২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন যুদ্ধ নিয়ে বিভ্রান্তি ছড়ানো বিজ্ঞাপন ঠেকাবে গুগল

ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসন নিয়ে মিথ্যাচার, অস্বীকার বা রাশিয়ার পক্ষে সাফাই গায় এমন কোনো বিজ্ঞাপন প্রচার করতে দেবে না গুগল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2022, 06:44 PM

Updated : 02 Aug 2022, 03:11 PM

গুগল অনলাইনের ওয়েবসাইট, অ্যাপ এবং ইউটিউব চ্যানেল বিষয়ে এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে বুধবার।

ইন্টারনেটে কনটেন্ট নির্মাতা ও প্রকাশকদের আয়ের পথ সহজ করে দেয় গুগলের বিজ্ঞাপনী সফটওয়্যার। তবে, সহিংসতা উস্কে দেয় অথবা দুঃখজনক কোনো সত্যি ঘটনাকে অস্বীকার করে– কনটেন্টের পাশে এমন বিজ্ঞাপন দেওয়ার ওপর নিজস্ব  নিষেধাজ্ঞা আছে এই অনলাইন জায়ান্টের।

রয়টার্স বলছে, ইউক্রেইন যুদ্ধের বেলায় মোটা দাগে ওই নীতিমালাই প্রয়োগ করছে গুগল।

এ প্রসঙ্গে গুগলের মুখপাত্র মাইকেল আসিম্যান বলেন, “আমরা নিশ্চিত করে বলছি, নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য বাড়তি পদক্ষেপ এবং কিছু ক্ষেত্রে আমাদের মনেটাইজেশন নির্দেশিকার পরিধি বাড়াচ্ছি। কারণ, সেগুলো ইউক্রেইনে যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট।”

এ প্রসঙ্গে প্রকাশকদের কাছে গুগলের পাঠানো ইমেইল দেখার সুযোগ হয়েছে রয়টার্সের। ইমেইলে গুগল বলেছে, “নিজের ট্র্যাজেডির জন্য ভুক্তভোগীকেই দায়ী করে বা দোষারোপ করে; যেমন: ইউক্রেইন গণহত্যা চালাচ্ছে অথবা স্বেচ্ছায় নিজ দেশের নাগরিকদের উপর আক্রমণ চালাচ্ছে” এমন কনটেন্টের পাশে বিজ্ঞাপন দিতে দেবে না গুগল।

অন্যদিকে, রাশিয়ার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা দাবি করছেন ইউক্রেইন যুদ্ধকে ভুলভাবে উপস্থাপন করছে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো। ইউক্রেইনে সামরিক আগ্রাসনকে শুরু থেকেই ‘বিশেষ অভিযান’ বলে আখ্যা দিয়ে আসছে রাশিয়া সরকার।

বুধবার রাশিয়ার স্বাধীন সংবাদসংস্থা ‘ইন্টারফ্যাক্স’ জানিয়েছে, গুগলের ‘গুগল নিউজ’ সেবা ব্লক করে দিয়েছে রাশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। নিয়ন্ত্রক সংস্থাটির অভিযোগ, ইউক্রেইনে সামরিক অভিযান নিয়ে ভুয়া তথ্যে প্রবেশাধিকার দিচ্ছে গুগল।

ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে কনটেন্ট এবং লেনদেন সংশ্লিষ্ট নানা বিধি-নিষেধ আরোপ করেছে প্রথমসারির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো; ইউরোপিয়ান ইউনিয়নে ব্লক করে দেওয়া হয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ব সংবাদমাধ্যম আরটি এবং স্পুটনিক।

চলতি মাসের শুরুতেই রাশিয়ায় সকল অনলাইন বিজ্ঞাপন বন্ধ করার ঘোষণা দিয়েছিল গুগল।