২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিটকয়েনবান্ধব’ টেসলার বেশিরভাগ কয়েন হাপিস!

গত বছরই বিটকয়েনে বড় বিনিয়োগের কথা বড় গলায় বলে ক্রিপ্টো মুদ্রা বাজারে বড় ঢেউ তুলেছিলেন বিশ্বের সবচেয়ে বড় ধনী ইলন মাস্ক। এক বছর পর দেখা যাচ্ছে সে সময়ে কেনা বিটকয়েনের বেশিরভাগই বিক্রি করে দিয়েছে তার কোম্পানি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 02:50 PM

Updated : 25 Oct 2022, 10:59 AM

‎বৈদ্যুতিক গাড়ীর এই শীর্ষ নির্মাতা তার বিটকয়েনের তিন চতুর্থাংশই ছেড়ে দিয়েছে। ২০২১ সালের শেষের দিকে টেসলা মালিকানায় দুইশ’ কোটি ডলারের বিটকয়েন ছিল।

বিটকয়েনের মূল্য পতনের ফলেই টেসলা এই ক্রিপ্টো মুদ্রার সঙ্গে দূরত্ব তৈরি করছে বলে উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে। এ বছরই বিটকয়েনের মূল্য অর্ধেকেরও নিচে নেমে এসেছে।

বিটকয়েন বিক্রি থেকে পাওয়া ৯৩ কোটি ৬০ লাখ ডলার প্রচলিত মুদ্রায় রূপান্তরের কথা বলেছে টেসলা।

যেসব প্রভাবশালী ব্যক্তি নিজেদের ক্রিপ্টো মুদ্রার সমর্থক হিসেবে প্রচার করেছেন, ‘‎টেসলা বস’ ইলন মাস্ক তাদের মধ্যে অনতম শীর্ষ ব্যক্তি। সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে তার ঘোষণা বাজারে যথেষ্ট প্রভাব ফেলেছে।

টেসলা ২০২১ সালের ফেব্রুয়ারিতে ‎বিটকয়েনে টেসলার দেড়শ কোটি ডলার বিনিয়োগের কথা প্রকাশ করে। এর পরপরই বাজারে বিটকয়েনের ব্যাপক চাহিদা তৈরি হয় এবং প্রতিটি বিটকয়েনের মূল্য প্রায় ৭০ হাজার ডলারে পৌঁছায়।

এর পরপরই ধস নামে এই ক্রিপ্টোমুদ্রায়। ‎একটি বিটকয়েন এখন ২৫ হাজার ডলারেরও কম দামে লেনদেন হচ্ছে।

‎টেসলা গত বছরই গাড়ির মূল্য বাবদ বিটকয়েন গ্রহণ বন্ধ করে দেয়। সে সময় কোম্পানিটি বিটকয়েন মাইনিংয়ে বিদ্যুতের উচ্চ ব্যবহারকে কারণ হিসাবে দেখিয়েছে।

ইলন মাস্ক সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন,‎ তার‎ কোম্পানি মালিকানাধীন বিটকয়েন বিক্রি করবে না।

নিয়মিত ত্রৈমাসিক ঘোষণার অংশ হিসাবে টেসলার আয়ব্যায়ের হিসাব প্রকাশ করার ফলে বিটকয়েন বিক্রির বিষয়টি সামনে এসেছে। টেসলার লাভে বড় আঘাতকে বিটকয়েন বিক্রির অন্যতম কারণ হিসেবে দেখিয়েছে টেসলা।

এ সবের পরও, জুনে শেষ হওয়া প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি লাভের কথা জানিয়েছে টেসলা। চীনে লকডাউনসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় টেসলার সবচেয়ে জনপ্রিয় মডেলের গাড়ির মূল্যবৃদ্ধি এ লক্ষ্য অর্জনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে এই বৈদ্যুতিক গাড়ি নির্মাতা।

লাভের পাশপাশি বছরের রেকর্ড-ভাঙ্গা-দ্বিতীয়ার্ধের প্রতিশ্রুতিও দিয়েছে টেসলা।‎ লাকডাউন উঠে যাওয়ায় চীনের কারখানায় মাসিক উৎপাদনও রেকর্ডে পৌঁছানোর খবর দিয়েছে কোম্পানিটি।‎

জার্মানি ও যুক্তরাষ্ট্রের নতুন কারখানাগুলোতেও উৎপাদন বাড়ার দাবি করেছেন মাস্ক।‎

‎এর আগে তিনি টেক্সাসের বার্লিন এবং অস্টিনের সাইটগুলিকে “টাকা পোড়ানোর দানবীয় চুল্লি” বলে অভিহিত করেছিলেন।‎

‎এ বছর টেসলার শেয়ারের দাম কমেছে প্রায় ৪০ শতাংশ।‎