বিভ্রান্তদের আরও উগ্রপন্থী কনটেন্টে ঠেলে দেয় ফেইসবুক
জলবায়ু পরিবর্তন অস্বীকারকারীদের আরও উগ্রপন্থী ভুয়া তথ্য এবং ষড়যন্ত্র তত্ত্ববাদী গ্রুপের ঠেলে দিচ্ছে ফেইসবুক। একটি মানবাধিকার সংগঠনের সাম্প্রতিক গবেষণা থেকে উঠে এসেছে এ বিষয়টি।
ফেইসবুক অ্যালগরিদম নিয়ে সাম্প্রতিক গবেষণা প্রতিবেদন ‘গ্লোবাল উইটনেস’ প্রকাশ করেছে বুধবার। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটির গবেষণা বলছে, ব্যবহারকারীদের সামনে সঠিক তথ্য উপস্থাপন না করে বরং মানুষের মনের বিভ্রান্তিকেই আরও শক্ত-পোক্ত করার মতো কনটেন্টে দিকে ঠেলে দেয় ফেইসবুকের অ্যালগরিদম।
তবে ফেইসবুক বরাবরই দাবি করে এসেছে, তাদের সিস্টেমগুলো “ভুয়া তথ্যের প্রচারণা কমানোর লক্ষ্য নিয়েই নকশা করা হয়েছে।”
বিবিসি বলছে, গবেষণার স্বার্থে দুটি ভুয়া অ্যাকাউন্ট বানিয়েছিলেন গবেষকরা। এর মধ্যে ‘জেইন’ ছিল জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে সন্দেহ বাতিকগ্রস্থ অ্যাকাউন্ট। আর নির্ভরযোগ্য বৈজ্ঞানিক গবেষণায় বিশ্বাস করতো ‘জন’। এরপর, ফেইসবুকের অ্যালগরিদম উভয় অ্যাকাউন্টের কাছে কোন ধরনের কনটেন্ট উপস্থাপন করছে তার হিসাব রাখা শুরু করেন গবেষকরা।
‘জেইন’-কে জলবায়ুর উপর মানবসভ্যতার বিরূপপ্রভাব অস্বীকারকারী কনটেন্ট দেখাতে থাকে ফেইসবুকের অ্যালগরিদম। এর মধ্যে জলবায়ু পরিবর্তনকে ‘ধাপ্পাবাজি’ বলে আখ্যা দেয় এমন গ্রুপও ছিল। জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন চেষ্টাকে আক্রমণও করা হয় ওই ফেইসবুক গ্রুপগুলো থেকে।
এর মধ্যে “সবুজ বিপ্লব” মানব সভ্যতাকে দাসে পরিণত করছে বলে অভিযোগ করা হয়েছে, এমন পোস্টও আছে বলে জানিয়েছে বিবিসি। এমনকি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তৎপরতার কারণে জাতিসংঘকে কার্টুন চরিত্র “বাগস বানির চেয়েও কম বিশ্বাসযোগ্য কর্তৃত্ববাদী শাসক” হিসেবে আখ্যা দেওয়া হয়েছে ওই কনটেন্টে।
ছবি: ফেইসবুক
ভুয়া অ্যাকাউন্ট ‘জেইন’ থেকে ফেইসবুকে জলবায়ু পরিবর্তন নিয়ে ভুয়া তথ্য ছড়ায় এমন একটি ফেইসবুক পেইজে লাইক দিয়েছিলেন গবেষকরা। এরপর আরও দুবার একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করেন তারা। প্রতিবারই লাইক দেওয়া হয়েছে এমন পেইজে যার ফলোয়ার সংখ্যা ছিল অন্তত ১৪ হাজার এবং জলবায়ূ পরিবর্তন বা এর সঙ্গে মানব সভ্যতার সংশ্লিষ্টতা দিয়ে সন্দেহ প্রকাশ করে।
‘জেইন’ লাইক দিয়েছিল এমন পেইজগুলোর একটি ছিল ‘আই লাভ কার্বন ডাই-অক্সাইড’!
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন ভাইস-প্রেসিডেন্ট আল গোর জলবায়ূ গবেষকদের পাওয়া তথ্য উপাত্তের ভুল ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, “আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে গ্রীস্মকালের কয়েক মাসের জন্য উত্তরমেরু বরফ মুক্ত থাকার সম্ভাবনা ৭৫ শতাংশ।”
বিবিসি বলছে, এক্ষেত্রে জলবায়ু গবেষকদের তথ্য ভুলভাবে উপস্থাপন করা হলেও, “২০১৩ সালের মধ্যে সব বরফ গলে যাবে এমন ভবিষ্যদ্বাণী ছিল না এটি।” পরের বছরগুলোতে এমন দাবি বা বক্তব্য কোনোটাই দেননি আল গোর।
ছবি: ফেইসবুক
ওই পেইজগুলোর দুই-তৃতীয়াংশে ফেইসবুকের ‘ক্লাইমেট সায়েন্স সেন্টার’-এর কোনো লেবেলও ছিল না বলে জানিয়েছে বিবিসি। গেল বছরেই মার্কিন কংগ্রেসের এক শুনানিতে মার্ক জাকারবার্গ জলবায়ু পরিবর্তন নিয়ে ভুল তথ্যের প্রচারকে একটি “বড় ইস্যু” বলে আখ্যা দেওয়ার পর ওই ‘ক্লাইমেট সায়েন্স সেন্টার’ চালু করেছিল ফেইসবুক।
অন্যদিকে, ‘জন’-এর অ্যাকাউন্ট থেকে শুরুতেই লাইক দেওয়া হয়েছিল জাতিসংঘের বিজ্ঞানবিষয়ক সংস্থা ‘ইন্টারগভার্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)।
‘জেইন’-এর তুলনায় বিজ্ঞানভিত্তিক নির্ভরযোগ্য কনটেন্টের সাজেশন পেয়েছেন জন।
গবেষণা চলমান অবস্থায় ফেইসবুক অ্যালগরিদম ‘জেইন’-কে আরও উগ্রপন্থী কনটেন্টে দেখাতে থাকে বলে জানিয়েছে বিবিসি। ষড়যন্ত্র তত্ত্বও এসেছে ‘জেইন’-এর সাজেশনে। ব্যবহারকারী নির্দিষ্ট কোনো বিষয়ে আগ্রহ দেখালেই ফেইসবুকের অ্যালগরিদম তাকে শেষ অবধি একদম উগ্রপন্থী কনটেন্টে নিয়ে যাচ্ছে বলে উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে।
আইপিসিসি বলছে, সরকার এবং জনগনের জন্য জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার বেলায় যে বিষয়গুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভুয়া তথ্যের প্রচারণা।
মেটা কী বলছে?
ফেইসবুকের মূল প্রতিষ্ঠান মেটার দাবি, তারা আরও বেশি জলবায়ু বিষয়ক পোস্টে লেবেল জুড়ে দিয়ে কনটেন্ট ফ্ল্যাগ করছে। প্রতিষ্ঠানটির এক প্রতিনিধি এ প্রসঙ্গে বিবিসিকে বলেন, “আমাদের সিস্টেমগুলো ভুয়া তথ্য কমানোর জন্যই ডিজাইন করা হয়েছে, আরও বড় করে উপস্থাপনের জন্য নয়। এর মধ্যে জলবায়ু নিয়ে ভুয়া তথ্যও আছে।”
“সমস্যাযুক্ত কনটেন্টের বেলায় আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা, মানুষের হস্তক্ষেপ এবং আমাদের অংশীদারদের অংশগ্রহণের সমন্বয়কে ব্যবহার করি আমরা - এর মধ্যে তথ্য যাচাইকারীরাও আছেন।”
জলবায়ু পরিবর্তন নিয়ে মিথ্যাচার ও ভুল তথ্যের প্রচারণা মোকাবেলায় কাজ করছে এমন প্রতিষ্ঠানগুলোর জন্য ১০ লাখ ডলারের তহবিল গঠনের কথাও বলেছিল প্রতিষ্ঠানটি।
ছবি: ফেইসবুক
এ প্রসঙ্গে ‘গ্লোবাল উইটনেস’-এর গবেষক মাই রোজনার বলেন, “ফেইসবুক বারবার বলেছে যে তারা নিজস্ব প্ল্যাটফর্মে জলবায়ু পরিবর্তন নিয়ে ভুয়া তথ্য মোকাবেলা করতে চায় - কিন্তু আমাদের তদন্তে উঠে এসেছে যে ব্যবহারকারীদের বিজ্ঞান এবং বাস্তবতাবিমুখ পথে হাঁটানো খুবই সহজ এই প্ল্যাটফর্মে।”
“ফেইসবুক অনলাইনের কোনো নিরপেক্ষ জায়গা নয় যেখানে কেবল জলবায়ু নিয়ে ভুয়া তথ্যের উপস্থিতি আছে - বরং প্ল্যাটফর্মটি সরাসরি ভুল দৃষ্টিভঙ্গি মানুষের চোখের সামনে ধরে রাখে।”
