২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রোন এআই প্রশিক্ষণে মাইক্রোসফটের সিমুলেটর

ড্রোনের এআইকে প্রশিক্ষণ দিতে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। কার্যত ড্রোনের জন্য ফ্লাইট সিমুলেটরের ভূমিকা পালন করবে ‘প্রজেক্ট এয়ারসিম’।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2022, 03:02 PM

Updated : 02 Aug 2022, 11:56 AM

বিবিসি জানিয়েছে, মাইক্রোসফটের প্ল্যাটফর্মটি ব্যবহার করে নিজস্ব ড্রোনগুলোকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ড্রোন নিয়ন্ত্রণের জন্য আলাদা সফটওয়্যার নির্মাণে সহযোগিতা পাবে বিভিন্ন কোম্পানি।

‘প্রজেক্ট এয়ারসিম’-এর সুবাদে বিদ্যুতের লাইনের মতো বিপজ্জনক বস্তুর আশপাশে ড্রোন ওড়ানোর প্রযুক্তি পরীক্ষা করে দেখা যাবে।

মাইক্রোসফট বলছে, তাদের প্ল্যাটফর্মে কয়েক সেকেন্ডেই কয়েক লাখ ফ্লাইটের সিমুলেশন চালানো যাবে। বৃষ্টি ড্রোনের ওপর কোনো প্রভাব ফেলছে কি না বা ঝড়ো বাতাস ড্রোনের ব্যাটারির ওপর বিরূপ প্রভাব ফেলে কি না, এই বিষয়গুলো ভার্চুয়াল সিমুলেটরেই পরীক্ষা করে দেখতে পারবে ড্রোন নির্মাতা ও ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো।

‘প্রজেক্ট এয়ারসিম’-এ উদ্বোধনী বিবৃতিতে মাইক্রোসফটের গুরদীপ পাল বলেছেন, ‘শিল্পখাতের মেটাভার্সের সক্ষমতা দেখাচ্ছে’ নতুন প্রকল্পটি।

“এমন একটি ভার্চুয়াল জগৎ যেখানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো নতুন সেবা নির্মাণ, পরীক্ষা-নিরীক্ষা এবং পলিশ করার সুযোগ পাবে এবং তারপর বাস্তব জগতে আনতে পারবে।”

মাইক্রোসফট আশা করছে, এয়ার ট্যাক্সি ও ডেলিভারি ড্রোন থেকে শুরু করে সব ধরনের স্বয়ংক্রিয় আকাশযানের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-কে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে তাদের প্ল্যাটফর্মে।

৪০-এর মুন্সিয়ানা

ভার্চুয়াল ফ্লাইট প্রযুক্তি নিয়ে দীর্ঘ দিনের অভিজ্ঞতা রয়েছে মাইক্রোসফটের। সিয়াটলভিত্তিক সফটওয়্যার নির্মাতার ‘ফ্লাইট সিমুলেটর’ গেইমটির চার দশক পূর্ণ হবে এ নভেম্বরে।

সে তুলনায় ‘প্রজেক্ট এয়ারসিম’ এর ইতিহাস তুলনামূলক সাম্প্রতিক। একই নামের একটি উন্মুক্ত প্রকল্প থেকে শুরু প্ল্যাটফর্মটির। ওই প্রকল্পটি গবেষকরা দীর্ঘদিন ধরে ব্যবহার করলেও সেটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।

তবে, মূল উন্মুক্ত প্রকল্পের কোডে গবেষকদের প্রবেশাধিকার থাকবে বলে বিবিসিকে নিশ্চিত করেছে মাইক্রোসফট।

নাম একই হলেও নতুন প্ল্যাটফর্মে নিজস্ব অনেক নতুন ফিচার যোগ করার কথা জানিয়েছে মাইক্রোসফট। এটি ব্যবহারের জন্য অনেক বেশি কারিগরি জ্ঞ্যান থাকতে হবে- এমনটাও নয়।

প্ল্যাটফর্মটি বিনা খরচে ব্যবহারের সুযোগও রাখতে চায় মাইক্রোসফট। বাজারে অভিষেকের দিন যতো এগিয়ে আসবে, এ বিষয়ে ততো বেশি তথ্য প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানিটি।

বিবিসি জানিয়েছে, মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘অ্যাজিউর’-এ চলে ‘প্রজেক্ট এয়ারসিম’। প্ল্যাটফর্মটি আগেভাগেই যাচাই করে দেখার সুযোগ হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এয়ারোটোনোমি‘র। উইন্ড টার্বাইন এবং বিদ্যুৎ লাইনের মতো অবকাঠামো পরিদর্শনে ড্রোন ব্যবহার করে এয়ারোটোনোমি।

একটি উইন্ড টার্বাইন পরিদর্শন এবং সারাইয়ের কাজে অন্তত তিনজন কর্মী লাগে, এবং কাজটি বেশ বিপজ্জনক বলে বিবিসিকে জানিয়েছেন এয়ারোটোনোমির প্রধান নির্বাহী জশ রেইডি, ৮০ মিটার উচ্চতা থেকে দড়ি বেয়ে নামতে হয় মানব কর্মীদের।

কিন্তু ড্রোনের মাধ্যমে একই কাজ আরও কম সময়ে ও নিরাপদে করা সম্ভব। স্বয়ংক্রিয় ড্রোনগুলো ওড়ানোর সময় কেবল একজন উপস্থিত থাকলেই হবে।

“তাদের কেবল কীভাবে ব্যাটারি পাল্টাতে হয় এবং বাটন চাপতে হয় জানলেই হবে,” বলেন তিনি।