২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘১৪ ঘণ্টা কাজে টয়লেটেও যাওয়া যায় না’ জেফ বেজোসের বাসায়

নানা নিয়মের বিড়ম্বনায় দীর্ঘক্ষণ টয়লেট ব্যবহার করতে পারতেন না তিনি ও অন্যান্য গৃহকর্মীরা। ফলে, ইউটিআই বা মুত্রথলির সংক্রমণে আক্রান্ত হয়েছেন তিনি।

‘১৪ ঘণ্টা কাজে টয়লেটেও যাওয়া যায় না’ জেফ বেজোসের বাসায়

জেফ বেজোসের বেভারলি হিলসের  বাড়ি। গোটা যুক্তরাষ্ট্রে এমন অনেকগুলো বাড়ির মালিক তিনি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2022, 09:47 PM

Updated : 06 Nov 2022, 02:57 AM

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বিরুদ্ধে এবার মামলা করেছেন তারই এক সাবেক গৃহকর্মী।

মার্সেডিস ওয়েদা নামের ওই কর্মীর দায়ের করা মামলা অনুযায়ী, তাকে ও অন্যান্য কর্মীকে অনিরাপদ ও অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে বাধ্য করা হয়েছে। পাশাপাশি, ‘বাথরুমে যেতে হলে লন্ড্রি রুমের জানালা টপকে যেতে হয়’, এমন এক অভিযোগও তুলেছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই সপ্তাহে সিয়াটল শহরে অ্যামাজন প্রতিষ্ঠাতা ও তার সম্পদের দেখভাল করা দুটি কোম্পানির বিরুদ্ধে মামলা করেন ওয়েদা।

অভিযোগ বলছে, ২০১৯ সালে গৃহকর্মীর ভূমিকায় ওয়েদা নিয়োগ পান ‘বাসিন্দাদের দৃষ্টির আড়ালে থেকে পরিবারের জন্য কাজ করার’ শর্তে। কখনও কখনও তার কাজের সময় ১৪ ঘন্টা পর্যন্ত দীর্ঘ হতো, সেটিও কোনো বিরতি ছাড়া। এর মধ্যে এমন সময়ও এসেছে, যখন গৃহকর্মীদের যাওয়ার মতো কোনো টয়লেটও ছিল না।

বেজোসের পরিবার বাসায় অবস্থানকালে গৃহকর্মীরা কেবল পরিচ্ছন্নতার কাজে বাড়িতে প্রবেশের অনুমতি পেতেন। এর মানে, টয়লেটে যেতে হলে লন্ড্রি রুমের দরজা ব্যবহার করতে পারতেন না তারা। কারণ, এটি ছিল বাড়ির ভেতর যাওয়ার পথ।

ফলে, কখনও কখনও লন্ড্রিরুমের জানালা টপকে নামতেন তিনি, যেখান থেকে যাওয়া যায় মেকানিকাল রুম ও নিচতলায় বাথরুমে। ওয়েদা’র দাবি, এমন পরিস্থিতিতে তিনি ছিলেন প্রায় দেড় বছর।

Image

অ্যামাজনের কর্মপরিবেশ নিয়েও অভিযোগ উঠেছিল জেফ বেজোসের বিরুদ্ধে

ওই অভিযোগে উল্লেখ আছে, টয়লেটে যাওয়ার এই বিড়ম্বনায় দিনের বেশিরভাগ সময় টয়লেট ব্যবহার করতে পারতেন না তিনি ও অন্যান্য গৃহকর্মী। এর ফলে, ইউটিআই বা মুত্রথলির সংক্রমণে বার বার আক্রান্ত হয়েছেন তিনি।

ওয়েদা’র অন্যান্য অভিযোগের মধ্যে রয়েছে--

  • গৃহকর্মীদের বিশ্রামের কোনো জায়গা নেই।

  • কখনও কখনও খাবার খেতে হয়েছে লন্ড্রি রুমে।

  • বর্ণ বৈষম্যের শিকার হতেন স্প্যানিশভাষী কর্মীরা।

অনথিভুক্ত কর্মীদের চুক্তিভিত্তিক আনা, বিশ্রামের অভাব ও অনিরাপদ কাজের পরিবেশ নিয়ে মালিকপক্ষের কাছে অভিযোগ করেছেন তিনি।

কাজের পারফর্মেন্স নিয়ে কখনও শাস্তি না পেলেও এই অভিযোগের কারণে তাকে পদাবনতি ঘটানো হয়েছে, যদিও তার কাজ নিয়ে কখনোই কোনো প্রশ্ন ওঠেনি।

এইসব অভিযোগের বিপরীতে ক্ষতিপূরণ চাইতে ওয়েদা হাজির হয়েছেন আদালতে।

“ওয়েদা’র অভিযোগ অযৌক্তিক। কাজ ছাড়ার সময় তার দাবি করা ৯০ লাখ ডলার পেতে ব্যর্থ হয়েই মামলা করেছেন তিনি।” -- বলেছেন বেজোসের আইনজীবি হ্যারি করেল।

“বছরে লাখ ডলারের বেশি বেতন পাওয়া ওয়েদা ছিলেন গৃহকর্মীদের দলনেতা।”

“নিজের বিরতি ও খাবারের সময় তারই ঠিক করে নেওয়ার কথা ছিল। আর তার এবং অন্যান্য কর্মীর জন্য ওখানে একাধিক বাথরুম ও ব্রেকরুম রয়েছে।” - যোগ করেন করেল।

“আমাদের প্রমাণ বলছে, কাজে দক্ষতার অভাবে চাকরীচ্যুত হয়েছেন তিনি।”

ওয়েদার আইনজীবি প্যাট্রিক ম্যাকগুইগান বলেছেন, তার মক্কেল “সারা জীবন কঠোর পরিশ্রম করেছেন। তিনি একজন বিশ্বাসযোগ্য ব্যক্তি ও বিভিন্ন প্রমাণ তার দাবিকে সমর্থন করে।”