২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে জরুরী খাদ্য সরবরাহে সহযোগিতায় উবার

ইউক্রেইনের জন্য নিজস্ব ডেলিভারি প্ল্যাটফর্মের নতুন সংস্করণ চালু করেছে উবার। যুদ্ধবিদ্ধস্ত দেশটির নাগরিকদের জরুরী খাদ্য ও পানীয় জল সরবরাহে জাতিসংঘকে সহযোগিতা করছে কোম্পানিটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2022, 05:40 PM

Updated : 02 Aug 2022, 01:44 PM

ইউক্রেইনে সরাসরি জাতিসংঘের ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)’র সঙ্গে কাজ করছে উবার।

বিবিসি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অবকাঠামোর প্রতিবন্ধকতা এবং সামরিক হামলার আশঙ্কায় বড় ট্রাকে জরুরী ত্রাণ সরবরাহ করা সম্ভব হচ্ছে না দেশটির বিভিন্ন অঞ্চলে। এমন পরিস্থিতিতে ডব্লিউএফপিকে নিজস্ব প্ল্যাটফর্মের মাধ্যমে ছোট যানবাহনের একটি বহর পরিচালনার সুযোগ করে দিয়েছে উবার।

ত্রাণ সরবরাহের জন্য যান ও চালক ডব্লিউএফপি নির্বাচন করছে। তবে, চালকদের অনেকেই ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হওয়ার আগে উবার চালক ছিলেন বলে জানিয়েছে বিবিসি।

উবার ডব্লিউএফপিকে ‘নিজস্ব প্রাইভেট লেবেল উবার’ দিয়েছে বলে মন্তব্য করেছেন প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী দারা খাসরোশাহি। বাণিজ্যিক গ্রাহকদেরও সেবা দিয়ে থাকে ‘উবার ডিরেক্ট’ পণ্য বহন সেবা। এক্ষেত্রে প্রতিটি সরবরাহ থেকে কমিশন পায় উবার। তবে, ইউক্রেইনে ত্রাণ সরবরাহের জন্য উবার ডব্লিউএফপির কাছ থেকে কোনো কমিশন নিচ্ছে না।

উবারের সফটওয়্যার ব্যবহার করে গুদামের একশ কিলোমিটারের মধ্যে ত্রাণ সরবরাহ, বিতরণ এবং চালকদের মধ্যে সমন্বয় করতে পারছে ডব্লিউএফপি। ত্রাণ সরবরাহে উবারের প্ল্যাটফর্ম ব্যবহারের কার্যকারিতা আপাতত ইউক্রেইনের ‘নিপ্রো’ শহরে পরীক্ষা করে দেখছে সংস্থাটি।

পর্যায়ক্রমে লেভিভ, ভিনিতসিয়া, কিইভ এবং চেরনিভতসি শহরে উবারের প্ল্যাটফর্মের মাধ্যমে ত্রাণ সরবরাহের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

দেশটিতে জরুরী ত্রাণ সরবরাহে নিয়োজিত আছে রেডক্রস, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি এবং সেইভ দ্য চিলড্রেনের মতো একাধিক সাহায্য সংস্থা। তবে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সঙ্গে যোগাযোগের কয়েক সপ্তাহের মধ্যেই উবারের নিজস্ব প্ল্যাটফর্মটি মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।

ত্রাণ সরবরাহে উবারের প্ল্যাটফর্ম ব্যবহার প্রসঙ্গে ডব্লিউএফপি নির্বাহী পরিচালক ডেভিড বিসলি বলেন, “বিষয়টা এমন নয় যে আপনি মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য এক মাস অপেক্ষা করতে পারবেন– মানুষের তাৎক্ষণিকভাবেই খাবার প্রয়োজন।” 

“আপনি খাবার ছাড়া কয়েক সপ্তাহও টিকতে পারবেন না। এক্ষেত্রে উবারের প্রযুক্তি, তাদের বিতরণ ও সরবরাহ ব্যবস্থা একটি বড় সাফল্যের গল্প,” যোগ করেন তিনি।

রাইড শেয়ারিং থেকে পণ্য বহন সেবা

টানা কয়েক বছর প্রতিষ্ঠান হিসেবে অনিশ্চয়তা আর অস্থিরতার মধ্যে দিয়ে গিয়েছে উবার। মহামারীতে ঘর ছেড়ে বাইরে বের হননি মানুষ, বড় ধাক্কা লেগেছিল উবারের রাইড শেয়ারিং ব্যবসায়। বাধ্য হয়ে চালকদের বিষয়ে নিজস্ব নীতিমালা পাল্টাতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।

এমন পরিস্থিতিতে উবারকে সাফল্য এনে দিয়েছে পণ্য বহন ব্যবসা। খাসরোশাহির মতে, ২০১৭ সালে তিনি যখন প্রধান নির্বাহীর দায়িত্ব নেন, তখনও আঁতুর ঘরেই ছিল উবারের পণ্য বহন ব্যবসা। তার পর থেকে পাঁচ বছরের ব্যবধানে কোম্পানির সবচেয়ে সফল ব্যবসায়িক উদ্যোগে পরিণত হয়েছে ‘উবার ডিরেক্ট’।

২০২১ সালে উবারের পণ্য বহন ব্যবসার ৯৬% ছিল রেস্তোঁরার খাবার সরবরাহ কেন্দ্রীক। ১৩ বছরের ইতিহাসে গত বছরেই প্রথমবারের মতো লাভের মুখ দেখেছে উবার।

“আমি মনে করি পণ্য বহন ব্যবসা আরও বড় হওয়ার সুযোগ আছে কারণ এটা কেবল খাবার নিয়ে নয়। এতে দৈনন্দিন জীবনের আনুসাঙ্গিক সরবরাহের সুযোগও আছে,” বলেন খাসরোশাহি।

“অ্যামাজন যদি পরের দিন সরবরাহ দিতে পারে, আপনার স্থানীয় বিক্রেতা সরবরাহ দিতে পারবে পরবর্তী দু-এক ঘণ্টার মধ্যেই। মানুষ চায় যে যতো দ্রুত সম্ভব পণ্য যেন তাদের ঘরে পৌঁছায়, আর আমরা সেই চাহিদার সুযোগ নিচ্ছি।”