ত্রাণ সহযোগিতা দিতে গেইম নির্মাতাদের ‘বান্ডল ফর ইউক্রেইন’
যুদ্ধ কবলিত ইউক্রেইনকে ত্রাণ সহযোগিতা দিতে জোট বেঁধেছেন সাতশ ইন্ডি গেইম নির্মাতা। তাদের সংঘবদ্ধ চেষ্টায় ১০ লাখ ডলারের তহবিল উঠেছে এক দিনেই।
ইউক্রেইনকে আর্থিক সহযোগিতা দিতে নির্মাতারা একজোট হয়েছেন ইন্ডি গেইম প্ল্যাটফর্ম ‘ইচ ডটআইও (itch.io)’-তে। নির্মাতারা মিলে নয়শ গেইমের একটি ‘গেইম বান্ডল’ বানিয়েছেন ইউক্রেইনের জন্য। ‘বান্ডল ফর ইউক্রেইন’ থেকে আসা আয়ের পুরোটাই যাচ্ছে ইউক্রেইনে ত্রাণ সরবরাহকারী দাতব্য প্রতিষ্ঠানগুলোর কাছে।
ইন্ডি গেইম নির্মাতাদের এই উদ্যোগের প্রথম ১৬ ঘণ্টাতেই ১০ লাখ ডলারের তহবিল উঠে আসে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভার্জ।
“গেইম নির্মাতা হিসেবে আমরা নতুন নতুন পৃথিবী তৈরি করতে চাই, কিন্তু আমাদেরটা ধ্বংস করে নয়,” বান্ডলের বর্ণনায় এভাবেই নিজেদের মূল উদ্দেশ্যের কথা বলেছেন নির্মাতারা।
“ইউক্রেনিয়ানদের এ দুঃসময়ে টিকে থাকতে এবং যুদ্ধ শেষে ভালোভাবে বাঁচতে সাহায্য করতে আমরা চ্যারিটি বান্ডলটি নিয়ে জোট বেঁধেছি।”
সর্বনিম্ন ১০ ডলারের অনুদান দিয়েই গেইমাররা ‘স্কেটবার্ড’, ‘সুপারহট’সহ বিপুল সংখ্যক ইন্ডি গেইম খেলার সুযোগ পাবেন বলে জানিয়েছে ভার্জ। বান্ডলটি শুধু গেইমেই সীমাবদ্ধ নেই; এতে আরও আছে বই, কমিক, গান, টেবলটপ আরপিজিসহ আরো অনেক কিছুই।
‘বান্ডল ফর ইউক্রেইন’ বর্তমানে দুটি দাতব্য সংস্থাকে সহায়তা দিচ্ছে। এর মধ্যে প্রথমটি ‘ইন্টারন্যাশনাল মেডিকেল কর্পোরেশন’। আর দ্বিতীয়টি হচ্ছে ইউক্রেইনভিত্তিক ‘ভয়েসেস অব চিলড্রেন’; যুদ্ধের সহিংসতায় মানসিকভাবে বিপর্যস্ত শিশুদের নিয়ে কাজ করে এই সংস্থাটি।
ভিডিও গেইম প্রকাশক ‘র ফিউরি’ নিজস্ব গেইম লাইব্রেরির একটা বড় অংশ ‘বান্ডল ফর ইউক্রেইন’র জন্য উন্মুক্ত করে দিতেই ‘ইচ ডটআই’তে সাইন আপ করেছে বলে ভার্জকে জানিয়েছেন ‘নেক্রোসফট গেইমস’-এর প্রতিষ্ঠাতা ব্র্যান্ডন শেফিল্ড।
