‘ইন্টারনেটের মেরুদণ্ড’ মুখ ফেরাল রাশিয়া থেকে
ইউক্রেইনে আগ্রাসনের জেরে রাশিয়ার সঙ্গে চুক্তি বাতিল করেছে আন্তর্জাতিক ‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার’ বা আইএসপি প্রতিষ্ঠান ‘কোজেন্ট কমিউনিকেশন্স’।
সাধারণ ব্যবহারকারীদের কাছে অপেক্ষাকৃত স্বল্পপরিচিত এই প্রতিষ্ঠানটি আন্তঃমহাদেশীয় ডেটা সংযোগ সেবা দেয়। ইন্টারনেটের ‘মেরুদণ্ড’ হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠান। ৫০টি দেশে সেবা দেয় কোজেন্ট।
কোজেন্টের সেবা গ্রাহকদের তালিকায় ছিল রাশিয়ার বেশ কয়েকটি শীর্ষ আইএসপি। রাশিয়ার সঙ্গে কোজেন্টের সম্পর্ক চ্ছিন্ন করার খবর জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
তবে, কোজেন্টের এই পদক্ষেপে রাশিয়ার ইন্টারনেট সংযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
রাশিয়ার সেবাগ্রাহকদের কাছে কোজেন্টের পাঠানো চিঠি দেখার সুযোগ হয়েছে ওয়াশিংটন পোস্টের। চিঠিতে রাশিয়ায় নিজস্ব সেবা পুরোপুরি বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে “অর্থনৈতিক অবরোধ” এবং “নিরাপত্তা পরিস্থিতির অনিশ্চিয়তা” বাড়তে থাকার কথা লিখেছে প্রতিষ্ঠানটি।
ভার্জের কাছেও রাশিয়ার সেবাগ্রাহকদের সঙ্গে চুক্তি বাতিল করার খবর নিশ্চিত করেছে কোজেন্ট। ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপের ফলে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নেটওয়ার্ক ট্র্যাকিং কোম্পানি ‘কেটনিক’-এর ইন্টারনেট বিশ্লেষক ডাগ মাডোরি’র বরাত দিয়ে ভার্জ জানিয়েছে, কোজেন্টের সেবাগ্রাহকদের তালিকায় আছে রাশিয়ার সরকারি টেলিকম প্রতিষ্ঠান রসটেলিকম, সার্চ ইঞ্জিন ইয়ানডেক্স এবং দেশটির শীর্ষ দুই মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান মেগাফোন ও ভিয়ন।
মাডোরির মতে, কোজেন্ট সম্পর্ক চ্ছিন্ন করায় ইন্টারনেটের গতি কমে এলেও পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে না রাশিয়া। বিকল্প হিসেবে অন্যান্য আন্তর্জাতিক আইএসপি প্রতিষ্ঠানের উপর নির্ভর করবে কোজেন্টের সাবেক সেবাগ্রাহকরা।
অন্যান্য আইএসপি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও রাশিয়ায় দেওয়া সেবা বন্ধ করবে কি না, সে বিষয়ে এখনো কোনো ইঙ্গিত মেলেনি বলে জানিয়েছে ভার্জ। তবে, আন্তর্জাতিক অঙ্গনের আইএসপি প্রতিষ্ঠানগুলো কোজেন্টের দেখানো পথে হাঁটলে, রাশিয়া গোটা বিশ্ব থেকে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক চ্ছিন্ন করার ঘোষণায় ডিজিটাল অধীকারকর্মীদের সমালোচনার মুখে পড়েছে কোজেন্ট। তারা বলছেন, এই পদক্ষেপের কারণে দখলদারি আগ্রাসন প্রসঙ্গে নির্ভরযোগ্য তথ্য পাওয়া থেকে বঞ্চিত হবেন রাশিয়ার জনগন।
“ইন্টারনেট সংযোগ থেকে রাশিয়ানদের বিচ্ছিন্ন করার মানে হল তাদের স্বাধীন সংবাদমাধ্যমগুলো থেকে বিচ্ছিন্ন করা এবং যুদ্ধবিরোধী প্রতিবাদ সংগঠনের সক্ষমতা খর্ব করা,” বলে মন্তব্য করেছেন ডিজিটাল অধিকারকর্মীদের সংগঠন ‘ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন’-এর সাইবার নিরাপত্তা বিভাগের পরিচালক ইভা গালপেরিন।
তবে, এই পদক্ষেপের মূল্য উদ্দেশ্য কারো ক্ষতি করা নয় বলে ওয়াশিংটন পোস্টের কাছে দাবি করেছেন কোজেন্টের প্রধান নির্বাহী ডেভ শেফার। রাশিয়ার বেসামরিক নাগরিকদের ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন করার কোনো ইচ্ছাও কোজেন্টের নেই বলে ওয়াশিংটন পোস্টের কাছে তিনি দাবি করেছেন, রাশিয়ান কর্তৃপক্ষ যেন সাইবার হামলা ও প্রোপাগান্ডা প্রচারে প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক ব্যবহার করতে না পারে, সেটি নিশ্চিত করতেই এ পদক্ষেপ নিয়েছে তার প্রতিষ্ঠান।
সাধারণ নাগরিকদের আন্তর্জাতিক খবর ও সামাজিক মাধ্যমে অ্যাক্সেস পাওয়ার পথ ইতোমধ্যেই কঠিন করে তুলেছে রাশিয়া সরকার। শুক্রবারেই “ভুয়া খবর” নিষিদ্ধ করার জন্য নতুন আইন পাশ করেছে রাশিয়া, ব্লক করে দেওয়া হয়েছে ফেইসবুক।
টুইটারের ওপরও বিধিনিষেধ আরোপ করেছে রাশিয়া, ইউক্রেইনে আগ্রাসন নিয়ে “ভুয়া বার্তা” দেওয়ায় উইকিপিডিয়া-কেও নিষিদ্ধ করার হুমকি দিয়েছে রাশিয়া কর্তৃপক্ষ।
