২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল, মেটার বিজ্ঞাপন ব্যবসা বিচ্ছিন্ন করতে বিল মার্কিন সিনেটে

বিস্তৃত বিজ্ঞাপন ব্যবস্থায় গুগলের নিয়ন্ত্রণ কোম্পানিটিকে ইন্টারনেটের বেশিরভাগ অংশে ‘একচেটিয়া ভাড়া তোলার’ সুবিধা দেয়।

গুগল, মেটার বিজ্ঞাপন ব্যবসা বিচ্ছিন্ন করতে বিল মার্কিন সিনেটে

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2023, 05:45 PM

Updated : 02 Apr 2023, 05:45 PM

মার্কিন সরকার সম্ভবত কেবল অনলাইন বিজ্ঞাপনে বিভিন্ন কোম্পানির একচেটিয়া রাজত্বই বন্ধ করে থামতে চাচ্ছে না, সেইসঙ্গে গুগল ও মেটার মতো প্রযুক্তি জায়ান্টদের বিজ্ঞাপনী ব্যবসাও মূল কোম্পানি থেকে বিচ্ছিন্ন করে দিতে চায়।

গুগল ও মেটার মতো টেক জায়ান্টদের বিজ্ঞাপন ব্যবসা বিচ্ছিন্ন করে দেওয়ার উদ্দেশ্যে ‘আমেরিকা অ্যাক্ট’ নামে নতুন এক আইনের প্রস্তাবনা দিয়েছে মার্কিন সিনেটরদের একটি দল। দুই দলেরই সমর্থন পাওয়া এই বিলের পূর্ণ নাম ‘অ্যাডভারটাইজিং মিডলমেন এনডেঞ্জারিং রিগোরাস ইন্টারনেট কম্পিটিশন অ্যাকাউন্টিবিলিটি’।

নতুন আইনে তুলনামূলক বড় ডিজিটাল বিজ্ঞাপন কোম্পানিগুলো (যাদের আর্থিক লেনদেন দুই হাজার কোটি ডলারের বেশি) বিজ্ঞাপন ক্রয় ও বিক্রয় উভয় ব্যবস্থারই মালিকানা পাবে না। বিজ্ঞাপন কেনা বেচার বেলায় সরবরাহ প্ল্যাটফর্ম কখনওই চাহিদা ভিত্তিক ব্যবস্থার মালিকানা পেতে পারে না (বিপরীতভাবেও একই)।

মাঝামাঝি আকারের বা তার চেয়ে বড় কোম্পানিগুলোর (যাদের আর্থিক লেনদেন পাঁচশ কোটি ডলার) নিজস্ব কার্যক্রম ইচ্ছাকৃত পিছিয়ে থাকার বদলে ‘সর্বোত্তম উপায়ে’ বিভিন্ন বিজ্ঞাপনী ‘বিড’ ধরতে হবে। আর এগুলো স্বচ্ছ হওয়ার পাশাপাশি বিভিন্ন প্রযুক্তিগত সক্ষমতা ও ডেটায় ন্যায্য প্রবেশাধিকার দিতে হবে। 

পাশাপাশি, বিজ্ঞাপনী বাজারের উভয় দিকের ব্যবসা না চালালেও কোম্পানিগুলোকে বিভিন্ন ‘ফায়ারওয়াল’ চালু করে স্বার্থের দ্বন্দ্বের মতো সমস্যাগুলোর মাত্রা কমিয়ে আনতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

এই বিল উত্থাপনে সিনেটরদের ‘অস্বাভাবিক’ এক জোট তৈরি হয়েছে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে। এর মধ্যে আছেন রিপাবলিক দলের সিনেটর মাইক লি, টেড ক্রুজ ও ডেমোক্র্যাট দলের এমি ক্লোবুচার ও এলিজাবেথ ওয়ারেন’সহ আরও অনেকেই।

তবে তারা কেবল একটি নির্দিষ্ট লক্ষ্য মাথায় রেখে কাজ করছেন না। তাদের প্রত্যাশা, গুগল ও মেটা যেন নিজেদের বিজ্ঞাপনী ব্যবসার ‘উল্লেখযোগ্য অংশ’ সরিয়ে প্রস্তাবিত আইনটি মেনে চলে। রাজনীতিবিদরা বলছেন, অ্যামাজন ও অ্যাপলকেও হয়তো প্রস্তাবিত আইনের বিষয়টি বিবেচনায় নিতে হবে।

নতুন আইনের মূল শিকার হিসেবে গুগলকে এককভাবে লক্ষ্যবস্তু বানিয়েছেন উত্থাপকরা। মার্কিন বিচার বিভাগ ও একাধিক অঙ্গরাজ্যে করা মামলার মতোই, এই ব্যবস্থার পরিকল্পনাকারীরা গুগলের বিরুদ্ধে বিজ্ঞাপনী বাজার এমনভাবে অপব্যবহারের অভিযোগ এনেছেন, যা প্রতিযোগীদের অন্যায়ভাবে ক্ষতির মুখে ফেলে। বিস্তৃত বিজ্ঞাপন ব্যবস্থায় গুগলের নিয়ন্ত্রণ কোম্পানিকে ইন্টারনেটের বেশিরভাগ অংশে ‘একচেটিয়া ভাড়া তোলার’ সুবিধা দেয়।

এই প্রসঙ্গে গুগল ও মেটার মন্তব্য জানতে চেয়েছে এনগ্যাজেট। এর আগেও কোম্পানিগুলো এই আইনের বিরুদ্ধে লড়াই করেছে। আর তারা বলছে, এই আইন তাদের বিজ্ঞাপনী কার্যক্রম সীমিত করার উদ্দেশ্যে তৈরি।

আইনটি পাস হলে কোম্পানিগুলো ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে। কারণ, এখনও নিজেদের আর্থিক আয়ের মূল উৎস হিসেবে বিজ্ঞাপন বিক্রির ওপর নির্ভর করে গুগল ও মেটা। এমনকি নিজেদের কিছু সংখ্যক প্রকল্পের অর্থায়নও এই ব্যবস্থা থেকে আসে।

উদাহরণ হিসেবে, মেটাভার্সের লক্ষ্যে পৌঁছাতে প্রতি বছর শত কোটি ডলারের বেশি অর্থ খরচ করছে মেটা। নতুন আইন কার্যকর হলে কোম্পানিগুলো কী পরিমাণ অর্থ খোয়াবে, তা জানার কোনো উপায় নেই। তবে নিজেদের বিস্তৃত পরিকল্পনা নিয়ে তাদের হয়তো পুনরায় ভেবে দেখতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।