২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধের এনএফটি ‘জাদুঘর’ চালু করেছে ইউক্রেইন

ক্রিপ্টো মুদ্রার মাধ্যমে যুদ্ধের তহবিল সংগ্রহ প্রচেষ্টা আরও জোরদার করছে ইউক্রেইন। রাশিয়ার আগ্রাসনের প্রতিদিনের ‘ডিজিটাল স্মৃতিচিহ্ন’ এনএফটি হিসেবে বিক্রি করছে ইউক্রেইন কর্তৃপক্ষ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 01:30 PM

Updated : 02 Aug 2022, 03:13 PM

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ‘মেটা হিস্ট্রি: মিউজিয়াম অফ ওয়ার’ কালেকশন আদতে একগুচ্ছ ডিজিটাল ছবি। এর মধ্যে আছে যুদ্ধবিমানের ছায়া, সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশন এবং বিস্ফোরণের ছবি।

রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রতিদিনের স্মৃতি বহন করছে এক একটি ছবি। ইউক্রেইন নতুন এনএফটির ঘোষণা দিয়েছে শুক্রবার। সে ঘোষণার আগেই ক্রিপ্টো মুদ্রার মাধ্যমে সাড়ে ছয় কোটি ডলারের তহবিল সংগ্রহ করেছে আক্রান্ত দেশটি।

রাশিয়ার সামরিক হামলা শুরু হওয়ার তিন দিন পর থেকেই বিটকয়েন ও ইথেরিয়ামের মতো ডিজিটাল মুদ্রার মাধ্যমে অর্থ সাহায্যের আহ্বান জানানো শুরু করে ইউক্রেইনের ডিজিটাল রূপান্তর মন্ত্রণালয়।

‘মেটা হিস্ট্রি: মিউজিয়াম অফ ওয়ার’-এর ওয়েবসাইটে কর্তৃপক্ষ বলেছে, এনএফটি সিরিজটির উদ্দেশ্য হলো  “ডিজিটাল সম্প্রদায়ের মধ্যে সঠিক তথ্যের প্রচার এবং ইউক্রেইনের সহযোগিতায় তহবিল সংগ্রহ।”

নন-ফাঞ্জিবল টোকেন বা এনএফটি বড় পরিসরে প্রযুক্তিভক্তদের নজর কেড়েছে গেল বছর। এই ডিজিটাল সম্পদের বেচা-কেনার মূল কাঠামো হিসেবে কাজ করে বিটকয়েন ও ইথেরিয়ামের মতো ক্রিপ্টো মুদ্রাগুলোর ব্লকচেইন প্রযুক্তি।

ছবি, ভিডিও বা টেক্সট মেসেজের মতো বিভিন্ন ডিজিটাল ফাইলের মালিকানার হিসাব লিপিবদ্ধ থাকে ব্লকচেইনে।

রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত ক্রিপ্টো মুদ্রা দিয়ে বুলেট প্রুফ ভেস্ট, হেলমেট, খাবার এবং ওষুধ কিনেছে ইউক্রেইন। গেল মাসেই টুইট করে এই তথ্য দিয়েছেন ইউক্রেইনের ডিজিটাল রূপান্তর উপ-মন্ত্রী অ্যালেক্স বোর্নিয়াকভ।

এনএফটি বেচা-কেনাতে সাধারণত ক্রিপ্টো মুদ্রাই ব্যবহৃত হয়। ইউক্রেইন প্রাথমিক অবস্থায় এনএফটিগুলো বেচছে ০.১৫ ইথার বা ৪৭৫ ডলার দামে। ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, সরাসরি কিইভের ক্রিপ্টো ওয়ালেটে জমা হবে তহবিল।

গেল বছর হঠাৎ করে এনএফটির বেচা-কেনা বেড়ে যাওয়ায় চমকে গিয়েছিলেন অনেকেই। বাস্তব অস্তিত্ব নেই এমন কোনো বস্তুর পেছনে মানুষ কেন বিপুল পরিমাণ অর্থ খরচ করছেন, সে প্রশ্নে সন্দিহান ছিলেন প্রযুক্তি বাজার সংশ্লিষ্টদের বড় অংশ।

তারপরও সাম্প্রতিক সময়ে বাজারে নিজের আলাদা অবস্থান তৈরি করে নিয়েছে এনএফটি প্রযুক্তি। বিভিন্ন খাতে তহবিল সংগ্রহের জন্য এনএফটির বিক্রির হার বেড়েছে। নির্দিষ্ট কোনো বিষয়ে সমর্থন জানানোর লক্ষ্যে এনএফটি কিনতে ক্রিপ্টো মুদ্রা মালিকদের জোট বাঁধার ঘটনাও বিরল নয়।