২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েব টেলিস্কোপে তোলা প্রথম রঙিন ছবি দেখার সুযোগ

‘জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি)’র তোলা মহাকাশের প্রথম রঙিন ছবি উন্মুক্ত করার দিন-তারিখ ঘোষণা করেছে নাসা। এ লক্ষ্যে বড় আয়োজনের পরিকল্পনা করেছে মহাকাশ গবেষণা সংস্থাটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2022, 05:28 PM

Updated : 25 Oct 2022, 10:45 AM

নিজের ওয়েবসাইটে নাসা জানিয়েছে, জেডব্লিউএসটির তোলা প্রথম রঙিন ছবি এবং স্পেকট্রোস্কোপিক ডেটা একই সঙ্গে টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে জনসাধারণের জন্য উন্মুক্ত করা দেওয়া হবে ১২ জুলাই, মঙ্গলবার।

গ্রিনবেল্ট, ম্যারিল্যান্ডে অবস্থিত নাসার ‘গোডার্ড স্পেস ফ্লাইট সেন্টার’ থেকে সম্প্রচার শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে। বাংলাদেশ সময় বিবেচনায় নিলে, ১২ জুলাই রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে নাসার সম্প্রচার।

বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্পেস স্যাটেলাইট জেডব্লিউএসটি। এর নির্মাণে নাসার সঙ্গে জোট বেঁধেছিল ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) এবং কানাডিয়ান স্পেস এজেন্সি (সিএসএ)।

হাবল টেলিস্কোপের উত্তরসূরী হিসেবে বিবেচনা করা হয় ‘জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি)’-কে। সহজে বলার স্বার্থে ‘জেডব্লিউএসটি’ এবং ‘ওয়েব’ নামেও ডাকা হয় একে। মহাকাশ বিজ্ঞানীরা এর নির্মাণ কাজ করেছেন কয়েক দশক ধরে।

নাসা জানিয়েছে, জেডব্লিউএসটির তোলা রঙিন ছবিগুলো টেলিভিশন সম্প্রচারের পাশাপাশি একই সঙ্গে সংস্থাটির ওয়েবসাইট, অ্যাপ এবং সামাজিক মাধ্যমগুলোতে মুক্তি দেওয়া হবে।

এক হাজার কোটি ডলার খরচ করে নির্মিত জেডব্লিউএসটি-কে বিবেচনা করা হচ্ছে একুশ শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রতিশ্রুতিশীল বৈজ্ঞানিক প্রকল্পগুলোর একটি হিসেবে।

পৃথিবী থেকে ১০ লাখ মাইল দূরে অবস্থান করছে জেডব্লিউএসটি । মহাকাশের সবচেয়ে পুরনো আর গোপন তথ্য উদঘাটনের লক্ষ্যে টেলিস্কোপটিতে আছে হালের সর্বাধুনিক যন্ত্রপাতি।

উল্লেখ্য, এর আগেও জেডব্লিউএসটির তোলা ছবি মুক্তি দিয়েছে নাসা। তবে, ওই ছবিগুলো তোলা হয়েছিল ১৮টি আলাদা অংশে বিভক্ত মূল আয়না সমন্বিত করার লক্ষ্যে। মূল আয়নায় সমন্বয়ের অভাবে একই ছবিতে একই নক্ষত্রের ১৮টি প্রতিবিম্ব উঠে এসেছিল ছবিতে।