Published : 01 Sep 2026, 11:37 AM
মোবাইল ফোন, কম্পিউটার বা স্ট্রিমিং ডিভাইস ধীরগতির হয়ে পড়লে অনেকেই পরামর্শ দেন ক্যাশ ডেটা মুছে ফেলার। সার্বিক পারফরম্যান্সের মান বাড়াতে এমনটা সাধারণ সমাধান মনে হলেও ক্যাশ ডেটা মোছা সবসময় গতি বাড়ায় না।
সফটওয়্যার বা অ্যাপের একটি সাময়িক মেমোরি হচ্ছে ক্যাশ। প্রতিটি ব্যবহারের সময় নতুন করে ফাইল ডাউনলোড না করে অ্যাপ যাতে তথ্যগুলো দ্রুত ব্যবহার করতে পারে সেজন্যই ক্যাশ’কে ডিজাইন করা হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
এ সঞ্চিত তথ্য ডিভাইসে সমস্যা তৈরি করে যদি স্টোরেজে তীব্র জায়গার সংকট দেখা দেয়। আর তবেই ক্যাশ ডেটা মোছা কার্যকর হতে পারে। এর বাইরে অহেতুক ক্যাশ ডেটা মুছে দিলে সফটওয়্যারকে সেই একই তথ্য আবার নতুন করে ইন্টারনেটে থেকে সংগ্রহ বা তৈরি করতে হয়, যা সময় ও প্রসেসিংয়ের অপচয়।
ডিভাইসের গতি বাড়াতেই ক্যাশের উপস্থিতি
ক্যাশ এমন কিছু তথ্যের অস্থায়ী ভাণ্ডার, যা সফটওয়্যার বা অ্যাপ ভবিষ্যতে পুনরায় ব্যবহারের জন্য তৈরি করে রাখে। যেমন, ওয়েব ব্রাউজারের ক্ষেত্রে তা ওয়েব পেইজের বিভিন্ন ছবি বা উপাদানের অনুলিপি জমিয়ে রাখে।
ব্যবহারকারী যখন একই ব্রাউজারে বা পেইজে বারবার ফেরত আসেন তখন ব্রাউজার নতুন করে ডেটা ডাউনলোডের বদলে আগেই সেইভ করে রাখা বিভিন্ন উপাদান সরাসরি ব্যবহার করে, যার ফলে পেইজ দ্রুত লোড হয়।
অন্যান্য অ্যাপের ক্ষেত্রেও নীতিটি একই। তবে কোন অ্যাপ কী ধরনের ডেটা জমাবে তা ভিন্ন হতে পারে। যেমন, একটি গান শোনার স্ট্রিমিং অ্যাপ ব্যবহারকারীর ঘন ঘন শোনা প্লেলিস্ট ক্যাশে সংরক্ষণ করে রাখে যাতে অ্যাপ খুললেই গানগুলো সঙ্গে সঙ্গে চালু হতে পারে।
অন্যদিকে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি দেখা পেইজ বা আইডির ছোট ছবি বা থাম্বনেইল ও প্রোফাইল ছবি সংরক্ষণ করে। এ সাময়িক ডেটা ধরে রাখার ফলে প্রতিবার অ্যাপ খোলার সময় তথ্য নতুন করে ডাউনলোডের ঝামেলা থাকে না।
ডিভাইসে অনেক পরিমাণে ক্যাশ জমা হওয়ার মানে এই নয় যে, সিস্টেমে কোনো ত্রুটি রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে, জমা হওয়া এ ডেটা এর নির্ধারিত কাজটিই সঠিকভাবে সম্পাদন করে।
একইসঙ্গে পুরো ডিভাইসের জন্য একটিই নির্দিষ্ট ক্যাশ থাকে না। ব্রাউজার ক্যাশ, আলাদা কোনো অ্যাপের ক্যাশ ও পুরো অপারেটিং সিস্টেমের ক্যাশের ধরন ও কাজ ভিন্ন ভিন্ন, যা মোছার নিয়মও আলাদা। ফলে ডিভাইসের সব ক্যাশ ডেটাকে ‘অপ্রয়োজনীয় জঞ্জাল’ ভেবে মুছে ফেলার প্রবণতা এদের আসল কার্যকারিতাকেই উপেক্ষা করে।
ক্যাশ ক্লিয়ারে সাময়িকভাবে ধীরগতির হতে পারে ডিভাইস
ক্যাশ ডেটা মুছে ফেলার মানে অ্যাপের ব্যবহৃত সেই দ্রুতগতির বিভিন্ন ‘শর্টকাট’ মুছে দেওয়া। অ্যাপ বা অপারেটিং সিস্টেম পরবর্তীতে সেই ক্যাশ আবার তৈরি করে নিলেও নতুন করে তথ্যগুলো ইন্টারনেট থেকে রিট্রিভ বা নেওয়ার আগ পর্যন্ত ডিভাইসের কাজ ধীরগতির হয়।
গুগল নিজেদের ক্রোম ব্রাউজারের ক্যাশ ও কুকি মোছার নির্দেশনায় বিষয়টি উল্লেখ করেছে। ক্যাশ ফাইল মোছার পর ওয়েব পেইজের ভারী কনটেন্ট, যেমন বড় আকারের ছবি নতুন করে লোড হতে হয় বলে বিভিন্ন ওয়েবসাইট ওপেন হতে বেশি সময় নিতে পারে।
অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ক্যাশ ক্লিয়ারের পর পরেরবার অ্যাপ খুললে তা সাময়িকভাবে ধীরগতির হয়। তবে এর মানের এই নয় যে, ক্যাশ মুছে ফেলা একেবারে অকার্যকর।
জমে থাকা পুরানো ডেটা নিজেই যদি কোনো পেজই বা অ্যাপ লোডিংয়ে জটিলতা তৈরি করে তবে নতুন ডেটা নিয়ে আসার জন্য ক্যাশ ক্লিয়ার করা কাজের। যেমন, কোনো ডিভাইসে থাকা ভিডিওর ক্যাশ ফাইল কারাপ্ট হলে তা সঠিকভাবে প্লে হবে না।
এ ছাড়া, ক্যাশ ডেটা মুছে ফেললে ডিভাইসের স্টোরেজ খালি হয়। তবে অ্যাপের গতি বাড়ানোর বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। মূল সমস্যা যদি ক্যাশ ফাইলের কারণে না হয় তবে তা মুছে ফেললেও মূল সমস্যার সমাধান হয় না।
অন্যদিকে, ক্যাশ মোছার স্টোরেজ সুবিধা অল্প সময়ের জন্য স্থায়ী হয়। কারণ অ্যাপ ব্যবহারের সঙ্গে সঙ্গে আবার ক্যাশ তৈরি হতে থাকে।
কখন ক্যাশ মোছা উচিত?
নিয়মিত অভ্যাসের বদলে কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য বা ‘ট্রাবলশুটিং’ হিসেবেই ক্যাশ ক্লিয়ার করা সবচেয়ে যুক্তিসঙ্গত। কোনো ওয়েবসাইট ঠিকমত লোড না হলে বা ফরম্যাট ভেঙে গেলে গুগল ব্রাউজারের ক্যাশ ক্লিয়ারের পরামর্শ দেয়।
কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ কাজ না করলে অন্য অ্যাপে হাত না দিয়ে কেবল সেই অ্যাপের সাময়িক ডেটা ক্লিয়ার করলেও একই সমাধান মেলে। কিছু ডিভাইসে সুনির্দিষ্ট সিস্টেম সংক্রান্ত ত্রুটি সমাধানের ব্যবস্থা থাকে।
যেমন, প্লেস্টেশন ৫-এ পারফরম্যান্স কমে গেলে বা ফিচার সমস্যা দেখা দিলে ‘সেইফ মোড’ ব্যবহার করে সিস্টেম সফটওয়্যারের ক্যাশ ক্লিয়ারের সুবিধা দিয়েছে সনি।
নির্দিষ্ট সমস্যার ট্রাবলশুটিং হিসেবে এমনটা করার কথা মনি বললেও সাধারণ ক্লিনের অংশ হিসেবে প্রতিনিয়ত ক্যাশ ক্লিয়ারের পরামর্শ দেয় না। এ কারণে ‘ক্যাশ সাফ করুন’ এ ঢালাও উপদেশটি বাস্তবে খুব একটা কাজে আসে না।
কোনো অ্যাপ, ব্রাউজার বা ডিভাইস স্বাভাবিকভাবে কাজ করলে ও স্টোরেজের সংকট না থাকলে সিডিউল মেনে নিয়মিত ক্যাশ মোছার কোনো প্রয়োজন নেই।
ক্যাশ, কুকিজ ও অ্যাপ ডেটা এক জিনিস নয়
একত্রে ডেটা ক্লিনিং অপশন ব্যবহার করতে গেলে কেবল ‘ক্যাশ ক্লিয়ার’ বলাটি আরও বিভ্রান্তিকর হয়ে ওঠে।
যেমন, ক্রোম ব্রাউজার ছবির ক্যাশ ও ফাইলকে কুকিজ, ব্রাউজিং হিস্ট্রি এবং সাইট তথ্যের চেয়ে সম্পূর্ণ আলাদা হিসেবে বিবেচনা করে। কুকিজ ব্যবহারকারীর লগ-ইন ও সাইট প্রেফারেন্স মনে রাখে।
অন্যদিকে, ক্যাশ ফাইল পেইজের বিভিন্ন উপাদান পুনরায় ব্যবহারের জন্য সংরক্ষণ করে। ফলে কেবল ক্যাশ ফাইল মোছার চেয়ে কুকিজ মুছলে ওয়েবসাইট ব্যবহারকারীর ডেটা মনে রাখার ক্ষেত্রে বড় প্রভাব ফেলে।
অ্যান্ড্রয়েড এ পার্থক্যটি আরও ভালোভাবে ফুটিয়ে তুলেছে। অ্যান্ড্রয়েডের স্টোরেজ কন্ট্রোলে ‘ক্যাশ ক্লিয়ার’ ও ‘স্টোরেজ ক্লিয়ার’ অপশনকে আলাদা রাখা হয়েছে। স্টোরেজ ক্লিয়ার করলে অ্যাপের সব ডেটা স্থায়ীভাবে মুছে যায়। সেটিংস অপশনে দুটো বাটন কাছাকাছি থাকলেও এদের কাজ একেবারে আলাদা।
অ্যাপলের সাফারি ব্রাউজারে হিসাব অন্যরকম। আইফোনে হিস্ট্রি ও ডেটা মোছার সময় ‘হিস্ট্রি অ্যান্ড ওয়েবসাইট ডেটা’ নির্বাচন করলে ব্রাউজিং হিস্ট্রি, ক্যাশ ও কুকিজ একসঙ্গে মুছে যায়। তবে ব্রাউজিং হিস্ট্রি ঠিক রেখে কেবল নির্দিষ্ট ওয়েবসাইটের ডেটাও আলাদাভাবে মোছা সম্ভব।
ডিভাইসের ‘ডিলিট’ বা ‘ক্লিয়ার’ বাটনে চাপ দেওয়ার আগে কোন ক্যাটেগরি নির্বাচিত রয়েছে তা যাচাই করা জরুরি। এসব ক্যাশ ফাইল কেবল সাময়িক হলেও কুকিজ, ব্রাউজিং হিস্ট্রি ও অ্যাপ ডেটায় ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য জমা থাকতে পারে। ফলে ভুল অপশন সিলেক্ট করলে তা সাধারণ ক্যাশ মোছার চেয়েও বড় সমস্যার তৈরি করতে পারে।