১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিতর্কিত রিকল এআই ফিচারের উন্মোচন স্থগিত করল মাইক্রোসফট

ফিচারটির প্রাথমিক ঘোষণার পরপরই প্রাইভেসি বিষয়ক উদ্বেগ তৈরি হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শঙ্কা প্রকাশ করেছিলেন এ ফিচারের মাধ্যমে গুপ্তবরবৃত্তি করা হতে পারে।

বিতর্কিত রিকল এআই ফিচারের উন্মোচন স্থগিত করল মাইক্রোসফট
ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 03:51 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

নিজেদের নতুন পিসির সঙ্গে ‘রিকল’ নামের এআই ফিচারটি প্রকাশ করছে না টেক জায়ান্ট মাইক্রোসফট। এর পরীবর্তে একটি ছোট অংশের ব্যবহারকারীদের মাধ্যমে ফিচারটি পরীক্ষা করবে কোম্পানিটি।

রিকল এআই পিসিতে ব্যবহারকারীর কার্যক্রম মনে রাখতে পারে, এমন কি ধারণও করতে পারে। প্রাইভেসি বিষয়ক ঝুঁকি ও উদ্বেগকে কারণ দেখিয়ে বৃহস্পতিবার উন্মোচন পেছানোর ঘোষণা দিয়েছে এ সফটওয়্যার জায়ান্ট।

রিকল ফিচারটি ভয়েস চ্যাট থেকে শুরু করে ওয়েব ব্রাউজিং, ব্যবহারকারীর সব কার্যক্রম অনুসরণ করে কম্পিউটারে এর ‘হিস্ট্রি’ সংরক্ষণ করে রাখে, যা পরবর্তীতে প্রয়োজন হলেই ব্যবহারকারীরা খুঁজতে পারবেন। এমনকি কয়েক মাস পরেও সংরক্ষণ করা তথ্য খুঁজে পাওয়া যাবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

রিকল এখন কেবল কোম্পানির ‘উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম’ (ডব্লিউআইপি)-এর জন্য প্রকাশ করার কথা জানিয়েছে মাইক্রোসফট।

“সব গ্রাহকদের জন্য একটি বিশ্বস্ত, সুরক্ষিত ও শক্তিশালী অভিজ্ঞতা দিতে, এবং সব কোপাইলট+ পিসি ব্যবহারকারীদের জন্য ফিচারটি প্রকাশ করার আগে বাড়তি প্রতিক্রিয়া জানার জন্যই এ সিদ্ধান্ত’ নেওয়ার কথা এক ব্লগ পোস্টে লিখেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক কোম্পানিটি।

কোপাইলট+ পিসি হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারওয়ালা ব্যক্তিগত কম্পিউটার যা মে মাসে উন্মোচন করেছিল মাইক্রোসফট।

ডব্লিউআইপি হল একটি পাবলিক সফটওয়্যার টেস্টিং প্রোগ্রাম যা অপারেটিং সিটেমের জন্য আসন্ন বিভিন্ন ফিচারের প্রিভিউ পরীক্ষা করার সুযোগ দেয় উইন্ডোজ ভক্তদের।

তবে, কোম্পানিটি আরও জানিয়েছে ডব্লিউআইপিতে পরীক্ষা শেষে ফিচার সম্পর্কে ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার ভিত্তিতে এটি কোপাইলট+ পিসিতে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে তাদের।

ফিচারটির প্রাথমিক ঘোষণার পরপরই প্রাইভেসি বিষয়ক উদ্বেগ তৈরি হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শঙ্কা প্রকাশ করেছিলেন এ ফিচারের মাধ্যমে গুপ্তবরবৃত্তি করা হতে পারে।

পাশাপাশি, মার্কিন বিলিয়নিয়ার ইলন মাস্ক ফিচারটিকে নেটফ্লিক্স সিরিজ ‘ব্ল্যাক মিরর’-এর এপিসোডের সঙ্গে তুলনা করেছিলেন। এ নেটফ্লিক্স সিরিজটি উন্নত প্রযুক্তির ক্ষতিকারক প্রভাবগুলো তুলেছে।