২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার ২৫ হাজার ক্রিপ্টো ঠিকানা ব্লক করেছে কয়েনবেইজ

রাশিয়ার নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট ২৫ হাজার ক্রিপ্টো ঠিকানা ব্লক করেছে ক্রিপ্টো মুদ্রা কেনাবেচার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কয়েনবেইজ। অ্যাকাউন্টগুলো ‘বেআইনি কর্মকাণ্ডে” জড়িত থাকার বিষয়টিকে কারণ হিসেবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2022, 07:54 PM

Updated : 02 Aug 2022, 03:04 PM

রাশিয়ার সাধারণ ব্যবহারকারীদের ক্রিপ্টো মুদ্রা লেনদেনের সুযোগ বন্ধ করতে গড়িমসি করে সমালোচনার মুখে পড়েছিল কয়েনবেইজ এবং বাইন্যান্সের মতো প্রতিষ্ঠানগুলো। রাশিয়ার নাগরিকদের ক্রিপ্টো মুদ্রার মাধ্যমে অর্থনৈতিক অবরোধ করতে সহযোগিতার অভিযোগ এড়াতেই কয়েনবেইজ এ পদক্ষেপ নিয়েছে বলে উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে।

মঙ্গলবার প্রকাশিত এক ব্লগ পোস্টে আন্তর্জাতিক অঙ্গনের অবরোধ ও নিষেধাজ্ঞা মানতে তার প্রতিষ্ঠান কী কী পদক্ষেপ নিচ্ছে তার বিস্তারিত জানিয়েছে কয়েনবেইজের প্রধান আইন কর্মকর্তা পল গ্রিওয়াল। রাশিয়ায় লেনদেনের সঙ্গে পরোক্ষভাবে জড়িত অ্যাকাউন্ট চিহ্নিত করতে “সূক্ষ্ণ ব্লকচেইন বিশ্লেষণ” কৌশল ব্যবহার করার কথা জানিয়েছেন তিনি।

কয়েনবেইজ বলছে, ব্লক করা ২৫ হাজার অ্যাকাউন্ট “রাশিয়ার ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিল বলে মনে করি আমরা।”

তবে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, কয়েকনবেইজ যে ২৫ হাজার অ্যাকাউন্টের কথা বলছে, তার কতোগুলো সাম্প্রতিক অবরোধ-নিষেধাজ্ঞার জেরে ব্লক করা হয়েছে সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।

“জাতীয় নিরাপত্তা এবং বেআইনি আগ্রাসন প্রতিরোধে অবরোধ-নিষেধাজ্ঞাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং কয়েনবেইজ সরকারি কর্তৃপক্ষের এই চেষ্টাগুলোকে পূর্ণ সমর্থন করে”-- ব্লগ পোস্টে বলেছেন গ্রিওয়াল।

মূল ধারার ব্যাংকিং প্রতিষ্ঠানের মধ্যস্থতা ছাড়াই, পরিচয় গোপন রেখে ক্রিপ্টো মুদ্রা ওয়ালেট বানানো সম্ভব হলেও এই লেনদেন গুলো “অনুসরণযোগ্য, স্থায়ী এবং জনসাধারণের জন্য উন্মুক্ত” বলে যোগ করেছেন তিনি।

ফলে, এই প্রযুক্তিতে বেআইনি অ্যাকাউন্টগুলো চিহ্নিত করা সহজ এবং কয়েনবেইজের মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে লেনদেনের বেলাতেও ধরা পড়ে যায়।

ক্রিপ্টো মুদ্রা এক্সচেঞ্জগুলো রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাগুলো মানছে কী না, সে প্রশ্ন তুলে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সচিব জ্যানেট ইয়েলেনের কাছে চিঠি লিখেছেন সে দেশের চারজন সিনেটর।

তবে, রাশিয়ার “বেসামরিক নাগরিকদের” নিষেধাজ্ঞার আওতায় এনে বিপাকে ফেলতে চান না বলে মন্তব্য করেছিলেন ক্রিপ্টো মুদ্রা এক্সচেঞ্জ বাইন্যান্স প্রধান চ্যাংপেং ঝাও। “সাধারণ রাশিয়ানরা ক্রিপ্টো মুদ্রাকে লাইফলাইন হিসেবে ব্যবহার” করছে বলে টুইট করেছিলেন কয়েনবেইজ প্রধান ব্রায়ান আর্মস্ট্রং।

কিন্তু ক্রিপ্টো মুদ্রা প্রযুক্তি ব্যবহার করে যে ব্যাপক পরিমাণ বেআইনি লেনদেন হয়, প্রতিষ্ঠানগুলো সে বিষয়টি চেপে যাওয়ার অথবা কমিয়ে বলার চেষ্টা করেছে বলে উঠে এসেছে ভার্জের প্রতিবেদনে।

অন্যদিকে, ক্রমশ মূল ধারার আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে রাশিয়া। সম্প্রতি দেশটিতে নিজস্ব কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভিসা ও মাস্টারকার্ড, ও পেপাল।