২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

আইফোনে আসছে হোয়াটসঅ্যাপ গ্রুপ কল সুবিধা

কল শুরু করা, ম্যানেজ করা কিংবা শিডিউল করা সবকিছুই হবে আরও সহজ ও দ্রুত। ব্যবহারকারীরা চাইলে সর্বোচ্চ ৩১ জনকে নিয়ে গ্রুপ কল করতে পারবেন।

আইফোনে আসছে হোয়াটসঅ্যাপ গ্রুপ কল সুবিধা
নতুন ইন্টারফেইসে কল সংক্রান্ত সব সুবিধা এক জায়গায় পাওয়া যাবে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2025, 05:40 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ আইফোন ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন অভিজ্ঞতা। নতুন আপডেট থেকে পাওয়া যাচ্ছে ‘ইউনিফায়েড কল হাব’ ফিচার যা কল ট্যাবকে একেবারে নতুন রূপ দিয়েছে। 

ফিচারটির ফলে কল শুরু, ম্যানেজ বা শেডিউল করা সবকিছুই হবে সহজ ও দ্রুত। আগে অ্যান্ড্রয়েড বেটাতে ফিচারটির ঘোষণা দেওয়া হয়েছিল, এবার আইওএস-এও চালু হলো। এতে উভয় প্ল্যাটফর্মেই ব্যবহারকারীরা সমান সুবিধা পাবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট নিওউইন।

নতুন ইন্টারফেইসে কল সংক্রান্ত সব সুবিধা এক জায়গায় পাওয়া যাবে। ব্যবহারকারীরা চাইলে একক কল বা সর্বোচ্চ ৩১ জনকে নিয়ে গ্রুপ কল করতে পারবেন মাত্র কয়েকটি ট্যাপেই। থাকছে ‘কল শেডিউলিং’ অপশন যা দিয়ে আগেভাগেই কল প্ল্যান করে সরাসরি চ্যাটে শেয়ার করা যাবে।

আপডেটের সঙ্গে যোগ হয়েছে বিশেষ ডায়লার শর্টকাট। এর মাধ্যমে ফোনবুকে সেইভ না থাকা যে কোনো নাম্বরেও সরাসরি কল করা যাবে যদি সেটি হোয়াটসঅ্যাপে রেজিস্টার্ড থাকে। পাশাপাশি, এটি জানিয়ে দেবে নাম্বরটি সত্যিই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত কি না। এটি বিশেষ করে বিজনেস প্রোফাইল যাচাইয়ে কার্যকর হবে।

ফিচারটিতে এসেছে ফেভারিট কন্টাক্ট ম্যানেজমেন্ট। ব্যবহারকারীরা চাইলে সহজেই প্রিয় কন্টাক্টস যোগ, বাদ বা পুনর্বিন্যাস করতে পারবেন। শুধু তাই নয়, ফেভারিট তালিকার পরিবর্তন সরাসরি চ্যাট ট্যাবেও দেখা যাবে।

হোয়াটসঅ্যাপ বলছে, ‘ইউনিফায়েড কল হাব’ মূলত কল সম্পর্কিত সব ফিচারকে একত্রিত করেছে। ফলে ব্যবহারকারীরা এক জায়গা থেকেই দ্রুত ভয়েস বা ভিডিও কল শুরু করতে, শিডিউল করতে বা প্রিয় কন্ট্যাক্ট বাছাই করতে পারবেন। নিয়মিত যারা অনেক কন্টাক্ট কিংবা গ্রুপ কলে যুক্ত থাকেন তাদের জন্য এই ফিচার বিশেষভাবে উপকারী হবে।