২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশে কেন এআই ডেটা সেন্টার বসাতে চান মাস্ক?

মহাকাশভিত্তিক এআই কম্পিউটিং’ই যদি ভবিষ্যৎ হয় তবে এআই স্যাটেলাইট বা কক্ষপথে কম্পিউটিং ব্যবস্থা গড়ে তোলার জন্য সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে স্পেসএক্সই।

মহাকাশে কেন এআই ডেটা সেন্টার বসাতে চান মাস্ক?
মাস্ক বলেছিলেন, “মহাকাশে সৌরশক্তি চালিত ডেটা সেন্টার তৈরি খুবই স্বাভাবিক বিষয় ও এআই পরিচালনার জন্য সবচেয়ে সাশ্রয়ী জায়গা।” ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2026, 02:36 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

ইলন মাস্কের দুই কোম্পানি স্পেসএক্স ও এক্সএআইয়ের মধ্যে একীভূত হওয়ার প্রস্তাব নিয়ে এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। এমনটি হলে মাস্কের মহাকাশে স্যাটেলাইটভিত্তিক ডেটা সেন্টার চালুর পরিকল্পনা আরও গতি পেতে পারে।

রয়টার্স লিখেছে, মার্কিন সার্চ জায়ান্ট গুগল, সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা ও চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের মতো প্রযুক্তি কোম্পানির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দৌড়ে নিজেকে শীর্ষে রাখতেই এ লড়াই চালিয়ে যাচ্ছেন মাস্ক।

মহাকাশভিত্তিক এআই ডেটা সেন্টার আসলে কী?

মহাকাশভিত্তিক ডেটা সেন্টার ধারণাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ ডেটা সেন্টার মূলত শত শত সৌরশক্তি চালিত স্যাটেলাইটের একটি নেটওয়ার্ক, যা পৃথিবীর কক্ষপথে থেকে এক্সএআইয়ের গ্রক বা চ্যাটজিপিটির মতো এআই মডেলের বড় পরিসরে কম্পিউটিং চাহিদা পূরণ করবে।

বর্তমানে পৃথিবীতে থাকা বিভিন্ন ডেটা সেন্টার চালাতে প্রচুর বিদ্যুৎ খরচ হয়, যা দিন দিন ব্যয়বহুল হয়ে উঠছে। এ পরিকল্পনার প্রবক্তারা বলছেন, বায়ুমণ্ডলের উপরে থাকায় সেখানে সার্বক্ষণিক সৌরশক্তি পাওয়া যাবে এবং ডেটা সেন্টার ঠান্ডা রাখার যে বিশাল খরচ পৃথিবীতে প্রয়োজন মহাকাশে তা থাকবে না। ফলে এআই ব্যবস্থা অনেক বেশি সাশ্রয়ী ও কার্যকর হতে পারে।

তবে ইঞ্জিনিয়ার ও মহাকাশ বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এমন পরিকল্পনা বাণিজ্যিকভাবে সফল হতে আরও অনেক বছর সময় লাগবে। এর পেছনে কিছু বড় ঝুঁকি রয়েছে। যেমন মহাকাশ বর্জ্য, কসমিক রেডিয়েশন বা মহাকাশীয় বিকিরণ, রক্ষণাবেক্ষণ ও উৎক্ষেপণ খরচ।

‘ডয়চে ব্যাংক’ বলেছে, ২০২৭-২৮ সালের দিকে ছোট পরিসরে পরীক্ষামূলকভাবে কিছু ডেটা সেন্টার মহাকাশে পাঠানো হতে পারে। আর ওইসব মিশন সফল হলে ২০৩০-এর দশকে শত শত বা হাজার হাজার স্যাটেলাইটের বিশাল নেটওয়ার্ক পৃথিবীর কক্ষপথে দেখা যেতে পারে।

ইতিহাসের অন্যতম সফল রকেট নির্মাতা কোম্পানি স্পেসএক্স। ছবি: রয়টার্স

ইতিহাসের অন্যতম সফল রকেট নির্মাতা কোম্পানি স্পেসএক্স

মাস্ক কেন তা করতে চাইছেন?

ইতিহাসের অন্যতম সফল রকেট নির্মাতা কোম্পানি স্পেসএক্স। নিজেদের ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবার অংশ হিসেবে এরইমধ্যে পৃথিবীর নিম্ন কক্ষপথে হাজার হাজার স্যাটেলাইট পাঠিয়েছে কোম্পানিটি।

মহাকাশভিত্তিক এআই কম্পিউটিং’ই যদি ভবিষ্যৎ হয় তবে সেই অর্থে এআই স্যাটেলাইট পরিচালনা বা কক্ষপথে কম্পিউটিং ব্যবস্থা গড়ে তোলার জন্য সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে স্পেসএক্সই।

এ মাসের শুরুতে সুইজারল্যান্ডের শহর দাভোসে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’-এ মাস্ক বলেছিলেন, “মহাকাশে সৌরশক্তি চালিত ডেটা সেন্টার তৈরি করাটা খুবই স্বাভাবিক বিষয়… এআই পরিচালনার জন্য সবচেয়ে সাশ্রয়ী জায়গা হবে মহাকাশ এবং আগামী দুই বা বড়জোর তিন বছরের মধ্যেই এমনটি সত্যি হতে পারে।”

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, এ বছর শেয়ার বাজারে আসার বিষয়টি বিবেচনা করছে স্পেসএক্স, যা কোম্পানিটির মূল্য ১ ট্রিলিয়ন ডলারের বেশি করে দিতে পারে। সূত্রের খবর, এই আইপিও থেকে পাওয়া অর্থের একটি অংশ এআই ডেটা সেন্টার স্যাটেলাইট তৈরির কাজে ব্যয় হবে।

মাস্কের প্রতিযোগীরা কী করছে?

মহাকাশে এআই ডেটা সেন্টার তৈরির প্রযুক্তি নিয়ে কাজ করছে মার্কিন ই কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মহাকাশ গবেষণা কোম্পানি ‘ব্লু অরিজিন’।

বেজোসের ভবিষ্যৎবাণী অনুসারে, মহাকাশের অফুরন্ত সৌরশক্তি ব্যবহার করে এবং এর থেকে উৎপাদিত তাপ সরাসরি মহাশূন্যে ছড়িয়ে দিয়ে আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে কক্ষপথের বড় ধরনের ডেটা সেন্টার নির্মাণ সম্ভব, যা খরচ ও কার্যকারিতায় পৃথিবীর ডেটা সেন্টারগুলোকে পেছনে ফেলবে।

এরইমধ্যে ভবিষ্যতের এ পরিকল্পনার ঝলক দেখিয়েছে এনভিডিয়া’র সমর্থন পাওয়া স্টার্টআপ ‘স্টারক্লাউড’। গত মাসে ফ্যালকন ৯ রকেটের সাহায্যে মহাকাশে পাড়ি জমিয়েছে তাদের ‘স্টারক্লাউড-১’ স্যাটেলাইটটি, যা নিজের সঙ্গে নিয়ে গেছে এনভিডিয়ার ‘এইচ১০০’ চিপ। এখন পর্যন্ত মহাকাশে পাঠানো সবচেয়ে শক্তিশালী এআই চিপ ‘এইচ১০০’।

স্যাটেলাইটটি বর্তমানে গুগলের ওপেন-সোর্স এআই মডেল ‘জিমা’ প্রশিক্ষণ ও পরিচালনা করছে। ‘স্টারক্লাউড’-এর চূড়ান্ত লক্ষ্য, মহাকাশে স্যাটেলাইটের বড় নেটওয়ার্ক তৈরি করা, যা প্রায় ৫ গিগাওয়াট কম্পিউটিং সক্ষমতা সরবরাহ করবে, যা পৃথিবীর বেশ কয়েকটি বড় ডেটা সেন্টারের সমান।

নিজেদের ‘প্রজেক্ট সানক্যাচার’-এর মাধ্যমে মহাকাশভিত্তিক ডেটা সেন্টারের ধারণাটিকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছে গুগল। ‘প্রজেক্ট সানক্যাচার’ নামের গবেষণা প্রকল্পের লক্ষ্য সৌরচালিত বিভিন্ন স্যাটেলাইটে গুগলের নিজস্ব ‘টেনসর প্রসেসিং ইউনিট’ যোগ করে ‘অরবিটাল এআই ক্লাউড’ তৈরি করা।

২০২৭ সালের দিকে তাদের সহযোগী প্রতিষ্ঠান ‘প্ল্যানেট ল্যাবস’-এর সঙ্গে মিলে এর প্রথম প্রোটোটাইপ বা পরীক্ষামূলক সংস্করণ উৎক্ষেপণের পরিকল্পনা করছে কোম্পানিটি।

অন্যদিকে, চীনও আগামী পাঁচ বছরের মধ্যে মহাকাশে এআই ডেটা সেন্টার বসানোর মাধ্যমে ‘স্পেস ক্লাউড’ তৈরির পরিকল্পনা করছে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

পাঁচ বছর মেয়াদী এ উন্নয়ন পরিকল্পনায় ‘গিগাওয়াট-শ্রেণির মহাকাশ ডিজিটাল-ইন্টেলিজেন্স অবকাঠামো’ নির্মাণের অঙ্গীকার করেছে চীনের মহাকাশ সংস্থা ‘চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন’।