উল্টে গেল কোয়ালকম মামলার রায়, সামনে রায় গুগলের
ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) বাজার নিয়ন্ত্রক সংস্থার একশ কোটি ডলার জরিমানার বিরুদ্ধে জিতেছে যুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা কোয়ালকম।
কোয়ালকমের ওপর ইউরোপিয়ান কমিশন ওই জরিমানা আরোপ করেছিল ২০১৮ সালে। আদালতের এই রায়ে, ‘বিগ টেক’ হিসেবে পরিচিতি কোম্পানিগুলোর লাগাম টানতে ইইউয়ের অ্যান্টিট্র্যাস্ট প্রধান মারগ্রেথ ভেস্টেগারের দীর্ঘ চেষ্টা পিছিয়ে গেল বলে মন্তব্য করেছে বার্তাসংস্থা রয়টার্স।
২০১৮ সালে জরিমানা আরোপ করার সময় ইউরোপিয়ান কমিশন বলেছিল, ২০১১ থেকে ২০১৬ সালের অ্যাপল যেন শুধু তাদের চিপ ব্যবহার করে, সেটি নিশ্চিত করতে আইফোন নির্মাতাকে কয়েকশ কোটি ডলার দিয়েছে কোয়ালকম। আর কোয়ালকমের এমন কর্মকাণ্ডে প্রতিবন্ধকতার মুখে পড়েছে ইনটেল কর্পোরেশনের মতো প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো।
সাম্প্রতিক বছরগুলোতে প্রতিযোগিতা বিমুখ কৌশল অবলম্বনের অভিযোগে গুগল থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকেরও ওপর চড়াও হয়েছে ইউরোপিয়ান কমিশন। বাজার নিয়ন্ত্রক সংস্থাটির তদন্তের মুখে পড়েছে অ্যাপল, অ্যামাজন এবং ফেইসবুক।
কিন্তু কোয়ালকমের বিরুদ্ধে ইউরোপিয়ান কমিশনের আনা অভিযোগগুলো বুধবারের রায়ে বাতিল করেছে ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ আদালত। অনেক ক্ষেত্রেই ইউরোপীয় কমিশন সঠিক দাপ্তরিক ও তদন্ত প্রক্রিয়া অনুসরণ করেনি বলে রায় দিয়েছে আদালত।
‘বেশ কিছু পদ্ধতিগত অনিয়ম কোয়ালকমের নিজেকে রক্ষা করার অধিকার খর্ব করেছে’ এবং এর ফলে কোয়ালকমের বিরুদ্ধে কমিশনের অভিযোগ ও তদন্ত গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে রায় দিয়েছে আদালত।
রয়টার্স জানিয়েছে, এখনও রায়ের বিরুদ্ধে ইউরোপের সর্বোচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে ইউরোপিয়ান কমিশনের।
ইউরোপিয়ান কমিশন বলছে, রায় সতর্কতার সঙ্গে বিচার-বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেবে তারা।
এ প্রসঙ্গে রয়টার্সের পাঠানো ইমেইলের তাৎক্ষণিক কোনো উত্তর দেয়নি কোয়ালকম।
রয়টার্স জানিয়েছে, ইউরোপিয়ান কমিশন প্রধান মার্গ্রেথ ভেস্টেগারের জন্য দ্বিতীয় বড় পরাজয় এটি। এর আগে জানুয়ারি মাসেই ইনটেলের বিরুদ্ধে মামলায় হেরেছেন তিনি।
ইনটেলের বিরুদ্ধে প্রতিযোগী এএমডির ওপর চাপ প্রয়োগের অভিযোগে একশ কোটি ইউরোর বেশি জরিমানা আরোপ করেছিল ইউরোপিয়ান কমিশন। আদালতের রায়ে সেই জরিমানা থেকে মুক্তি পেয়েছে ইনটেল।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মাধ্যমে গুগল বাজারে একাধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে– এই অভিযোগে গুগলকে চারশ কোটি ইউরোর বেশি জরিমানা করেছিল ইউরোপিয়ান কমিশন।
কমিশনের জরিমানার বিরোধীতা করে আদালতের সরণাপন্ন হয়েছিল গুগল। সেই মামলার রায় আসবে ১৪ সেপ্টেম্বর। রয়টার্স বলছে, ভেস্টেগারের জন্য একটি বড় পরীক্ষা হয়ে যাচ্ছে এই মামলার রায়।
