মেটার কোনো প্ল্যাটফর্মেই টিকটকের বিজ্ঞাপন যাবে না
অতীতে নিজেদের প্ল্যাটফর্মে ইনস্টাগ্রাম ও ফেইসবুক প্রোফাইলের লিংক নিষিদ্ধ করেছিল টিকটক কর্তৃপক্ষ।
নিজেদের সব প্ল্যাটফর্ম প্রতিদ্বন্দ্বী টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করছে ফেইসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা।
মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, মেটা বলেছে, ‘কোনো প্রতিদ্বন্দ্বীকে প্রচারমূলক সেবা না দেওয়া স্বাভাবিক ব্যবসায়িক অনুশীলন’।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে টিকটকের অংশীদার ও চীনা কোম্পানি বাইটড্যান্সের সকল বিজ্ঞাপন ও বিপণনের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি।
মেটা বলেছে, এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র, কানাডা, মিশর, ইন্দোনেশিয়া, জাপান, থাইল্যান্ড ও ভিয়েতনামে কার্যকর করা হয়েছে। এসব দেশে টিকটক-সংযোগ প্রচারণা চালানো থার্ড পার্টির বিজ্ঞাপনদাতাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।
মেটার মুখপাত্র ক্রিস সগ্রো বলেছেন, “এমন কোনো প্রতিদ্বন্দ্বীর বিজ্ঞাপন আমাদের চালাতে হবে না, যার মূল লক্ষ্যই মানুষজনকে আমাদের অ্যাপ থেকে সরিয়ে নেওয়া।”
এর আগে, নিজেদের প্ল্যাটফর্মে ইনস্টাগ্রাম ও ফেইসবুক প্রোফাইলের লিংক নিষিদ্ধ করেছিল টিকটক কর্তৃপক্ষ।
এ ছাড়া, সম্প্রতি অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষার বিষয়ে মেটাকে অনুসরণ করার জন্য টিকটক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপরও চাপ বেড়েছে।
অগাস্টে মার্কিন অঙ্গরাজ্যগুলোর সঙ্গে ১ হাজার ৮০০ কোটি ডলারের একটি সমঝোতায় পৌঁছেছিল মেটা, যার ফলে ফেইসবুকে ও ইনস্টাগ্রামে শিশু সুরক্ষা ফিচার বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন করতে বাধ্য হয় কোম্পানিটি।
আইন বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে মেটার প্রতিদ্বন্দ্বী বিভিন্ন কোম্পানি, বিশেষ করে টিকটক ও ইউটিউবও তাদের অ্যাপগুলো নতুনভাবে সাজাতে বাধ্য হতে পারে।
চলতি গ্রীষ্মে ইউরোপীয় নিয়ন্ত্রকরা বলেছিলেন, অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে টিকটক যথেষ্ট পদক্ষেপ নেয়নি। এর ফলে প্ল্যাটফর্মটিকে তাদের বার্ষিক আয়ের ছয় শতাংশ পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।
শিশু সুরক্ষার প্রশ্নে মেটার পদক্ষেপকে অনুসরণ করতে বাধ্য করায় টিকটক ও ইউটিউব বেশ কোণঠাসা অবস্থায় পড়েছে।
প্রধান প্রধান সংবাদমাধ্যমে বিজ্ঞাপন প্রকাশ করে প্রতিদ্বন্দ্বীদেরও একই ধরনের পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে মেটা।
পাশাপাশি, স্ক্রিন টাইম ও শিশু সুরক্ষা সংক্রান্ত মার্কিন সরকারের বেশ কয়েকটি বৈঠকে টিকটক উপস্থিত থাকতে ব্যর্থ হয়েছে বলে তাদের কঠোর সমালোচনা করেছে মেটা।
এই বিষয়ে এখন পর্যন্ত খুব একটা মুখ খুলেনি বর্তমানে ল্যারি এলিসনের ওরাকল’সহ যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের একদল বিনিয়োগকারীর মালিকানাধীন টিকটক।
