২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিনএজারদের সঙ্গে আত্মহত্যা নিয়ে কথা বলবে না মেটার এআই

“অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা অবশ্যই ভালো বিষয়। তবে এসব পণ্য বাজারে আনার আগেই কঠোর সুরক্ষার বিষয়টি পরীক্ষা করা উচিত, ক্ষতি ঘটে যাওয়ার পর নয়।”

টিনএজারদের সঙ্গে আত্মহত্যা নিয়ে কথা বলবে না মেটার এআই
একজন মার্কিন সিনেটর মেটার বিরুদ্ধে তদন্ত শুরুর দুই সপ্তাহ পর কোম্পানিটি এমন সিদ্ধান্তটি নিল। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2025, 04:34 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

মেটার বিভিন্ন এআই চ্যাটবট টিনএজারদের সঙ্গে আর আত্মহত্যা বিষয়ক কোনো আলোচনা করবে না বলে জানিয়েছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি।

কোম্পানিটি বলেছে, নিজেদের বিভিন্ন এআই চ্যাটবটের জন্য আরও নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করছে তারা। যার মধ্যে থাকবে আত্মহত্যা, নিজেকে আঘাত করা ও খাওয়াদাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে টিনএজারদের সঙ্গে বিভিন্ন চ্যাটবটের কথা বলা বন্ধ করার মতো বিষয়।

একজন মার্কিন সিনেটর মেটার বিরুদ্ধে তদন্ত শুরুর দুই সপ্তাহ পর কোম্পানিটি এমন সিদ্ধান্ত নিল বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। 

সম্প্রতি ফাঁস হওয়া এক অভ্যন্তরীণ নথিতে ইঙ্গিত মিলেছে, মেটার বিভিন্ন এআই পণ্য টিনএজারদের সঙ্গে ‘সেন্সুয়াল’ বা যৌন উত্তেজনামূলক কথোপকথনে জড়িয়ে পড়তে পারে।

তবে রয়টার্সের হাতে আসা ওই অভ্যন্তরীণ নথিতে থাকা বিভিন্ন মন্তব্যকে ভুল ও বিভ্রান্তিকর বলে বর্ণনা করেছে মেটা। 

কোম্পানিটি বলেছে, এসব মন্তব্য তাদের নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, কারণ তাদের নীতিমালায় শিশুদের যৌনভাবে উপস্থাপনের যে কোনো বিষয় কঠোরভাবে নিষিদ্ধ।

এখন মেটা বলেছে, আত্মহত্যার মতো স্পর্শকাতর বিষয়ে টিনএজারদের সঙ্গে আর কথা বলবে না তাদের বিভিন্ন চ্যাটবট। বদলে, এসব ক্ষেত্রে টিনএজারদের বিশেষজ্ঞদের সহায়তা পাওয়ার উপযোগী বিভিন্ন উৎসের দিকে নির্দেশ করবে, যাতে তারা সঠিক ও নিরাপদ সহায়তা পেতে পারে।

মেটার একজন মুখপাত্র বলেছেন, “শুরু থেকেই আমরা নিজেদের বিভিন্ন এআই পণ্যের মধ্যে টিনএজারদের জন্য সুরক্ষা ব্যবস্থা যোগ করেছি। যার মধ্যে ছিল, নিজেকে আঘাত করা, আত্মহত্যা ও খাওয়াদাওয়ার সমস্যার মতো বিষয় নিয়ে কোনও প্রশ্ন এলে সেগুলোর প্রতি নিরাপদভাবে সাড়া দেওয়ার মতো বিষয়।”

শুক্রবার প্রযুক্তি বিষয়ক সাইট টেকক্রাঞ্চ প্রতিবেদনে লিখেছে, নিজেদের সিস্টেমে ‘অতিরিক্ত সতর্কতা’ হিসেবে আরও নিয়ন্ত্রণ ব্যবস্থা যোগ করবে মেটা এবং অস্থায়ীভাবে টিনজাররা যেসব চ্যাটবটের সঙ্গে কথা বলতে পারবে তাও সীমিত করে দেবে কোম্পানিটি।

তবে ‘মলি রোজ ফাউন্ডেশন’-এর প্রধান অ্যান্ডি বারোজ বলেছেন, মেটা এমন চ্যাটবট তৈরি করেছে, যা তরুণদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এটি সত্যিই ‘আশ্চর্যের’ বিষয়।

“অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা অবশ্যই ভালো বিষয়। তবে এসব পণ্য বাজারে আনার আগেই কঠোর সুরক্ষার বিষয়টি পরীক্ষা করা উচিত, ক্ষতি ঘটে যাওয়ার পর নয়।”

মেটা বলেছে, তাদের এআই সিস্টেমের বিভিন্ন আপডেট এখন চলছে। এরইমধ্যে ১৩ থেকে ১৮ বছর বয়সী ব্যবহারকারীদের ফেইসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে ‘টিন অ্যাকাউন্ট’ এ রেখেছে তারা, যেখানে কনটেন্ট ও প্রাইভেসি সেটিংস এমনভাবে রাখা হয়েছে, যাতে নিরাপদ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অভিজ্ঞতা পায় টিনএজাররা।

এপ্রিলে মেটা বলেছিল, এ ব্যবস্থার মাধ্যমে মা-বাবা ও অভিভাবকরা দেখতে পারবেন গত সাত দিনের মধ্যে কোন কোন এআই চ্যাটবটের সঙ্গে কথা বলেছে তাদের সন্তান।

নিরাপত্তা উদ্বেগ

বিবিসি লিখেছে, এসব পরিবর্তন এমন সময়ে এল যখন বিভিন্ন এআই চ্যাটবট তরুণ বা দুর্বল মনস্তাত্ত্বিক অবস্থার মানুষদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে পারে।

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন ক্যালিফোর্নিয়ার এক দম্পতি। ওই মা-বাবার অভিযোগ, তাদের টিনএজার ছেলেকে আত্মহত্যায় প্ররোচিত করেছে কোম্পানিটির জেনারেটিভ এআই চ্যাটবট চ্যাটজিপিটি।

গত মাসে ওপেনএআই ঘোষণা করেছিল, চ্যাটজিপিটির ব্যবহার আরও নিরাপদ ও স্বাস্থ্যকর করার জন্য কিছু পরিবর্তন আনবে তারা। আর এর ঠিক পরেই ওই দম্পতির মামলার খবরটি আসে।

এদিকে, শুক্রবার রয়টার্স প্রতিবেদনে লিখেছিল, মেটার বিভিন্ন এআই টুল ব্যবহার করে কিছু লোক, যার মধ্যে মেটার একজন কর্মীও রয়েছেন, তারা টেইলর সুইফট, স্কারলেট জোহানসন, অ্যান হ্যাথওয়ে ও সেলেনা গোমেজের মতো বহু তারকার নাম ও চেহারা ব্যবহার করে অনুমতি ছাড়াই কয়েক ডজন ফ্লার্টি বা রোমান্টিক স্বভাবের ‘প্যারোডি’ চ্যাটবট তৈরি করেছেন।

তবে রয়টার্সের এ প্রতিবেদন প্রকাশের ঠিক আগে প্রায় এক ডজন বট মুছে ফেলেছে মেটা। যার মধ্যে কিছু ছিল ‘প্যারোডি’ বলে ট্যাগ করা, আর কিছুতে কোনো ট্যাগ ছিল না।