Published : 05 Aug 2026, 10:12 PM
নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের বুকে আছড়ে পড়েছে মার্কিন মহাকাশ কোম্পানি স্পেসএক্সের পরিত্যক্ত একটি রকেট।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, এ প্রভাবের ফলে সরাসরি কোনো বিপদ না থাকলেও, প্রতিনিয়ত বাড়তে থাকা মহাকাশ বর্জ্য নিয়ে বিশ্বকে নতুন করে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
তারা বলছেন, মানবজাতির জন্য এমন ঘটনা একইসঙ্গে বড় ‘সতর্কবার্তা ও শিক্ষা’।
চার হাজার কেজি ওজনের ‘ফ্যালকন ৯’ রকেটের উপরিভাগটি একটি চন্দ্রযান বা লুনার ল্যান্ডার বহন করে মহাকাশে পাড়ি দিয়েছিল। তবে মিশন সম্পন্ন হওয়ার পর রকেটের ওই অংশটি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে একপর্যায়ে তিন টন টিএনটির সমপরিমাণ শক্তি নিয়ে চাঁদের বুকে আছড়ে পড়ে।
নাসা বলেছে, “এ সংঘর্ষের কারণে আপাতত পৃথিবীর ওপর কোনো প্রত্যক্ষ বিপদের আশঙ্কা নেই।”
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি মহাকাশ বর্জ্য বা ‘স্পেস জাঙ্ক’-এর কারণে মানবজাতি যে বাস্তব ঝুঁকির মুখে পড়ছে তা আরও একবার স্পষ্ট করে দিল।
উৎকণ্ঠার কি সত্যি কারণ আছে?
ঘটনা বিশ্লেষণে দেখা যাচ্ছে, এই মুহূর্তে আতঙ্কের কোনো কারণ নেই। ঘটনাটি আপাতদৃষ্টিতে বেশ নাটকীয় মনে হলেও চাঁদের বুকে প্রতিনিয়ত নানা ধরনের প্রাকৃতিক মহাজাগতিক বস্তু আছড়ে পড়ে। এর আগেও, বেশ কিছু মানব তৈরি মহাকাশযান ও সরঞ্জাম চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়ার ঘটনা ঘটেছে।
তবে এ আছড়ে পড়ার ঘটনাকে একেবারে হেসে উড়িয়ে দেওয়ারও সুযোগ নেই। বিশেষজ্ঞরা বলছেন, “ঘটনাটি মহাশূন্যে দিন দিন বাড়তে থাকা বর্জ্যের হুমকি ও চাঁদের প্রতিকূল পরিবেশের বিষয়কেই নতুন করে সামনে নিয়ে এল।”
সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশের ক্রমাগত স্যাটেলাইট পাঠানো ও নতুন নতুন মহাকাশ মিশন চালুর কারণে মহাকাশ বর্জ্য নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।
দিন দিন স্যাটেলাইটের সংখ্যা বাড়ছে ও সেগুলো উৎক্ষেপণে ব্যবহৃত রকেটের পরিত্যক্ত অংশের ভিড় আগের চেয়ে অনেক বেশি হয়ে উঠছে পৃথিবীর চারপাশের কক্ষপথ। বিজ্ঞানীরা বলছেন, “মহাকাশে এ অনিয়ন্ত্রিত ভিড়ের পরিণাম সামনে ভয়াবহ হতে পারে।”
পৃথিবীর বাইরের মহাশূন্য এখনও তুলনামূলক অনেকটাই ফাঁকা। তবে ভেসে বেড়ানো প্রতিটি বর্জ্যাংশই একেকটি বড় ঝুঁকির কারণ।
এসব বর্জ্যের মধ্যে পারস্পরিক যে কোনো ছোট সংঘর্ষও মুহূর্তের মধ্যে আঘাত হানতে পারে পৃথিবীর দৈনন্দিন যোগাযোগ, বৈজ্ঞানিক গবেষণা ও অন্যান্য জরুরি কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ স্যাটেলাইটে, যা পুরো বিশ্বব্যবস্থাকে সাময়িকভাবে বিকল করে দিতে পারে।
পৃথিবীর কক্ষপথে থাকা সরঞ্জাম নিয়ন্ত্রণকারীদের এরইমধ্যে সংঘর্ষ এড়াতে নানা সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। যেমন, একাধিকবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএসকে ভাসমান বর্জ্যের পথ থেকে সরে যেতে হয়েছে।
এর আগে, ২০০৯ সালে প্রথম অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় মার্কিন কোম্পানির এক স্যাটেলাইটের সঙ্গে রাশিয়ার সামরিক স্যাটেলাইটের ধাক্কা লাগে। ওই সংঘর্ষেই মহাকাশে নতুন করে আরও ২ হাজার ৩০০টি বর্জ্যাংশ ছড়িয়ে পড়েছিল।
এদিকে, বিশেষজ্ঞরা বলছেন, মহাকাশে ব্যবহৃত স্যাটেলাইট ও বর্জ্যের পরিমাণ ক্রমাগত বেড়ে যাওয়া ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। ১৯৭৮ সালে নাসার বিজ্ঞানীরা ‘কেসলার সিন্ড্রোম’ নামের এক বিপজ্জনক পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছিলেন।
এ তত্ত্ব অনুসারে, কেবল একটি বড় সংঘর্ষ থেকে তৈরি হওয়া হাজারো বর্জ্যাংশ অন্যান্য স্যাটেলাইটের সঙ্গে চেইন বিক্রিয়ার মতো একের পর এক ধাক্কা মারতে থাকবে। ফলে একপর্যায়ে পুরো পৃথিবী মহাকাশ বর্জ্যের ঘন আস্তরণে ঢেকে যেতে পারে, যা মানবজাতিকে চিরতরে পৃথিবীতেই বন্দি করে ফেলতে পারে।
নাসা’সহ বিশ্বের বিভিন্ন দেশের মহাকাশ গবেষণা সংস্থাগুলো আবার যখন চাঁদে মানুষ নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তখন এই সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে।
চাঁদে মানুষের স্থায়ী বসবাসের পরিকল্পনা বাস্তবায়িত হলে সেখান থেকে কেবল বর্জ্যের পরিমাণই বাড়বে না, বরং পৃষ্ঠে যে কোনো কিছুর দুর্ঘটনাবশত পতন নভোচারীদের জীবনকেও ঝুঁকিতে ফেলবে।
‘ইউনিভার্সিটি অফ ল্যাঙ্কাশায়ার’-এর অ্যাস্ট্রোফিজিক্স বিভাগের রিডার মেগান আরগো বলেছেন, “এই মুহূর্তে এ ধরনের সংঘর্ষে জীবনের কোনো ঝুঁকি নেই। কারণ চাঁদে এখন কোনো মানুষ নেই ও নির্ধারিত আঘাতস্থলটিতে অন্য কোনো ল্যান্ডার বা বৈজ্ঞানিক সরঞ্জামও ছিল না।
“তবে চাঁদ অভিমুখে যত বেশি মিশন যাবে, রকেটের পরিত্যক্ত অংশগুলোও তত বেশি সেখানে আছড়ে পড়ার ঝুঁকিতে পড়বে।”
পৃথিবী সুরক্ষায় কীভাবে কাজে আসবে এ ঘটনা?
বিজ্ঞানীরা বলছেন, প্রথম দেখায় আশঙ্কাজনক মনে হলেও এ সংঘর্ষই চাঁদের পৃষ্ঠে মানুষের ভবিষ্যতের বিভিন্ন অভিযানকে আরও নিরাপদ করতে বড় ভূমিকা রাখতে পারে।
গবেষকরা রকেট আছড়ে পড়ার পর থেকে পাওয়া সব তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে চাঁদের প্রকৃতি ও ভবিষ্যতে সম্ভাব্য অন্যান্য সংঘর্ষের বিষয়ে জানার চেষ্টা করবেন।
যুক্তরাজ্যের ‘ইউনিভার্সিটি অফ বার্মিংহাম’-এর মহাকাশ নিরাপত্তা বিশেষজ্ঞ হিউ লুইস বলেছেন, “চাঁদের এ উপরিভাগটি দীর্ঘ সময় ধরে একদম অক্ষত ও স্বাভাবিক অবস্থায় ছিল। ফলে সেখানকার পৃষ্ঠ পর্যবেক্ষণ করে আমাদের অনেক কিছু শেখার সুযোগ রয়েছে।
“রকেটের তীব্র আঘাতে সেখান থেকে বিপুল পরিমাণ ধূলিকণা ও পদার্থ আশপাশে ছড়িয়ে পড়বে। ঘটনাটিকে বৈজ্ঞানিক পরীক্ষা হিসেবে কাজে লাগিয়ে নির্দিষ্ট ওই স্থানের মাটি ও উপাদানের গঠন ভালোভাবে বুঝতে পারব আমরা।”
এ গবেষণা সার্বিকভাবে চাঁদকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে, যা সেখানে দীর্ঘমেয়াদে মানুষের বসবাসের ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে জরুরি। যেমন, সংঘর্ষের ফলে উঠে আসা তথ্য থেকে চাঁদের ধূলিকণার প্রকৃতি ও ভবিষ্যৎ বসতি তৈরি বা শক্তি উৎপাদনের কাজে এ ধূলা কীভাবে ব্যবহার করা যায় তা জানা সহজ হবে।
পৃথিবীর মতো কোনো বায়ুমণ্ডল না থাকায় চাঁদ প্রতিনিয়ত প্রাকৃতিক মহাজাগতিক বস্তুর আঘাতে জর্জরিত হয়। তবে সেইসব প্রাকৃতিক ঘটনা আগে থেকে অনুমান করা সম্ভব নয় বলে বিজ্ঞানীরা খুব সীমিত তথ্য সংগ্রহ করতে পারেন।
চাঁদের পৃষ্ঠকে গভীরভাবে বোঝার জন্য মহাকাশযান বা রকেটের পরিকল্পিত পতন ঘটানোর নজির এটাই প্রথম নয়।
এর আগে, ১৯৭০-এর দশকেও নাসা তাদের শক্তিশালী ‘স্যাটার্ন ৫’ রকেটের কিছু অংশ ইচ্ছা করেই চাঁদের বুকে আছড়ে ফেলেছিল, যেন এর প্রভাবে চাঁদের ভেতরে কী ধরনের কম্পন বা পরিবর্তন ঘটে তা পর্যবেক্ষণ করা যায়।
পাশাপাশি, এ দুর্ঘটনাবশত আছড়ে পড়ার ঘটনাটি বিভিন্ন মহাকাশ সংস্থাকে চাঁদে বসতি স্থাপন করতে যাওয়া নভোচারীদের নিরাপত্তা ঝুঁকির কথাটি নতুন করে মনে করিয়ে দিল।
নাসা ও স্পেসএক্স এরইমধ্যে এমন পথ খুঁজছে যাতে ভবিষ্যতে অনিয়ন্ত্রিত কোনো প্রাকৃতির বস্তু বা কৃত্রিম বর্জ্য নভোচারীদের ওপর আছড়ে না পড়ে।
এ দশকের শেষদিকে মানুষকে আবারও চাঁদে নেওয়ার ক্ষেত্রে বহু কোটি ডলারের ‘আর্টেমিস’ মিশনের সাফল্যের জন্য নভোচারীদের এ সুরক্ষা নিশ্চিত করাই এখন প্রধান শর্ত।