গুগল প্লে স্টোরের বিকল্প আনার ঘোষণা রাশিয়ার
মার্কিন নিষেধাজ্ঞার জেরে গুগল প্লে স্টোর এখন রাশিয়ানদের নাগালের বাইরে। এমন অবস্থায় নিজেদের একটি অ্যাপ স্টোরের ঘোষণা দিল দেশটি।
রাশিয়ার প্রযুক্তি নির্মাতাদের তৈরি গুগল প্লে স্টোরের নতুন এই বিকল্প উন্মোচিত হবে দেশটির বিজয় দিবসে।
৯ মে তারিখটি রাশিয়া উদযাপন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিজেদের বিজয় দিবস হিসেবে। ওই দিনই প্রকল্পটির উদ্বোধন হওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
রাশিয়ায় ইউটিউব ও গুগল প্লে তাদের সকল লেনদেন-ভিত্তিক সেবা এবং সাবস্ক্রিপশন বন্ধ করেছে এ মাসেই। ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে দেশটির ব্যাংকিং সেবাও চ্যালেঞ্জের মুখে পড়েছে।
“দুর্ভাগ্যবশত, রাশিয়ানরা এখন আর গুগল প্লে ব্যবহার করে অ্যাপ কিনতে পারছেন না এবং নির্মাতারাও আয়ের উৎস হারিয়েছেন।” --বিবৃতিতে বলেছেন রাশিয়ার সরকারি সংস্থা ‘ডিজিটাল প্লাটফর্মস’-এর প্রকল্প পরিচালক ভ্লাদিমির জাইকফ।
“তাই আমরা ‘ন্যাশস্টোর’ নামের একটি রাশিয়ান অ্যাপ শপ তৈরি করেছি।”
সংস্থাটি রাশিয়ার ডিজিটাল উন্নয়ন নিয়ে কাজ করে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
ন্যাশস্টোর-এর অর্থ ‘আমাদের স্টোর’।
“নতুন এই অ্যাপ স্টোরটি অ্যান্ড্রয়েড ডিভাইসে চলবে এবং রাশিয়ার মির ব্যাংকের কার্ড এতে ব্যবহার করা যাবে।” --বিবৃতিতে বলেছেন জাইকফ।
৯ মে রাশিয়া তাদের সামরিক শক্তির দেশপ্রেমিকসুলভ প্রদর্শনী করে মস্কোর রেড স্কয়ারে।
