২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভিনগ্রহবাসীর কুঁড়ে’ নয়, পাথরের ছবি তুলেছিল চীনের ইউটু-২

চন্দ্রপৃষ্টে হঠাৎই এক “রহস্যময় চতুষ্কোণ” নজরে এসেছিল চীনের ইউটু-২ রোভারের। সমাধান হয়েছে সেই রহস্যের। কোনো ভিনগ্রহবাসীর কুঁড়েঘর নয়, ইউটু-২’র তোলা ঘোলাটে ছবির চতুষ্কোণ বস্তুটি আদতে একটি পাথর।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2022, 06:10 PM

Updated : 02 Aug 2022, 02:32 PM

রোভারের ক্যামেরায় তোলা ঘোলাটে ছবি বিশ্লেষণ করে অনেকেই বস্তুটিকে আখ্যা দিচ্ছিলেন “রহস্যময় কুঁড়েঘর” বলে। অতিআগ্রহীদের কেউ কেউ বস্তুটির সঙ্গে খুঁজে নিয়েছিলেন ভিনগ্রহবাসীদের যোগসাজগ।

ইউটু-২ রোভারের তোলা প্রথম ছবিতে পাথরটি দেখতে চতুষ্কোণ কোনো বস্তু মনে হলেও আদতে সেটি মৃত আগ্নেয়গিরির মুখে পড়ে থাকা পাথরের টুকরা বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। পাথরটির আকৃতির কারণে এখন একে ডাকা হচ্ছে ‘জেড র‌্যাবিট (খরগোশ)’ নামে।

 

‘চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্টেশন (সিএনএসএ)’-এর চ্যাং’ই-৪ মিশনের অংশ হিসেবে ২০১৯ সালে চাঁদে পৌঁছায় ইউটু-২। সৌরশক্তিতে চলে রোভারটি। নির্দিষ্ট সময় পরপর ‘ঘুমিয়ে পড়ে’ ইউটু-২। সূর্য থেকে আসা আলোর ছোঁয়া পেলেই আবার জেগে উঠে কাজে নামে সে।

সৌরশক্তির উপর নির্ভরতার কারণেই “কুঁড়েঘর” রহস্য সমাধানে রোভারটির এতো সময় লেগেছে বলে জানিয়েছে সিনেট।

আগ্নেগিরির মুখে পড়ে থাকা পাথরটির ছবি তোলার পরেই ঘুমিয়ে পড়েছিল রোভারটি। সেই সুযোগে জল্পনা-কল্পনার ফানুস উড়িয়ে বেড়িয়েছেন অতিআগ্রহীরা। পুরো ডিসেম্বর জুড়েই বিশ্বব্যাপী বিভিন্ন মাধ্যমে আলোচিত হয়েছে সিএনএসএ’র ‘নয়া আবিষ্কার’।