এআই ঝুঁকি নিয়ে আলোচনা উঠছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে
প্রযুক্তিটি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মতো একটি নিয়ন্ত্রণ সংস্থা গঠনের প্রস্তাব এসেছে। এতে জাতিসংঘ মাহাসচিব অ্যান্টনিও গুতরেস সমর্থনও দিয়েছেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এআই নিয়ে প্রথম কোনো আনুষ্ঠানিক আলোচনা সভায় বসছে।
এ সভা থেকেই যুক্তরাজ্য বিশ্ব শান্তি ও নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রভাব নিয়ে আন্তর্জাতিক সংলাপ আহবান করবে বলে প্রতিবেদনে বলেছে রয়টার্স।
উদীয়মান এআই প্রযুক্তি বিশ্ব অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখতে পারে, আমূল বদলে দিতে পারে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির। সেই শংকা থেকেই বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রযুক্তিটির ঝুঁকি নিরসনের উপায় খুঁজছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জুলাই মাসে সভাপতিত্ব করছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এই আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী জেমস ক্লেভারলি।
এর আগে গত জুন মাসে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, এআই নিয়ন্ত্রণে এ বছর তার দেশ একটি শীর্ষ সম্মেলন আয়োজন করবে। সেইসঙ্গে এআই প্রসঙ্গে তিনি বলেন, “প্রযুক্তি দুনিয়ার টেকটোনিক প্লেট স্থান বদল করছে।”
বেশ কিছু এআই কোম্পানির শীর্ষ কর্মকর্তারা প্রযুক্তিটি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মতো নিয়ন্ত্রণ সংস্থা গঠনের প্রস্তাব করেছেন। গত জুনে সেই প্রস্তাবে সমর্থন দেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
“কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সর্বশেষ রূপ -জেনারেটিভ এআইয়ের হুশিয়ারি ধ্বনি আমরা শুনছি না। এবং প্রযুক্তিটি যারা বানিয়েছেন, খোদ তারাই সর্ব্বোচ্চ স্বরে সতর্কবাণী উচ্চারণ করছেন।”
গুতেরেস গণমাধ্যমকে বলেন “এই সতর্ক বার্তাকে আমাদের গুরুত্বের সঙ্গে নিতে হবে।”
মানবাধিকার, আইনের শাসন এবং সার্বিক কল্যাণের সঙ্গে এআই নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপসমূহ কতোটা কার্যকর তা পুনঃমূল্যায়ন এবং প্রয়োজনীয় পরামর্শের জন্য একটি উচ্চ পর্যায়ের এআই উপদেষ্টা পরিষদ গঠনে এ বছরের শেষ নাগাদ কাজ শুরুর কথা বলেন তিনি।
