২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইনে শিশু নিপীড়ন: ইউরোপীয় ইউনিয়নের বিবেচনায় নতুন আইন

আগামী কয়েক মাসের মধ্যে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করেছেন ‘ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)’-এর এক আইনপ্রণেতা। এটি হলে অনলাইনে শিশু নিপীড়ন বন্ধে তৎপরতা বাড়াতে বাধ্য হবে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2022, 04:57 PM

Updated : 28 Apr 2022, 11:25 PM

সম্প্রতি জার্মানির স্থানীয় এক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে ইইউ ‘হোম অ্যাফেয়ার্স কমিশনার’ ইলভা ইওহানসেন জানান, ২০২০ সালে শিশু নিপীড়ন সংশ্লিষ্ট দুই কোটি ২০ লাখ অভিযোগের কথা জানিয়েছিল সামাজিক মাধ্যমগুলো। এর আগের বছর এমন অভিযোগের সংখ্যা ছিল এক কোটি ৭০ লাখ।

কিন্তু, অভিযোগের ওই সংখ্যা কেবল বাস্তব ঘটনাগুলোর একটি ভগ্নাংশ বলে উল্লেখ করেছেন ইওহানসেন।

“আগামী কয়েক মাসে আমি নতুন একটি আইনের প্রস্তাব করবো যাতে প্রতিষ্ঠানগুলো শিশু নিপীড়ন চিহ্নিত করতে, অভিযোগ জানাতে এবং নিপীড়নের কনটেন্ট মুছে দিতে বাধ্য হবে।”-- সাক্ষাৎকারে বলেন তিনি।

প্রতিষ্ঠানগুলোর জন্য “স্বেচ্ছা প্রতিবেদন আর যথেষ্ট হবে না” বলে জানিয়েছেন ইওহানসেন।

ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান নীতিমালায় সামাজিক মাধ্যম, ইমেইল সেবা এবং মেসেঞ্জার সেবাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর শিশু নিপীড়নের কনটেন্ট নিয়ে পরবর্তী পদক্ষেপের কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। শিশু নিপীড়নের অভিযোগ উঠলে, সেই অভিযোগ নিয়ে পরবর্তী পদক্ষেপ নিজের ইচ্ছেমতো নিতে পারে ফেইসবুক ও গুগলের মতো প্রতিষ্ঠানগুলো।

শিশু নিপীড়ন মোকাবেলায় লড়াই আরো ভালোভাবে সমন্বিত হওয়া প্রয়োজন এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনী এবং ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার ব্যবস্থা আরো উন্নত করার জন্য একটি বিশেষায়িত ইউরোপিয়ান ব্যবস্থা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইওহানসেন।