২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় ক্রিপ্টো মুদ্রায়ও নিষেধাজ্ঞা চায় মার্কিন ট্রেজারি

রাশিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের স্রোত যেন চলেছেই। সেই স্রোতে এবার যোগ হলো নতুন ‘ক্রিপ্টো’ নীতিমালা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2022, 04:24 PM

Updated : 28 Apr 2022, 11:50 PM

‘ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের ফরেন অ্যাসেট কন্ট্রোল অফিস’ বা ‘ওএফএসি’ নতুন এক নির্দেশিকা দিয়েছে শুক্রবারেই। যেখানে মার্কিন নাগরিক ও ‘ডিজিটাল এসেট’ প্রতিষ্ঠানগুলোকে রাশিয়ার বিরুদ্ধে লেনদেনে নিষেধাজ্ঞা মেনে চলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে, যেটি ‘ক্রিপ্টোকারেন্সি’ লেনদেনের ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে।

“যেসব মার্কিন নাগরিক ও ‘ক্রিপ্টোকারেন্সি’তে চালিত ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘ওএফএসি’র নীতিমালা ‘পাশ কাটানোর’ চেষ্টা করবে তাদের ‘সতর্ক’ থাকতে হবে। ঝুঁকিপূর্ণ যে কোনো পদক্ষেপ নেওয়ার আগেই ‘নিষিদ্ধ লেনদেন’-এর সঙ্গে জড়িত থাকার বিষয়টিও নিশ্চিত করতে হবে।” --নির্দেশিকাতে বলেছে ওএফএসি।

ইউক্রেইনে আগ্রাসনের পর রাশিয়ার উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে ‘ডিজিটাল সম্পদ’ ব্যবহার হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন কিছু আইন প্রণেতা। ‘ক্রিপ্টো শিল্পে’র অনেকেই আইন প্রণেতাদের এ উদ্বেগে প্রতিক্রিয়া জানানোর ফলে এই সতর্কবার্তা এসেছে– প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

‘ক্রিপ্টোকারেন্সি’ ব্যবহার করে রাশিয়া নিষেধাজ্ঞা পুরোপুরি এড়াতে না পারলেও, প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

“ক্রিপ্টো বিনিময় করা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই যে কোনো সন্দেহজনক কার্যকলাপ রিপোর্ট করতে হবে।” -- গত সোমবার এক বিবৃতিতে বলেছে মার্কিন প্রতিষ্ঠান ‘ফিন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক’ বা ‘ফিনসেন’।

“অবৈধ সব ধরনের লেনদেনের সঙ্গে ‘জড়িত থাকা’ বা ‘বিনিময় করা’ নিষিদ্ধ।” --শুক্রবার দেওয়া বিস্তারিত এক বিবৃতিতে স্পষ্টভাবে বলেছে ‘ফিনসেন’।

যদিও রাশিয়ান ব্যবহারকারীদের নিষিদ্ধ করার বিষয়ে ‘কয়েনবেইজ’ ও ‘বাইন্যান্স’সহ শীর্ষস্থানীয় ‘ক্রিপ্টো’ প্রতিষ্ঠানগুলো ইউক্রেইনের উচ্চপদস্থ কর্মীদের দেওয়া প্রস্তাবে এখনো সাড়া দেয়নি বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

রাশিয়ায় নিষেধাজ্ঞার বিষয়ে ‘ক্রিপ্টো’ বিনিময় প্রতিষ্ঠানগুলো তাদের অবস্থান পরিবর্তন না করলে তারা জনগনের রোষানলে পড়বে বলে রয়টার্সকে জানিয়েছেন ইউক্রেইনের ডিজিটাল রূপান্তর উপমন্ত্রী অ্যালেক্স বোর্নিয়াকভ।