২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে স্টারলিংক বিপদ বাড়াবে কিনা, শঙ্কায় মাস্ক

ইউক্রেইনে স্যাটেলাইট নির্ভর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার স্টারলিংক টার্মিনাল রাশিয়ার সামরিক হামলার ‘লক্ষ্যবস্তু’ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্পেসএক্স প্রধান ইলন মাস্ক।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2022, 01:55 PM

Updated : 02 Aug 2022, 03:03 PM

শুক্রবার এক টুইটে তিনি বলেছেন, “স্টারলিংক হল একমাত্র যোগাযোগ ব্যবস্থা যা রুশ নয় এবং এখনো ইউক্রেইনের কিছু অংশে কার্যকর আছে, তাই হামলার লক্ষ্য হওয়ার আশঙ্কাও বেশি। দয়া করে সতর্কতার সঙ্গে ব্যবহার করুন।”

হোম স্যাটেলাইট টেলিভিশন ডিশের মতো দেখতে স্টারলিংক টার্মিনালগুলো রাশিয়ার বিমান হামলায় ‘বিকন’ হিসেবে কাজ করতে পারে বলে সতর্ক করেছিলেন নিরাপত্তা গবেষকরা। এবার একই হুঁশিয়ারি এল মাস্কের তরফ থেকে।

 

ব্যবহারকারীদের সতর্ক করে মাস্ক বলেন, “কেবল প্রয়োজন হলেই স্টারলিংক চালু করুন এবং মানুষ থেকে যত দূরে সম্ভব অ্যান্টেনা বসান।”

রুশ বাহিনীর নজরে পড়া এড়াতে অ্যান্টেনাগুলো ঢেকে রাখার পরামর্শও দিয়েছেন তিনি।

মাস্কের কাছে ইউক্রেইনে স্টারলিংক সংযোগ চেয়ে টুইট করেছিলেন দেশটির এক সরকারি কর্মকর্তা। সহযোগিতার আহ্বানে সাড়া দেন মাস্ক; ইউক্রেইনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করা আছে এবং আরো টার্মিনাল পাঠানো হচ্ছে বলে ফেব্রুয়ারির শেষে তিনি জানিয়েছিলেন। 

এ সপ্তাহের শুরুতেই মাস্কের পাঠানো স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট টার্মিনাল পাওয়ার খবর নিশ্চিত করে ইউক্রেইন। তবে ডিভাইসগুলো যে রাশিয়ার বিমান হামলার নিশানায় পরিণত হতে পারে, সে বিষয়ে তখনই সতর্ক করেন বিশেষজ্ঞরা।

ইউনিভার্সিটি অফ টরোন্টোর ‘সিটিজেন ল্যাব’ প্রকল্পের জ্যেষ্ঠ গবেষক জন স্কট রেইলটন টুইট করেছেন, “পুতিন যদি ইউক্রেইনের আকাশ নিয়ন্ত্রণ করেন, ব্যবহারকারীর আপলিংক ট্রান্সমিশন বিমান হামলার জন্য বিকনে পরিণত হবে।”

“স্যাটেলাইট যোগাযোগকে লক্ষ্য করে হামলা চালানোর বিষয়ে কয়েক দশকের অভিজ্ঞতা আছে রাশিয়ার,” পরের টুইটে যোগ করেন তিনি।

এদিকে, স্টারলিংক টার্মিনাল হাতে পেলেও এর ব্যবহারে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিয়ে বিপাকে পড়েছে ইউক্রেইন। রাশিয়ার সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা। এমন পরিস্থিতিতে স্টারলিংক সংযোগ চালু রাখতে ইউক্রেইনে জেনারেটর প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির উপ প্রধানমন্ত্রী মিখাইলো ফেদোরভ।

উত্তরে মাস্ক বলেছেন, বিদ্যুৎ খরচ কমাতে স্টারলিংকের সফটওয়্যার আপডেট করছে স্পেসএক্স। এছাড়াও চলমান যানবাহনে টার্মিনালগুলোর কার্যক্ষমতা নিশ্চিত করতে ‘রোমিং’ সুবিধা চালু করে দেওয়া হয়েছে বলে টুইট করেছেন তিনি।

তবে রয়টার্স বলছে, স্টারলিংকের টার্মিনাল বা অ্যান্টেনা চলমান যানবাহনে ব্যবহারের উপযোগী করে নকশা করা হয়নি। তাই টুইটে ‘মোবাইল রোমিং’ চালু করা হয়েছে বলে মাস্ক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।

বৃহস্পতিবার দ্বিতীয় দফা আলোচনা শেষে বেসামরিক জনগণকে যুদ্ধক্ষেত্র থেকে সরে যাওয়ার সুযোগ দিতে একটি করিডোর খোলার বিষয়ে একমত হয়েছে রাশিয়া ও ইউক্রেইন।

ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রথম ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে এ ঘটনাকে।