এআই দিয়ে তৈরি ছবি চেনার প্রযুক্তি আনতে পারে অ্যাপল
এআই দিয়ে বিভ্রান্তিকর ছবি তৈরির এই যুগে কোনো ছবির আসল উৎস যাচাই করার সুবিধা আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি চেনার সুবিধা আনতে পারে অ্যাপল।
আসন্ন অপারেটিং সিস্টেম আইওএস ২৭-এ বিশেষ এ টুল যোগ হওয়ার গুঞ্জন উঠেছে, যা কোনো ছবি আসলেই আইফোনের ক্যামেরায় তোলা কি না তা নিশ্চিত করতে সাহায্য করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
এরইমধ্যে আইওএস ২৭ অপারেটিং সিস্টেমে আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’তে এআই নতুন রূপ দেখতে মুখিয়ে আছেন ব্যবহারকারীরা। তবে এর বাইরেও নতুন প্রযুক্তিটি নিয়ে কাজ করছে অ্যাপল।
প্রযুক্তি সাইট নাইটুফাইভম্যাক বলেছে, ছবিতে জালিয়াতি রোধে অ্যাপল ‘ফটোগ্রাফি অথেনটিকেশন’ বা ছবি যাচাইকরণ ফিচার নিয়ে কাজ করছে, যেখানে ‘অ্যাপল রেফারেন্স ইমেজ’ নামের বিশেষ টুলটি কোনো ছবি সত্যিকারের আইফোন ক্যামেরায় তোলা হয়েছে কি না তা নিশ্চিত করবে।
ছবিটির সত্যতা যাচাইয়ের জন্য সেন্সর সম্পর্কিত নির্দিষ্ট তথ্য ও মেটাডেটা অ্যাপলের ‘প্রাইভেট ক্লাউড কম্পিউট’-এ পাঠাবে। তবে এ সুবিধা পেতে আইফোনের ক্যামেরা সেটিংসে নতুন ‘রেফারেন্স মোড’ চালু করে নিতে হবে।
এআই দিয়ে বিভ্রান্তিকর ছবি তৈরি বা ‘এআই স্লপ’-এর এই যুগে কোনো ছবির আসল উৎস যাচাই করার সুবিধা আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ।
এখনপর্যন্ত এ সংক্রান্ত বেশিরভাগ টুলের কাজই এআই দিয়ে বানানো ছবির গায়ে ‘ডিজিটাল ওয়াটারমার্ক’ বা জলছাপ বসিয়ে দেওয়া। যেমনটি অ্যাপলের ‘ইমেজ প্লেগ্রাউন্ড’ বা তাদের আসন্ন অন্যান্য ছবি সম্পাদনা সুবিধায় দেখা যাবে।
গুগলও নিজেদের ‘সিন্থআইডি’ নামের এআই ওয়াটারমার্কিং কার্যক্রমের পরিধি দিন দিন বাড়াচ্ছে।
ওয়াটারমার্কিংয়ের সেই প্রচেষ্টার পাশাপাশি ছবির মূল উৎস নিশ্চিত করতে অ্যাপলের এই ‘রেফারেন্স ইমেজ’ প্রযুক্তি কার্যকর ও সহায়ক ভূমিকা রাখতে পারে।
তবে পুরো বিষয়টি যেহেতু এখনও পরীক্ষামূলক বা বিটা সংস্করণে রয়েছে ফলে এ বছরের শেষভাগে আইওএস ২৭ সবার জন্য উন্মুক্ত করার সময় ফিচারটি শেষ পর্যন্ত নাও থাকতে পারে।
