প্রযুক্তি জগতে রেকর্ড ত্রৈমাসিক মুনাফা আয়ের পথে স্যামসাং
স্যামসাংয়ের এই পূর্বাভাস প্রযুক্তি খাতের কোনো কোম্পানির ক্ষেত্রে বিশ্ব ইতিহাসে প্রথম।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের তুমুল চাহিদার কারণে মেমোরি চিপের বিক্রি অভাবনীয়ভাবে বেড়েছে। আর এর ফসল উঠছে স্যামসাংয়ের ঘরে।
প্রযুক্তি খাতের ইতিহাসে প্রথম কোনো কোম্পানি হিসেবে ত্রৈমাসিক মুনাফা ১০০ ট্রিলিয়ন ওন বা ৮ হাজার কোটি ডলার ছাড়ানোর রেকর্ড পূর্বাভাস দিয়েছে দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাং ইলেকট্রনিক্স।
বৃহস্পতিবার দেওয়া স্যামসাং ইলেকট্রনিক্সের এ ত্রৈমাসিক মুনাফার পূর্বাভাসের পাশাপাশি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় প্রায় ৯ গুণ বাড়ছে।
দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় মেমোরি চিপ নির্মাতা কোম্পানিটি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ১০৭.৪ ট্রিলিয়ন ওন বা ৮ হাজার ১৭ কোটি ডলার অপারেটিং মুনাফার পূর্বাভাস দিয়েছে, যা ‘এলএসইজি স্মার্টএস্টিমেট’-এর ১০৬.১ ট্রিলিয়ন ওনের অনুমানের চেয়ে বেশি।
পূর্বাভাসটি স্যামসাংয়ের টানা চতুর্থ প্রান্তিকের রেকর্ড অপারেটিং মুনাফাকেই নিশ্চিত করেছে, যা বৈশ্বিক বাজারে মেমোরি চিপের ঘাটতিকে স্পষ্ট করে তুলছে।
এআই অবকাঠামোতে বিনিয়োগ সরবরাহের প্রবৃদ্ধিকেও ছাড়িয়ে গেছে। ফলে বিশ্ববাজারে চিপের দাম বেড়েছে।
চীনা প্রতিযোগিতা ও এআই খাতে খরচের পরিমাণ সম্ভাব্যভাবে কমে যাওয়ার মতো বিভিন্ন বিষয় দীর্ঘমেয়াদি আয়ের দৃষ্টিভঙ্গিতে কিছুটা ঝুঁকি তৈরি করলেও স্যামসাং ও মাইক্রন আশা করছে, এই ভারসাম্যহীনতা ২০২৮ সাল পর্যন্ত থাকবে।
রেকর্ড মুনাফার নতুন এই ঘোষণার পরও স্যামসাংয়ের শেয়ারের দামে বড় কোনো উত্থান দেখা যায়নি। প্রধান সূচক ‘কস্পি’র ০ দশমিক ৫ শতাংশ পতনের বিপরীতে শুরুর লেনদেনে এর শেয়ারের দাম ০ দশমিক ২ শতাংশ কমেছে।
এআই খাতের এই রমরমা অবস্থা কতদিন টিকবে সেই উদ্বেগের কারণে গেল জুনে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর থেকে কোম্পানিটির শেয়ারের দাম ২৫ শতাংশের বেশি কমেছে।
বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার মুদ্রার তীব্র দামবৃদ্ধির কারণে তাদের পূর্বাভাসও কিছুটা সংশোধন করেছেন। যার মূল কারণ, স্থানীয় মুদ্রায় রূপান্তরের সময় ডলারভিত্তিক বৈদেশিক বিক্রির প্রকৃত দাম কিছুটা কমে যায়।
‘মিরায়ে অ্যাসেট সিকিউরিটিজ’-এর বাজার বিশ্লেষক কিম সিওক-হওয়ান বলেছেন, “বাজারের নজর এখন এই দিকে সরে গেছে যে, এক বছর আগে শুরু হওয়া এই তীব্র আয় বা মুনাফার প্রবৃদ্ধি আদৌ টেকসই হবে কি না।”
বিশ্লেষকদের ধারণা, চতুর্থ প্রান্তিকে চিপের দামের ঊর্ধ্বগতি কিছুটা মন্থর হয়ে আসায় মুনাফা আগের প্রান্তিকের তুলনায় ৮ দশমিক ২ শতাংশ বাড়বে, যা তৃতীয় প্রান্তিকের ২০ শতাংশ ত্রৈমাসিক প্রবৃদ্ধির তুলনায় অনেকটাই কম।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘ট্রেন্ডফোর্স’ বলছে, চতুর্থ প্রান্তিকে প্রচলিত ‘ডিআরএএম’-এর দাম আগের প্রান্তিকের তুলনায় ১০ থেকে ১৫ শতাংশ বাড়তে পারে, যা দ্বিতীয় প্রান্তিকের প্রায় ৬০ শতাংশের বিরাট উল্লম্ফনের তুলনায় বেশ ধীরগতির।
এক বছরেরও বেশি সময় ধরে বিশ্ববাজারে মাইক্রোচিপ মূল্যের ঊর্ধ্বগতিতে বড় মেমোরি চিপ নির্মাতা কোম্পানিগুলো সুফল পাচ্ছে। এর মধ্যে রয়েছে স্যামসাং, এসকে হাইনিক্স ও মাইক্রনের মতো কোম্পানি। তবে, প্রযুক্তিবাজারের বিশেষ এই অংশ এখন বিনিয়োগকারীদের নিবিড় নজরদারিতে রয়েছে।
স্যামসাং বলেছে, তৃতীয় প্রান্তিকে তাদের মোট রাজস্ব বা আয় গেল বছরের একই সময়ের তুলনায় ১২৭ শতাংশ বেড়ে ১৯৫ ট্রিলিয়ন ওনে পৌঁছাতে পারে।
