জেডব্লিউএসটি: খুলেছে মূল আয়না, হাঁপ ছেড়ে বাঁচলেন বিজ্ঞানীরা
অবশেষে পুরোপুরি খুলেছে ‘জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি)’-এর মূল আয়না, হাঁপ ছেড়ে বাঁচলেন মহাকাশ বিজ্ঞানীরা। গোটানো অবস্থায় উৎক্ষেপণের পর ইতিহাসের সবচেয়ে বড় স্পেস টেলিস্কোপটি সঠিকভাবে মেলে ধরার প্রক্রিয়া নিয়েই ছিল সবচেয়ে বড় শঙ্কা।
জেডব্লিউএসটি’র সোনার প্রলেপ দেওয়া মূল আয়নাটি ১৮টি ষড়ভুজে বিভক্ত। এর মধ্যে আয়নার কেন্দ্রিয় অংশের দুই পাশের দুই প্যানেলে আছে তিনটি করে ছয়টি ষড়ভুজ। মহাকাশে পাঠানোর জন্য রকেটে বসানোর উপায় ছিল না প্রস্থে ২১ ফুট টেলিস্কোপটির। তাই বিজ্ঞানীরা এর নকশা করেছিলেন এমনভাবে যেন বিভিন্ন যন্ত্রাংশ গোটানো অবস্থায় টেলিস্কোপটি এঁটে যায় রকেটের খোলসে।
সম্পূর্ণ খুলে যাওয়ার পর জেডব্লিউএসটি’র পাঁচ স্তরের ‘সান শিল্ড’। ছবি: নাসা
দুই প্যানেল পূর্বনির্ধারিত জায়গায় সঠিকভাবে বসে যাওয়ায় অবশেষে এক হয়েছে জেডব্লিউএসটি’র ১৮ ষড়ভুজের মূল আয়না। দূরের মহাবিশ্বের ‘ইনফ্রারেড’ আলোর কণা প্রতিফলিত হবে আয়নাটিতে। ওই আয়নার প্রতিফলন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই মহাকাশের নানা অজানা তথ্য সংগ্রহের চেষ্টা করবে জেডব্লিউএসটি।
গুটিয়ে ফেলার পর জেডব্লিউএসটি। ছবি: নাসা
পুরো টেলিস্কোপ গোটানো অবস্থা থেকে কোনো জটিলতা ছাড়াই নিজেকে পুরোপুরি মেলে ধরলেও বিজ্ঞানীদের কাজ এখনও শেষ হয়নি বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। মূল আয়নার ১৮টি অংশ সঠিক কোণে আছে কি না, সেটি নিশ্চিত করার জন্য আরো খুঁটিনাটি পরিবর্তন করতে হবে বিজ্ঞানীদের। এ ছাড়াও বিভিন্ন যন্ত্রাংশ নিয়মিত সমন্বয় করতে হবে তাদের।
মহাকাশে এখনও নিজের গন্তব্যস্থলে পৌঁছায়নি জেডব্লিউএসটি। ভার্জ বলছে, গন্তব্যস্থলে পৌঁছাতে অন্তত আরো দুই সপ্তাহ সময় লাগবে টেলিস্কোপটির। আর টেলিস্কোপটি থেকে পাওয়া ছবির জন্য সম্ভবত অপেক্ষা করতে হবে গ্রীষ্মকাল পর্যন্ত।
