‘কুকের আয়ের অর্ধেকই তার কর্মদক্ষতার ভিত্তিতে নয়’
অ্যাপল সিইও টিম কুকের আয় নিয়ে প্রশ্ন তুলেছে অ্যপল শেয়ার মালিকদের প্রক্সি উপদেষ্টা প্রতিষ্ঠান। বিনিয়োগকারীদের প্রতি প্রতিষ্ঠানটি আহ্বান জানিয়েছে প্রধান নির্বাহী টিম কুকের পারিশ্রমিকের বিরুদ্ধে ভোট দিতে।
টিম কুকের বেতন, ইক্যুইটি পুরস্কারের পরিমাণ এবং এর কাঠামো সম্পর্কে উদ্বেগ প্রকাশ করছে ইনস্টিটিউশনাল শেয়ারহোল্ডার সার্ভিসেস (আইএসএস)। মার্চের প্রথম সপ্তাহেই অ্যাপলের বার্ষিক শেয়ারহোল্ডার সভা আয়োজনের কথা রয়েছে।
“২০২১ সালে সিইও কুককে দেওয়া ইক্যুইটি পুরষ্কারের কাঠামো এবং পরিমাণ উদ্বেগজনক। পুরষ্কারের অর্ধেকই তার কর্মদক্ষতার ভিত্তিতে নয়।” – বুধবার একটি চিঠিতে আইএসএস বলেছে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
২০২১ সালে ৩০ লাখ ডলার বেতন নিয়েছেন কুক। এ ছাড়াও, তিনি পুরস্কার হিসেবে আট কোটি ২৩ লাখ ডলারের অ্যাপল শেয়ার, অ্যাপলের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারার জন্য এক কোটি ২০ লাখ ডলার, আকাশ ভ্রমণের জন্য ১৪ লাখ, এবং পরিকল্পনা, বীমা প্রিমিয়াম এবং অন্যান্য খাতে পেয়েছেন চার লাখ ১০ হাজার ডলার।
সব মিলিয়ে ২০২১ সালে তিনি আয় করেছেন ৯ কোটি ৮৭ লাখ ডলার, যা এক বছর আগে ছিল ১ কোটি ৪৮ লাখ ডলার।
দীর্ঘমেয়াদী ইক্যুইটি পরিকল্পনার অংশ হিসাবে ২০১১ সালে সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম পাওয়া স্টক অনুদানে তিনি অ্যাপলের তিন লাখ ৩৩ হাজার ৯৮৭টি স্টক ইউনিট পেয়েছিলেন। ২০২৩ সালে ফের তিনি অতিরিক্ত ইউনিট পাওয়ার যোগ্য হবেন।
আইএসএস কুকের ২০২১ সালের ইক্যুইটি পুরস্কারের মূল্য নির্ধারণ করেছে সাড়ে সাত কোটি মার্কিন ডলার। জানুয়ারিতে প্রকাশিত একটি নথি অনুসারে তার বেতন অ্যাপলের কর্মচারীদের গড় বেতনের প্রায় দেড় হাজার গুণ। ।
আইএসএস বলছে, “এই সাড়ে সাত কোটি মার্কিন ডলার পুরষ্কারের অর্ধেকই তার কর্মদক্ষতা সম্পর্কিত নয় বরং সময়-ভিত্তিক। এটি তার অবসর গ্রহণ পর্যন্ত যোগ হতে থাকবে।”
অ্যাপল এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
