে, যা কখনও কখনও ফোনের পর্দার ভাঁজ কমিয়ে ফোনকে আরও ভালভাবে মোড়াতে সাহায্য করে।

নতুন পেটেন্টে ফোল্ডএবল আইফোনের দুটি প্রোটোটাইপের ঝলক দেখিয়েছে অ্যাপল। পাশাপাশি, কোম্পানিটি সম্ভবত একটি ফোল্ডএবল আইপ্যাড নিয়েও কাজ করছে। 

ইন্ডিপেন্ডেন্ট বলছে, ২০২৬ সাল নাগাদ পাতলা পর্দাওয়ালা একটি ফোল্ডএবল আইফোন বাজারে আনতে পারে অ্যাপল।

ফোল্ডএবল স্মার্টফোনের এমন পাতলা পর্দা থাকলে সেগুলোতে খুব সহজেই দাগ পড়ে যেতে পারে। আর এগুলো ভঙ্গুরও হতে পারে।

ধারণা করা হচ্ছে, আইফোনের পর্দায় ‘সেলফ-হিলিং’ উপাদানের আবরণ যোগ করে সমস্যাটি কাটিয়ে ওঠার চেষ্টা করছে অ্যাপল, যা ‘কোনো ধরনের বাহ্যিক হস্তক্ষেপ ছাড়াই ফোনে টোল পড়ার মতো ঘটনা ঠেকাতে সহায়ক হতে পারে’।

সিলিকন ভ্যালি জায়ান্ট কোম্পানিটি তাদের নতুন পেটেন্টে ডিভাইসগুলোর পর্দায় যেসব ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে, তার সহায়তায় ডিভাইসে একটি ‘হিলিং’ প্রক্রিয়ার মাধ্যমে পর্দার পৃষ্ঠে তাপ, আলো বা বৈদ্যুতিক প্রবাহ ঘটানো সম্ভব বলে ধারণা করা হচ্ছে।

এর আগের বিভিন্ন ডিজাইনেও এমন ‘সেলফ-হিলিং’ প্রযুক্তির ঝলক দেখিয়েছে অ্যাপল, তবে সেগুলো ফোল্ডএবল ফোনের প্রেক্ষাপটে তৈরি হয়নি।

“ফোনের পর্দায় টোল পড়া, দাগ বা অন্যান্য অসম্পূর্ণতা কমাতে আইফোনের ডিসপ্লে কভারের স্তরে ‘সেলফ-হিলিং’ উপাদানের একটি স্তর যোগ হতে পারে,” বলেছে অ্যাপল।

অ্যাপলের অন্যতম ডিজাইন ‘ট্রান্সপারেন্ট কন্ডাক্টরস’ ব্যবহার করে বা ব্যবহারকারীরা এ ফিচারটি সক্রিয় করে চার্জ করার সময় ফোনের ডিসপ্লে কভার লেয়ার গরম করা যায়।

বিকল্প হিসেবে অ্যাপল বলেছে, আলো যেহেতু একটি পৃথক অতিবেগুনি রশ্মি উৎস তাই ফোনের পর্দার ‘হিলিং’ প্রক্রিয়ার জন্য এটিকে ব্যবহার করা যেতে পারে।

তবে, এ প্রযুক্তি কোনো বিশেষ ফোন, ল্যাপটপ বা ট্যাবলেটকে শক্তি দেবে কিনা তা স্পষ্ট নয়।

অ্যাপলের এ ফোনের পর্দার উদ্ভাবনকে পেটেন্ট ‘একটি পলিমার বা সেলফ হিলিং ফিচারযুক্ত অন্য কোন পছন্দসই উপাদান’ হিসাবে বর্ণনা করেছে।

এই উপাদানে বানানো ‘ডিসপ্লে কভার ফোনের পুরো ডিসপ্লেজুড়ে থাকতে’ পারে বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।