১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইফোনের জন্য ‘গেইম কন্ট্রোলার অ্যাপ’ চালু করল নেটফ্লিক্স

‘ইন্ডি’ ঘরানার গেইম প্রকাশক হিসেবে বেড়ে ওঠার লক্ষ্য বিবেচনায় এটা তেমন ‘বড় চমক’ নয়। গত দুই বছরে প্রায় ৭০টি এমন গেইম টাইটেল এনেছে নেটফ্লিক্স গেইমস।

আইফোনের জন্য ‘গেইম কন্ট্রোলার অ্যাপ’ চালু করল নেটফ্লিক্স

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2023, 04:08 PM

Updated : 10 Aug 2023, 04:08 PM

ভিডিও গেইমিং খাতে নিজেদের কার্যক্রম অব্যাহত রাখার অংশ হিসাবে আইওএস ডিভাইসের জন্য আলাদা ‘কন্ট্রোলার অ্যাপ’ সম্প্রতি চালু করেছে ভিডিও স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স।

নতুন অ্যাপটির নাম ‘নেটফ্লিক্স গেইম কন্ট্রোলার’। এর মাধ্যমে ব্যবহারকারী নিজের ফোন বা ট্যাবলেটের সঙ্গে টেলিভিশনের সংযোগ ঘটিয়ে একে একটি ‘গেইমপ্যাড’ হিসেবে ব্যবহারের সুবিধা পাবেন। ফলে, নেটফ্লিক্স সেবার বিভিন্ন গেইম টিভিতে খেলতে পারার পাশাপাশি সেগুলো ব্যবহারকারীর মোবাইল থেকেও নিয়ন্ত্রণ করা যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

এরইমধ্যে অ্যাপটি ডাউনলোড করা গেলেও এটি সম্পর্কে বাড়তি কোনো তথ্য পাওয়া যায়নি। উদাহরণ হিসেবে ধরা যায়, এটি কোন গেইমগুলোকে সমর্থন করবে বা মোবাইল ডিভাইসে কীভাবে সংযোগ ঘটানো যাবে, সেইসব তথ্য এখনও অজানা। আর এর অ্যান্ড্রয়েড সংস্করণ কবে নাগাদ আসতে পারে, তা-ও জানা সম্ভব হয়নি।

অ্যাপের বর্ণনায় কেবল উল্লেখ রয়েছে, এই গেইমপ্যাড সুবিধা ‘শীঘ্রই নেটফ্লিক্সে আসবে’।

কোম্পানির ‘ইন্ডি’ ঘরানার গেইম প্রকাশক হিসেবে বেড়ে ওঠার লক্ষ্যমাত্রা বিবেচনায় নিলে, এটা তেমন ‘বড় চমক’ নয়। গত দুই বছরে প্রায় ৭০টি গেইম টাইটেল এনেছে নেটফ্লিক্স গেইমস। এর কয়েকটিতে নেটফ্লিক্সের গতানুগতিক স্ট্রিমিং অ্যাপের মাধ্যমেই প্রবেশ করা যায়।

তবে, বাকিগুলোর বেলায় অবশ্য মোবাইল ডিভাইস ও গেইমিং কনসোলের প্রয়োজন পড়ে। আর সেইসব গেইম একেবারে ফেলে দেওয়ার মতোও নয়। উদাহরণ হিসেবে ধরা যায়, সেবাটিতে ‘অক্সেনফ্রি ২: লস্ট সিগনালস’ গেইমটি প্রকাশের পর তা সমালোচকদের ব্যপক প্রশংসা কুড়িয়েছে। গেইমটি বানিয়েছে নেটফ্লিক্সের প্রথম নিজস্ব গেইমিং স্টুডিও ‘নাইট স্কুল’।

আসন্ন মাসগুলোয় আরও বেশ কয়েকটি গেইম আসবে নেটফ্লিক্স প্ল্যাটফর্মে। এর মধ্যে রয়েছে ‘স্টোরিটেলার্স’, ‘পেপার ট্রায়াল’ ও ‘মনুমেন্ট ভ্যালি’র মতো পরীক্ষিত ইন্ডি ঘরানার গেইম সিরিজও।

এর পাশাপাশি, ‘অ্যাসাসিন’স ক্রিড’-এর একটি গেইম ও মোবাইল সংস্করণের জন্য ‘লেগো: লিগাসি হিরোজ আনবক্সড’ নামের গেইম নিয়েও কাজ চলছে। এ ছাড়া, গেইমাররা সম্প্রতি চালু করা কন্ট্রোলার অ্যাপেও এমন কিছু গেইম খেলতে পারবেন বলে অনুমান প্রকাশ করেছে এনগ্যাজেট। 

অ্যাপের কার্যকারিতা ও অ্যান্ড্রয়েড সংস্করণে সম্ভাব্য উন্মোচন সম্পর্কে জানতে নেটফ্লিক্সের সঙ্গে সাইটটি যোগাযোগ করলে কোম্পানির এক মুখপাত্র বলেন, তারা এই মূহুর্তে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করছেন না।