১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘নকিয়ার’ এইচএমডি নিজ নামে ফিচার ফোন বানাচ্ছে দেশে

দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও ডিজিটাল ‘ডিটক্স সুবিধা’র কারণে অনেক চাকরিজীবী ও ভ্রমণকারী দ্বিতীয় ডিভাইস হিসেবে ফিচার ফোন বেছে নেন।

‘নকিয়ার’ এইচএমডি নিজ নামে ফিচার ফোন বানাচ্ছে দেশে
ফোনটি স্থানীয় পরিবেশক সেলেক্সট্রার নিজস্ব কারখানায় উৎপাদন করা হচ্ছে। ছবি: এইচএমডি

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2026, 03:27 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

দেশের প্রযুক্তি বাজারে দেশে তৈরি হ্যান্ডসেট নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে হিউম্যান মোবাইল ডিভাইসেস (এইচএমডি)-এর তৈরি ফোন। 

ব্র্যান্ডের প্রথম ফোন হিসাবে এসেছে সাশ্রয়ী মূল্যের ফিচার ফোন ‘এইচএমডি ১০১’। মঙ্গলবার বগুড়ার একটি অভিজাত ভেনুতে উত্তরবঙ্গের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উপস্থিতিতে ফোনটির উদ্বোধন করেছে এ নির্মাতা।

ফোনটি স্থানীয় পরিবেশক সেলেক্সট্রার নিজস্ব কারখানায় উৎপাদন করা হচ্ছে।

বাংলাদেশে এখনো বিপুলসংখ্যক মানুষ দৈনন্দিন যোগাযোগের জন্য ফিচার ফোন ব্যবহার করেন। পাশাপাশি দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও ডিজিটাল ‘ডিটক্স সুবিধা’র কারণে অনেক চাকরিজীবী ও ভ্রমণকারী দ্বিতীয় ডিভাইস হিসেবে ফিচার ফোন বেছে নেন। এসব ব্যবহারকারীর চাহিদা বিবেচনায় রেখে নতুন ফোনটি তৈরি করার কথা বলেছে নির্মাতা।

এইচএমডি ১০১ ফোনে রয়েছে এক হাজার মিলিঅ্যাম্প-আওয়ার ব্যাটারি, যা পূর্ণ এক চার্জে টানা সাত ঘণ্টা পর্যন্ত কথা বলার সুবিধা দেবে বলে দাবি করেছে কোম্পানিটি। 

ফোনটিতে আরও রয়েছে ডুয়াল এলইডি টর্চ, বিল্ট-ইন এমপিথ্রি প্লেয়ার, ওয়্যারলেস এফএম রেডিও এবং স্বয়ংক্রিয় কল রেকর্ডের সুবিধা। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর তথ্য ধারণক্ষমতা ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

এইচএমডির ইমার্জিং এশিয়া অঞ্চলের মহাব্যবস্থাপক বিবেক খাণ্ডেলওয়াল বলেন, “বাংলাদেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার।” 

‘মানের সঙ্গে আপস না করে সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য প্রযুক্তি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই’ তাদের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

এইচএমডি বাংলাদেশের বিজনেস ম্যানেজার কাজী আল আমীন বলেন, “উত্তরবঙ্গ থেকে এইচএমডি ১০১-এর যাত্রা শুরু হওয়া আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। নকিয়ার পরিচিত স্থায়িত্ব এবং এইচএমডির আধুনিক সুবিধার সমন্বয় এই ফোনে পাওয়া যাবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেলেক্সট্রা লিমিটেডের হেড অব সেলস মামুন খান, চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ।